আফগানিস্তানে ১০ জন বিদেশি যোদ্ধা নিহত
ন্যাটো পরিচালিত আফগানিস্তানের জন্য আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা বাহিনীতে (আইএসএএফ) কর্মরত ১০ জন যোদ্ধা গতকাল সোমবার পৃথক কয়েকটি হামলায় নিহত হন। একই দিনে কান্দাহারে একটি পুলিশ প্রশিক্ষণ শিবিরের ওপর তালেবানদের এক আত্মঘাতী হামলায় একটি মার্কিন নিরাপত্তা কোম্পানির দুজন বিদেশি বেসামরিক কর্মীও নিহত হয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, মার্কিন নিরাপত্তা কোম্পানিটিকে আফগান পুলিশের প্রশিক্ষণ দেওয়ার জন্য চুক্তিভিত্তিক নিয়োগ করা হয়েছে। আইএসএএফের কর্মীদের মধ্যে পাঁচজন পূর্ব আফগানিস্তানে একটি ঘরে বানানো বোমা বিস্ফোরণে মারা যান। একই ধরনের বোমা বিস্ফোরণে মারা যান অন্য দুজন আইএসএএফ কর্মী এবং তৃতীয়জন নিহত হন দক্ষিণ আফগানিস্তানে এক বোমা হামলায়।ন্যাটো জানায়, বাকি দুজন আইএসএএফ কর্মীকে দেশটির দক্ষিণ ও পূর্বাঞ্চলে পৃথক দুটি ঘটনায় গুলি করে হত্যা করা হয়। আফগানিস্তানে তালেবানদের ক্ষমতাচ্যুত করার পর থেকে এ পর্যন্ত এক হাজার ৮০০-রও বেশি বিদেশি সেনাসদস্য নিহত হয়েছেন।