কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী আফজল খানের পক্ষে প্রচারে নামলেন কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের আওয়ামী লীগের সাংসদ আ ক ম বাহাউদ্দিন।অন্যদিকে সম্মিলিত নাগরিক কমিটির মেয়র পদপ্রার্থী মনিরুল হক সাক্কুর পক্ষে প্রচারে নেমেছেন সংগীতশিল্পী আসিফ আকবর। এ ছাড়া আরও তিন মেয়র পদপ্রার্থীও দিনভর প্রচারণা চালিয়েছেন। আগামী ৫ জানুয়ারি নবগঠিত কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচনে ভোট গ্রহণ করা হবে। প্রসঙ্গত, কুমিল্লায় আওয়ামী লীগের রাজনীতিতে দীর্ঘদিন ধরে আফজল ও বাহাউদ্দিনের মধ্যে দ্বন্দ্ব বিরাজমান। গত জাতীয় সংসদ নির্বাচনের পর এ দ্বন্দ্ব কিছুটা কমলেও পরে তা আবার মাথাচাড়া দিয়ে ওঠে। দলীয় সূত্র জানায়, শুক্রবার রাত পৌনে নয়টায় আফজল খানের নির্বাচনী কার্যালয় মডার্ন কমিউনিটি সেন্টারে হাজির হন বাহাউদ্দিন। ওই সময় শারীরিক অসুস্থতার কারণে নির্বাচনী কার্যালয়ে ছিলেন না আফজল খান। সেখানে বাহাউদ্দিন নির্বাচনের প্রস্তুতি, প্রচারণার কৌশল ও অগ্রগতি সম্পর্কে জেনে নেন এবং নেতা-কর্মীদের একসঙ্গে কাজ করার নির্দেশ দেন।এদিকে গতকাল শনিবার সকাল ১০টায় আফজল খান ঠাকুরপাড়া এলাকার বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন। একই সময়ে আফজলের পক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবদুল হাই নগরের আশ্রাফপুর, উনাইসার ও দৈয়ারায় গণসংযোগ করেন। বেলা ১১টায় আফজল খানের বড় ছেলে মাসুদ পারভেজ খান শাকতলা এলাকায় প্রচার চালান।গতকাল বিকেল পাঁচটায় নগরের কালিয়াজুরি ও পাথুরিয়াপাড়া এলাকায় উঠোন বৈঠক হয়। ওই বৈঠকে বাহাউদ্দিন, আফজল খান ও আবদুল হাই উপস্থিত ছিলেন। সেখানে বাহাউদ্দিন আফজল খানকে বিজয়ী করার জন্য ভোটারদের অনুরোধ করেন। সাংসদ বাহাউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘দলের সভানেত্রী শেখ হাসিনা আফজল খানকে সমর্থন দিয়েছেন। তাই আমি দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণায় নেমেছি। কিন্তু মাঠে নেমে দেখলাম, আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী এখনো প্রচারে নামেননি। আফজল খানকে নির্বাচনে ভালো করতে হলে কেন্দ্রীয় নেতাদের কুমিল্লায় নির্বাচনী প্রচারণার জন্য আনতে হবে।’বাহাউদ্দিনের যোগ দেওয়াকে স্বাগত জানিয়ে আফজল খান প্রথম আলোকে বলেন, ‘বিগত সংসদ নির্বাচনে আমি ওনার পক্ষে কাজ করেছি। তাই সিটি নির্বাচনে তিনি আমার পক্ষে প্রচারে নেমেছেন।’ ছাত্রলীগের সাবেক দুই নেতা নূর-উর রহমান মাহমুদ ও আনিসুর রহমান মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ব্যাপারে বাহাউদ্দিনের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘শুনেছি, দলের দুজন সাংসদ তাঁদের প্রার্থী করেছেন। ওনারাই সেটা ভালো বলতে পারবেন।’এ প্রসঙ্গে এর আগে প্রথম আলোকে সাংসদ আ হ ম মুস্তফা কামাল ও সাংসদ মুজিবুল হক বলেছিলেন, ‘নূর-উর রহমান মাহমুদ ও আনিসুর রহমানকে তাঁরা নির্বাচনে প্রার্থী করেননি। প্রার্থিতা নিয়ে তাঁরা তাঁদের সঙ্গে যোগাযোগ করেননি।’সম্মিলিত নাগরিক কমিটির প্রার্থী হয়েছেন মনিরুল হক। গতকাল দুপুরে তিনি নগরের দক্ষিণ চর্থা, বজ্রপুর, নানুয়াদিঘিরপাড় এলাকায় গণসংযোগ করেন। ওই সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সংগীতশিল্পী আসিফ আকবর ও কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইউসুফ মোল্লা।এ প্রসঙ্গে আসিফ আকবর বলেন, ‘জনতার প্রার্থীকে বিজয়ী করার জন্য মাঠে নেমেছি। নির্বাচন পর্যন্ত গণসংযোগ চালিয়ে যাব।’এদিকে জাতীয় পার্টি-সমর্থিত মেয়র পদপ্রার্থী এয়ার আহমেদ গতকাল বিকেলে নগরের ইসলামপুর সড়কের নিজ বাসার সামনে উঠোন বৈঠক করেন। সেখানে এয়ার আহমেদ বলেন, ‘জনগণ অস্ত্রবাজ, অপারেশন ক্লিন হার্ট ও জরুরি অবস্থার সময় আত্মগোপনে থাকা মেয়র পদপ্রার্থীদের প্রত্যাখ্যান করবে।’নূর-উর রহমান মাহমুদ সকাল থেকেই নগরের সংরাইশ, নবগ্রাম ও কান্দিরপাড়ে গণসংযোগ করেন। ওই সময় তাঁর সঙ্গে স্থানীয় যুবলীগের নেতা আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন। আনিসুর রহমান উনাইসার, উত্তর রামপুর, আশ্রাফপুর ও কান্দিরপাড়ে গণসংযোগ করেন। ওই সময় তাঁর সঙ্গে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। মেয়র পদে অন্য চার প্রার্থী মো. মামুনুর রশিদ, সালমান সাঈদ, শিরিন আকতার ও চঞ্চল কুমার ঘোষও প্রচারে ছিলেন।