আফজাল গুরুর মরদেহ হস্তান্তরে ভারত সরকার এখনো দ্বিধান্বিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০১ সালে ভারতের পার্লামেন্টে হামলার সাথে সংশ্লিষ্টতার দায়ে গত ৯ ফেব্রুয়ারি দিল্লির তিহার কারাগারে জম্মু কাশ্মীরের ধর্মীয় নেতা আফজাল গুরুর ফাঁসি কার্যকর করা হয়েছে। কিন্তু তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে কি না, তা নিয়ে ভারত সরকার এখনো দ্বিধান্বিত। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে দ্য হিন্দুর আজ সোমবারের খবরে বলা হয়, গুরুর লাশের ব্যাপারে শীঘ্রই একটি সিদ্ধান্ত নেওয়া হবে এবং জম্মু কাশ্মীরের সরকারকে তা জানানোও হবে। ওই কর্মকর্তা বলেন, গুরুকে তিহার কারাগারের নিয়ম অনুযায়ী দাফন করা হয়েছে। তবে কাশ্মীরের আইন-শৃঙ্খলাসহ সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সরকার আফজাল গুরুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের ব্যাপারে কোন সিদ্ধান্ত নেয়নি।জম্মু কাশ্মীরের প্রধান বিরোধী দল পিপলস ডেমোক্রেটিক পার্টিসহ (পিডিপি) বেশ কয়েকটি সংগঠন গুরুর লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তরের দাবি জানিয়ে আসছে। গুরুর স্ত্রী তাবাসসুম স্বামীর লাশ চেয়ে জম্মু কাশ্মীরের বারামুল্লা জেলার প্রশাসকের কাছে আবেদনপত্র পাঠিয়েছেন।এর আগে গত সপ্তাহে ফাঁসির বিষয়ে গুরুর পরিবারকে না জানানোয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্দের প্রতি নাখোশ হয়েছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। প্রধানমন্ত্রী বলেন, গুরুর পরিবারকে আগেই জানানো উচিত ছিল। ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, গুরুর নিকটাত্মীয়রা তাঁর কবরে যেতে পারবেন। তবে গুরুর পরিবার জানিয়েছে, তাঁরা আফজালের মরদেহ চান, অন্যকিছু নয়।গতকাল রোববার গুরুর লাশ তাঁর এলাকায় পৌঁছেছে বলে গুজব ছড়িয়েছিল। বিভিন্ন সামাজিক যোগাযোগ ওয়েবসাইটে এ নিয়ে ফলাও করে খবর প্রচারিত হয়েছিল।