কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আফজল খান আওয়ামী লীগের সমর্থন পেয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে দলের ধানমন্ডির কার্যালয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।তবে আফজল খান দলীয় সমর্থন পেলেও ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য নূর-উর রহমান মাহমুদ ও কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান মেয়র পদে নির্বাচন করবেন বলে জানিয়েছেন।গতকালের বৈঠকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা ছাড়াও কুমিল্লার আওয়ামী লীগদলীয় সব সাংসদ, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ, স্থানীয় সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং মেয়র পদে মনোনয়নপ্রত্যাশীরা উপস্থিত ছিলেন।আফজল খানকে সমর্থন দেওয়ার বিষয়টি আওয়ামী লীগের কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক সাংসদ আবদুল মতিন খসরু ও হুইপ মুজিবুল হক প্রথম আলোকে জানিয়েছেন। মনোনয়নপ্রত্যাশী আ ক ম বাহাউদ্দিন, কৃষক লীগের নেতা ওমর ফারুক ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম নির্বাচন করবেন না বলে জানান।কুমিল্লায় প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক জানান, ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সদস্য ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সহসভাপতি (ভিপি) নূর-উর রহমান মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘কুমিল্লার মা-বোনেরা ও তরুণ সমাজ আমাকে জনগণের প্রার্থী হিসেবে নির্বাচন করতে বলেছেন। আমি তাঁদের কথা রাখব। এটি স্থানীয় সরকার নির্বাচন। এখানে দলের মনোনয়ন কিংবা সমর্থনের কোনো ব্যাপার নেই। নির্বাচন আমি করবই। দলের কোনো পদে আমি নেই। তাই বহিষ্কার নিয়েও চিন্তা করছি না।’জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান বলেন, ‘দল কাকে সমর্থন দিল, এটা আমার ব্যাপার নয়। কুমিল্লার মানুষকে আমি যে স্বপ্ন দেখিয়েছি, সেটা বাস্তবায়ন করতে চাই। জনগণ তরুণ নেতৃত্বকে পছন্দ করবে। আমার এ নির্বাচন কারও পক্ষে বা বিপক্ষে নয়।’ঢাকার বৈঠক সূত্র জানায়, কুমিল্লার নেতারা একে অপরের বিরুদ্ধে বিষোদ্গার করলেও শেষ পর্যন্ত আফজল খানের সমর্থন তাঁরা মেনে নেন। বৈঠকে আ ক ম বাহাউদ্দিন বলেন, ‘আমাকে দলের পক্ষ থেকে নির্বাচন না করার জন্য বলা হয়েছে। আমি দলের সিদ্ধান্ত মেনে নিয়েছি। দল যাঁকে সমর্থন দেবে, আমি তাঁর পক্ষে কাজ করব। তবে পত্রপত্রিকায় আমরা দেখতে পাই, হুইপ মুজিবুল হক ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমানকে সমর্থন দিচ্ছেন। আনিসুর রহমান হুইপ মুজিবের ব্যক্তিগত কার্যালয় ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। আর লোটাস কামাল (আ হ ম মুস্তফা কামাল) নূর-উর রহমান মাহমুদকে সমর্থন দিয়েছেন।’জবাবে সাংসদ ও জেলা আওয়ামী লীগের আহ্বায়ক আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘নূর-উর রহমান মাহমুদের সঙ্গে আমার দু-তিনবার দেখা হয়েছে। তাঁর মুঠোফোনের নম্বরও আমার কাছে নেই। আমি তাঁকে প্রার্থী করিনি।’হুইপ মো. মুজিবুল হক বলেন, ‘আমার ব্যক্তিগত কার্যালয়ে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সব সময়ই বসেন। আনিসুর রহমানকে আমি মাঠে নামাইনি। আমাকে জিজ্ঞেস করে সে প্রার্থী হয়নি।’ আবদুল মতিন খসরু বলেন, ‘পত্রপত্রিকায় লেখা হচ্ছে, আমি আফজল খানকে সমর্থন দিয়েছি। আমি বলছি, এটি সত্যি নয়। নেত্রীর সংবাদটুকু আমি তাঁকে দিয়েছি। নেত্রী বলেছেন আফজল খানকে কাজ করার জন্য।’বৈঠকে আফজল খান অতীতের সব ত্রুটি-বিচ্যুতি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে তাঁকে সহযোগিতা করার জন্য নেতাদের অনুরোধ করেন।মন্ত্রী ওবায়দুল কাদের বৈঠকে বলেন, ‘চট্টগ্রামে আমরা দলীয় নেতা-কর্মীদের নিয়ে ঠিকমতো বসতে পারিনি। নারায়ণগঞ্জে দলীয় সমর্থিত প্রার্থীর ফল উল্টো হয়েছে। কুমিল্লায় আমরা একক প্রার্থী দিয়েছি। তাঁকে জয়ী করতে হবে। সবাইকে একযোগে কাজ করতে হবে।’ওবায়দুল কাদেরের বক্তব্যের সময় আওয়ামী লীগের মেয়র পদের সম্ভাব্য দুই প্রার্থী নূর-উর রহমান মাহমুদ ও আনিসুর রহমান সভাস্থল ত্যাগ করেন।বৈঠকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের মধ্যে মাহবুব উল আলম হানিফ, আহমদ হোসেন এবং কুমিল্লার নেতাদের মধ্যে আলী আশরাফ, সুবিদ আলী ভূঁইয়া, নাছিমুল আলম চৌধুরী, তাজুল ইসলাম, এ বি এম গোলাম মোস্তফা, জোবেদা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।