আফগানিস্তানে হেলিকপ্টার বিধ্বস্ত, ন্যাটোর ছয় সেনা নিহত
আফগানিস্তানে গতকাল বৃহস্পতিবার একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ন্যাটো বাহিনীর ছয় সেনা নিহত হয়েছেন। গত আগস্টে একই ধরনের ঘটনায় নিহত হয় ৩০ জন সেনা। ন্যাটোর এক বিবৃতিতে জানানো হয়, আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে বিমানটি বিধ্বস্ত হয়। তবে দুর্ঘটনার কারণ এবং নিহতেরা কোন দেশের নাগরিক, তা এখনো জানা যায়নি। ন্যাটো পরিচালিত আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা বাহিনী (ইসাফের) একজন মুখপাত্র বিবিসিকে জানান, হেলিকপ্টার বিধ্বস্তের কারণ তদন্ত করে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে পাওয়া তথ্যে দেখা যায়, ওই সময় ওই এলাকায় শত্রুপক্ষের কোনো হামলার ঘটনা ঘটেনি। একই দিনে কান্দাহারে একটি বিমানবন্দরে আত্মঘাতী বোমা হামলায় অন্তত সাতজন বেসামরিক লোক নিহত হয়। এর মধ্যে দুটি শিশুও রয়েছে। ২০১১ সালের আগস্টে আফগানিস্তানের পূর্বাঞ্চলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৩০ জন সেনাসদস্য নিহত হন। এর মধ্যে মার্কিন নৌবাহিনীর ২২ জন সদস্য ছিলেন।