আফগানিস্তানের কাছে হস্তান্তর বাগরাম কারাগার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী আফগানিস্তানের কাছে বাগরাম কারাগারের দায়িত্ব হস্তান্তর করেছে। কারাগারের ভেতরে দায়িত্ব হস্তান্তরের বিষয়টি সম্পন্ন হয়। কারাগার হস্তান্তরের পর এর নতুন নাম দেওয়া হয়েছে ‘আফগান ন্যাশনাল ডিটেনশন ফ্যাসিলিটি অ্যাট পারওয়ান’। আজ সোমবার বিবিসি জানায়, এক অঘোষিত সফরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি আফগানিস্তানে পৌঁছার পর বাগরাম কারাগার হস্তান্তর করা হলো। কারাগারের দায়িত্ব হস্তান্তরের পর যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনীর কমান্ডার জেনারেল ডানফোর্ড বলেছেন, আফগান নিরাপত্তা বাহিনীর কাছে দেশটির নিরাপত্তার দায়িত্ব বুঝিয়ে দেওয়ার ক্ষেত্রে বাগরাম কারাগার হস্তান্তরের বিষয়টি একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এই হস্তান্তর একটি স্থিতিশীল ও সার্বভৌম আফগানিস্তানকে নির্দেশ করে। এই সফরে জন কেরি আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে দেখা করবেন। এ সময় কেরি আফগান বাহিনীর কাছে নিরাপত্তার দায়িত্ব হস্তান্তর ছাড়াও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে কারজাইয়ের সঙ্গে আলোচনা করবেন বলে জানা গেছে।বিবিসি জানায়, এত দিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর অধীনে ছিল বাগরাম কারাগার। কারাগারে থাকা বিপজ্জনক বন্দীদের বিষয়ে যুক্তরাষ্ট্র ও আফগানিস্তানের মধ্যে সিদ্ধান্ত নিতে দেরি হওয়ায় হস্তান্তরের বিষয়টি শেষ হতে সময় লেগে যায়।

আফগানিস্তানের ‘গুয়ানতানামো’

বন্দী নির্যাতনের জন্য বাগরাম কারাগারকে আফগানিস্তানের ‘গুয়ানতানামো’ বলা হয়ে থাকে। এ কারাগারের বিরুদ্ধে বন্দীদের ওপর নির্যাতনের অনেক অভিযোগ রয়েছে। গত বছরের জানুয়ারিতে আফগানিস্তানের তদন্ত দলের সদস্যরা যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর বিরুদ্ধে বন্দী নির্যাতনের অভিযোগ তোলেন। তাঁরা বলেন, এখানে বন্দীদের নির্যাতন, অবমাননাকর শারীরিক তল্লাশি ও কোনো ধরনের সাক্ষ্য-প্রমাণ ছাড়া বিচারের সম্মুখীন করা হয়। বিবিসি আরও জানায়, গত বছরের মার্চে যুক্তরাষ্ট্র বাগরামের তিন হাজারের বেশি বন্দী হস্তান্তরের বিষয়ে সম্মত হয় এবং সত্যিকার অর্থে সেপ্টেম্বরে বন্দী হস্তান্তরের আনুষ্ঠানিকতা শুরু হয়। তবে সব বন্দী হস্তান্তরের বিষয়ে যুক্তরাষ্ট্রের আপত্তি থাকায় বিষয়টি আটকে যায়। যুক্তরাষ্ট্র ধারণা করছে, কারাগার হস্তান্তর করা হলে এখানকার কিছু বন্দী মুক্তি পেতে পারে, যারা নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত। পরে এ বিষয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতা হওয়ায় কারাগারের দায়িত্ব আফগান বাহিনীর কাছে বুঝিয়ে দেওয়া হয়।

বাগরাম বৃত্তান্ত

১৯৭৯-৮৮: তত্কালীন সোভিয়েত বাহিনীর গুরুত্বপূর্ণ ঘাঁটি ও রসদ সরবরাহের পথ।২০০১: তালেবান পতনের পর যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর গুরুত্বপূর্ণ বিমানঘাঁটি এবং একই সঙ্গে বন্দী আটক রাখার জন্য আফগানিস্তানে মার্কিন বাহিনীর মূল স্থান।জুলাই ২০০৫: প্রথমবারের মতো বাগরাম থেকে চার সন্দেহভাজন বন্দী পালিয়ে যায়।জুলাই ২০০৭: যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ডিক চেনির বাগরাম পরিদর্শনের সময় কারাগারের বাইরে আত্মঘাতী বোমা হামলায় ২০ জনের বেশি মানুষ মারা যায়।২০১০: বাগরামের বাইরে নির্মিত পারওয়ান ডিটেনশন সেন্টারে হাজারের বেশি বন্দীকে স্থানান্তর।এপ্রিল ২০১০: বাগরামে বন্দী নির্যাতনের খবর ফাঁস।ফেব্রুয়ারি ২০১২: বাগরামে যুক্তরাষ্ট্রের সেনাদের পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় রক্তক্ষয়ী প্রতিবাদ—অন্তত ৩০ জনের মৃত্যু।মার্চ ২০১২: বাগরাম হস্তান্তরের বিষয়ে আফগান বাহিনীর সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি সই।সেপ্টেম্বর ২০১২: হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন। তবে ‘বিপজ্জনক বন্দীরা’ যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর পাহারায় থাকবে।মার্চ ২০১৩: বিপজ্জনক বন্দীদের বিষয়ে সুরাহা না হওয়ায় যুক্তরাষ্ট্র বাগরামের বন্দী হস্তান্তর বাতিল করে।