আফজল-মনিরুলের বিরুদ্ধে রয়েছে দুর্নীতির মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী আফজল খানের বিরুদ্ধে দুর্নীতির তিনটি মামলা রয়েছে। অপর মেয়র পদপ্রার্থী কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনিরুল হকের বিরুদ্ধে রয়েছে দুটি মামলা। এর একটি দুর্নীতির। আফজল খানের তিনটি মামলাই বিচারাধীন। মনিরুল হকের দুটি মামলার কার্যক্রম হাইকোর্টের নির্দেশে স্থগিত রয়েছে। রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেনের কাছে জমা দেওয়া হলফনামায় সংশ্লিষ্ট প্রার্থীরা ওই তথ্য উপস্থাপন করেন।অন্যদিকে অপর সাত মেয়র পদপ্রার্থীর মধ্যে দুজনের নামে মামলা আছে। এর মধ্যে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য নূর-উর রহমানের বিরুদ্ধে জননিরাপত্তা বিশেষ বিধান আইনে একটি মামলা হাইকোর্টের নির্দেশে স্থগিত রয়েছে। কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির সদস্য চঞ্চল কুমার ঘোষের বিরুদ্ধে কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক আদালতে একটি মামলা রয়েছে। অন্য পাঁচ মেয়র পদপ্রার্থীর মধ্যে দুজনের বিরুদ্ধে আগে মামলা ছিল। তিনজনের বিরুদ্ধে কোনো মামলা নেই। এ প্রসঙ্গে সুশাসনের জন্য নাগরিক—সুজন কেন্দ্রীয় কমিটির সম্পাদক বদিউল আলম মজুমদার প্রথম আলোকে বলেন, ‘দুর্নীতির অভিযোগ যাঁদের বিরুদ্ধে রয়েছে, তাঁরা সৎ, যোগ্য প্রার্থী হতে পারেন না।’হলফনামা সূত্রে জানা গেছে, আফজলের বিরুদ্ধে দুর্নীতির তিনটি মামলা কুমিল্লার বিশেষ জজ আদালতে বিচারাধীন। দণ্ডবিধির ৪০৯ তৎসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা মোতাবেক ওই মামলা তিনটি করা হয়। তা ছাড়া আফজলের বিরুদ্ধে ১৯৯৯ সালে দণ্ডবিধির ৩৬৪/৩০২/২০১ ও ২০৯ ধারায় কুমিল্লার অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতে একটি মামলা ছিল। ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ওই মামলা থেকে তিনি অব্যাহতি পান। ২০০৭ সালের ৭ মার্চ কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক আদালতে দণ্ডবিধি আইনের ৪০৬/৪২০/৪০৯ তৎসহ দুর্নীতি দমন আইনের ৫(২) ধারায় কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় একটি মামলা হয়। রাজনৈতিক বিবেচনায় ২০১০ সালের ২১ জানুয়ারি তিনি ওই মামলা থেকে অব্যাহতি পান।জানতে চাইলে আফজল খান বলেন, ‘আমার বিরুদ্ধে অসত্য অভিযোগে বিভিন্ন সময়ে মামলা হয়েছিল। এসব মামলার কোনো প্রমাণ মেলেনি। বর্তমানে তিনটি দুর্নীতির মামলা বিচারাধীন। কেউ বলতে পারবে না, আমি নিজে কোনো খারাপ কাজ করেছি। প্রয়োজনে সাংবাদিকেরা তদন্ত করে দেখুন।’ এদিকে মো. মনিরুল হকের বিরুদ্ধে ২০০৮ সালে রমনা মডেল থানায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ধারা ২৬ (২) এবং ২৭ (১) এবং তৎসহ দণ্ডবিধির ১০৯ ধারায় মুখ্য মহানগর বিচারিক হাকিমের আদালতে দুর্নীতির মামলা হয়। ওই মামলার কার্যক্রম বর্তমানে স্থগিত। ২০০৮ সালে আয়কর অধ্যাদেশ, ১৯৮৪-এর ১৬৫ ও ১৬৬ ধারায় কুমিল্লার জেলা ও দায়রা জজ আদালতে আয়কর ফাঁকির একটি মামলা হয়। ওই মামলার কার্যক্রমও বর্তমানে স্থগিত। তা ছাড়া তাঁর বিরুদ্ধে আরও সাতটি মামলা ছিল। দুর্নীতি, হত্যা ও জবরদখলের অভিযোগে ওই মামলাগুলো হয়েছিল। এসব মামলা থেকে তিনি অব্যাহতি ও খালাস পেয়েছেন। এ ব্যাপারে মনিরুল হক বলেন, ‘আমার বিরুদ্ধে বর্তমানে কোনো মামলা নেই। দুর্নীতি ও আয়করের অভিযোগে দুটি মামলা জরুরি অবস্থার সময় হয়েছিল। সেগুলো উচ্চ আদালতের নির্দেশে স্থগিত আছে।’এদিকে হলফনামা ঘেঁটে জানা গেছে, নূর-উর রহমানের বিরুদ্ধে হত্যা, অস্ত্র আইন, অপহরণ ও দাঙ্গা-হাঙ্গামার অভিযোগে ১৯৯২ থেকে ২০০৬ সাল পর্যন্ত ১৪টি মামলা ছিল। ওই সব মামলা থেকে তিনি অব্যাহতি ও খালাস পান। পরে গত ৬ মে তাঁর বিরুদ্ধে কুমিল্লা জননিরাপত্তা বিশেষ ট্রাইব্যুনাল আদালতে একটি মামলা হয়। বর্তমানে মামলা স্থগিত আছে। আরেক মেয়র পদপ্রার্থী কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমানের বিরুদ্ধে ১৯৯১ থেকে ২০০৬ সাল পর্যন্ত মারামারি, বিএনপিদলীয় কার্যালয় ভাঙচুর ও অস্ত্র আইনে সাতটি মামলা ছিল। এসব মামলা থেকে তিনি অব্যাহতি ও খালাস পান। জাতীয় পার্টি-সমর্থিত মেয়র পদপ্রার্থী এয়ার আহমেদের বিরুদ্ধে ১৯৮৫ সালে বিস্ফোরক আইনে মামলা হয়েছিল। ১৯৮৭ সালে তিনি ওই মামলা থেকে খালাস পান। মেয়র পদপ্রার্থী মো. সালমান সাঈদ, শিরিন আক্তার ও মো. মামুনুর রশীদের বিরুদ্ধে কোনো মামলা নেই। মেয়রসহ ১৩ জনের মনোনয়নপত্র বাতিল: কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনে গতকাল ১৩ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এর মধ্যে একজন মেয়র, সাতজন কাউন্সিলর ও পাঁচজন সংরক্ষিত কাউন্সিলর পদে মনোনয়ন দাখিল করেছিলেন।রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন। মনোনয়নপত্র যাচাই-বাছাই আজ সোমবারও চলবে।রিটার্নিং কর্মকর্তা জানান, মেয়র পদে ১০ জন মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে মো. হাসানুল আলম নামের একজনের মনোনয়নপত্র বাতিল করা হয়। তিনি মনোনয়নপত্রের সঙ্গে জামানতের অর্থ দেননি, মামলাসংক্রান্ত ছকে কোনো তথ্য দেননি। এমনকি প্রস্তাবকারীর ভোটার নম্বর উপস্থাপন করেননি। অন্যদিকে প্রার্থীর স্বাক্ষর না থাকা, হলফনামায় অসম্পূর্ণ তথ্য ও নথিপত্রে গরমিলের অভিযোগে কাউন্সিলর পদে মনোনয়ন দাখিল করা সাতজনের ও সংরক্ষিত কাউন্সিলর পদে মনোনয়ন জমা দেওয়া পাঁচজনের প্রার্থিতা বাতিল করা হয়। আপিল গ্রহণ ও নিষ্পত্তির সময়সীমা: এদিকে মনোনয়নপত্র বাতিল আদেশের বিরুদ্ধে আপিল গ্রহণ ও নিষ্পত্তির জন্য সার্কিট হাউসে আপিল কর্তৃপক্ষ গঠন করা হয়েছে। কাল মঙ্গলবার থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত আপিল গ্রহণ করা হবে। নিষ্পত্তি হবে ৯ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার সিরাজুল হক খান ওই আপিল গ্রহণ ও নিষ্পত্তি করবেন।