আফগানিস্তানে ১৭ জনের শিরশ্ছেদ
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের মুসা কালা শহরে ১৭ জন নারী-পুরুষের শিরশ্ছেদ করা হয়েছে। সরকারি কর্মকর্তাদের দাবি, নাচ ও গানের অনুষ্ঠানে যোগ দেওয়ায় তালেবান জঙ্গিরা তাঁদের শিরশ্ছেদ করেছে। খবর বিবিসির।আজ সোমবার সকালে মুসা কালা শহরের একটি রাস্তার পাশ থেকে দুজন নারী ও ১৫ জন পুরুষের লাশ উদ্ধার করা হয়। লাশগুলোতে গুলি ও বিভিন্ন আঘাতের চিহ্ন ছিল। স্থানীয় সরকারি কর্মকর্তারা জানান, এই নারী ও পুরুষেরা মুসা কালা শহরে গান ও নাচের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। এ সময় তালেবান জঙ্গিরা তাঁদের ওপর হামলা চালায়।তালেবান জঙ্গিরা আফগানিস্তানে নারী-পুরুষের অবাধ মেলামেশার ঘোর বিরোধী। সম্ভবত এ কারণেই ওই ১৭ জনের শিরশ্ছেদ করা হয় বলে সরকারি কর্মকর্তারা দাবি করেন। হেলমান্দের প্রাদেশিক গভর্নরের মুখপাত্র দাউদ আহমাদি জানান, তিনি নিশ্চিত যে তালেবান জঙ্গিরাই এই হামলা চালিয়েছে।