আফগানিস্তানের জন্য বিশ্বকে আরও কিছু করতে হবে: রাশিয়া
রাশিয়ার উপপ্রধানমন্ত্রী সারজেই ইভানভ আজ রোববার বলেছেন, আফগানিস্তানকে আরও বেশি আর্থিক ও সামাজিক সহযোগিতা করা উচিত আন্তর্জাতিক সম্প্রদায়ের, যাতে তারা নিজেরাই নিজেদের কর্মকাণ্ড পরিচালনা করতে পারে।সিঙ্গাপুরে অনুষ্ঠিত আঞ্চলিক নিরাপত্তা কনফারেন্সে এসব কথা বলেন ইভানভ। তিনি বলেন, বিদেশি সাহায্যকারীদের উচিত আফগানিস্তানকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে সহযোগিতা করা। এ ছাড়া তালেবানদের হুমকির বিরুদ্ধে শান্তি প্রতিষ্ঠা করতে সেনাবাহিনী পাঠাতে বলেছেন তিনি।ইভানভ সিঙ্গাপুরে সাংরি লা ডায়ালগে বলেন, ‘একটি বিষয় পরিষ্কার যে আফগিনাস্তানের সামাজিক ও অর্থনৈতিক জীবন আগের মতো পরিচালনা করতে অনেক কিছু করা যেতে পারে। আমরা কিছু না করলে দেশটির ওপর যেকোনো সামরিক চাপ বৃথা হবে।’গত ৩০ বছরের দ্বন্দ্বে বিধ্বস্ত আফগানিস্তানের অর্থনীতির অবস্থান জাতিসংঘের ১৮২টি দেশের মধ্যে ১৮১তম। দেশটি সরকারি বাজেটের ৭০ শতাংশ বিদেশি সাহাজ্যের ওপর নির্ভরশীল।বৃটিশ প্রতিরক্ষামন্ত্রী লিয়াম ফক্স গতকাল শনিবার রয়টার্সকে বলেন, আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর সদস্যদের জন্য আরও প্রশিক্ষক প্রয়োজন। এ ছাড়া উদ্দেশ্য সফল হলে যুক্তরাজ্যের সেনাসদস্যদের সেখান থেকে সরিয়ে নেওয়া হবে।আফগানিস্তানে ন্যাটো পরিচালিত ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিসটেন্স ফোর্সের (ইসাফ) অধীনে ৪২টি দেশের এক লাখ ৪০ হাজার বিদেশি সেনাসদস্য নিয়োজিত রয়েছে। চলতি বছরের শেষ দিকে যুক্তরাষ্ট্র তার সেনাসংখ্যা ৮০ হাজার থেকে এক লাখে উন্নীত করতে চায়।ইভানভ বলেন, ‘আমি আশা করি, আগামী বছর ইসাফ আফগানিস্তানে সোভিয়েত সেনাসদস্যদের অতীতের রেকর্ড ভঙ্গ করবে।’ রাশিয়া আফগানিস্তানে সেনাসদস্য পাঠাবে না বলে ইভানভ তাঁর মত পুনর্ব্যক্ত করেন।