আফজাল গুরুর মৃত্যুদণ্ডের সমালোচনায় পাকিস্তানে প্রস্তাব পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০১ সালে ভারতের পার্লামেন্টে বোমা হামলার ঘটনায় দোষী সাব্যস্ত কাশ্মীরের নেতা আফজাল গুরুর ফাঁসি কার্যকর করার সমালোচনা করে পাকিস্তানের পার্লামেন্টে একটি প্রস্তাব পাস হয়েছে। একই সঙ্গে গুরুর মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তরের দাবি করা হয়েছে। পার্লামেন্টের নিম্নকক্ষের পাঁচ বছর শেষ হওয়ার দুই দিন আগে জমিয়তে উলেমা-ই-ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমানের তোলা প্রস্তাবটি পাস করা হয়। প্রস্তাবে গুরুর মৃত্যুর পর জম্মু-কাশ্মীরের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।গত ৯ ফেব্রুয়ারি ভারতের দিল্লির তিহার কারাগারে গুরুর মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পর কারাগার চত্বরেই তাঁকে সমাহিত করা হয়। তাঁর ফাঁসি কার্যকর হওয়ার পর থেকে জম্মু-কাশ্মীরে তীব্র আন্দোলন শুরু হয়। পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়েবা এবং জয়েশ-ই-মোহাম্মদ মৃত্যুদণ্ডের বদলা নেওয়ার হুমকি দেয়।পার্লামেন্টের ওই প্রস্তাবে বলা হয়, কাশ্মীর সমস্যার সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরব দর্শকের ভূমিকা পালন করা উচিত নয়। এতে বলা হয়, কাশ্মীর ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব বাস্তবায়ন করা উচিত।