আফজাল হোসেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক ছোটবেলা থেকেই থিয়েটারে কাজ করি। অভিনেতা গোলাম মুস্তাফার মেয়ে হওয়ায় প্রায় সবাই আমার চেনা। একদিন থিয়েটারের রিহার্সেলে গিয়ে দেখি, একজন নতুন মুখ। পরিচয় হলো তার সঙ্গে, নাম আফজাল হোসেন। টিভি নাটকে প্রথম কাজ আফজালের সঙ্গে, চেহারা নাটক দিয়ে, রচয়িতা আতিকুল হক চৌধুরী। মূলত এই নাটক দিয়েই আমাদের দুজনের একসঙ্গে কাজের শুরু। অবশ্য এর আগেই আমি বিটিভিতে কাজ করেছি। আফজাল টিভি নাটকে আসে যদ্দুর মনে পড়ে আমার এক বছর পরে।চেহারা নাটকে কাজ করার পর থেকেই আফজালের সঙ্গে আসলে আমার বন্ধুত্বটা গড়ে ওঠে। আমরা তখন কৈশোরের বয়সটা পার করছি। ফলে আস্তে আস্তে আমাদের বন্ধুত্ব গাঢ় হতে থাকে, আমরা একে অপরকে বুঝতে শুরু করি এবং একটি চমৎকার বোঝাপড়া তৈরি হয় আমাদের মধ্যে।আফজাল একটু বেশিই রক্ষণশীল ছিল। জানি না, এখনো ওর মধ্যে সেই রক্ষণশীলতা আছে কি না?তবে আফজাল এমন একজন মানুষ, আমার যেকোনো বিপদ-আপদে আমি তাকে কাছে পাব। আবার এ-ও জানি, আফজালের যেকোনো সমস্যায় আমিও ছুটে যাব। আমাদের দুজনের পরিবারের মানুষগুলোর মধ্যেও সে রকম সম্পর্ক বিদ্যমান।আফজাল সম্পর্কে একটি কথা না বললেই নয়। আমি মঞ্চ-অভিনেতা আফজালকে দেখেছি, টিভি নাটকে আফজালের সঙ্গে অনেক কাজ করেছি, লেখক আফজালের সঙ্গে আমার পরিচয় আরও প্রগাঢ়। আবার চিত্রশিল্পী আফজালের সঙ্গেও আমার পরিচয়টা অনেক দিনের, তার ছবিও আমার প্রিয়।দীর্ঘ সময় পার করে এসে আজ বোধ করি এ কথা বলা যায়, আফজাল যে দুটো কাজ সবচেয়ে ভালো করে, সেই কাজ দুটোই আফজাল নিয়মিত করেনি। এর একটি হচ্ছে লেখালেখি, আর অন্যটি যে বিষয় নিয়ে ও পড়াশোনা করল, সেই ছবি আঁকাআঁকি। ওকে বললেই বলে, ‘এই তো লিখছি আর আঁকছি।’ আমি জানি, আফজালের ব্যস্ততা ওকে ওর এই আসল কাজ দুটো করার সময় দেয় না।টিভি নাটকে আফজাল নিয়মিত নয়। আবার মনে করি, যাঁরা এখন ভালো নাটক নির্মাণ করছেন, তাঁদের কাজগুলো আফজাল করতে পারত। কিন্তু কখন করবে?এ কথা সত্যি, বাংলাদেশে বিজ্ঞাপনচিত্র নির্মাণে রীতিমতো বিপ্লব করেছে আমার এই বন্ধুটি। আফজাল স্বপ্ন দেখত, একদিন এটা অনেক বড় একটা শিল্পে পরিণত হবে। তা-ই হয়েছে। গায়ে সাবান না মেখেও যে সাবানের বিজ্ঞাপনচিত্র করা যায়, সেটা আফজাল ভেবেছিল। তাই আজকে বিজ্ঞাপনচিত্রের ভাষাও বদলে গেছে।আফজাল কিন্তু বহির্মুখী মানুষ ছিল না কখনোই। নিজের পরিবার আর আমাদের মতো বন্ধুবান্ধব এবং থিয়েটার—এতটুকুতেই সীমাবদ্ধ ছিল ওর জগৎ। এত জনপ্রিয় নায়ক হলেও ওকে আমি কখনো দেখিনি রাতভর হইহল্লা করতে, একটু সামাজিকতার যে ব্যাপার আছে, সেটা আফজাল করত না।টিভি চ্যানেল বলতে তখন কেবল ওই বিটিভি। সেখানে আমি, আফজাল অনেক কাজ করেছি। ২৪ ঘণ্টা কাজ করতে করতে একজনের সঙ্গে আরেকজনের ভালো সম্পর্ক হবে, এটাই তখন স্বাভাবিক ছিল। আমার আর আফজালের মধ্যেও তেমনই একটি চমৎকার সম্পর্ক গড়ে উঠেছিল। পাশাপাশি আমাদের কাজের সম্পর্কটা এত ভালো ছিল যে আমাদের জুটিটাও বেশ জনপ্রিয় হয়ে যায়। কিন্তু এই বন্ধুত্ব বা চমৎকার কাজের সম্পর্কটা আমাদের দুজনের ব্যক্তিজীবনকে কখনো প্রভাবিত করেনি। যে কারণে আমাদের সেই বন্ধুত্বের সম্পর্ক আজও অটুট আছে বলে আমি মনে করি।আরেকটি মজার ব্যাপার হচ্ছে, একসঙ্গে কাজ করতে গেলে এক-আধটু রাগারাগি হয়, ঝগড়াঝাঁটি হয়, অনেক সময় ব্যক্তিত্বের সংঘাতও দেখা দেয়, কিন্তু কেউ বিশ্বাস করুন বা না-ই করুন, আমার আর আফজালের মধ্যে কখনো এ ধরনের সমস্যা হয়নি। আফজালের রাগ আছে কি না, তা আমি বলতে পারব না। কারণ, ওকে কখনো রাগতে দেখিনি। আমার আছে। রেগে গেলে আমি সেটা ভেতরে ধরে রাখতে পারি না। আফজাল আবার উল্টো। রেগে গেলেও ওর রাগ বোঝা যায় না। ও রাগটা বোধ হয় ভেতরে ভেতরে পুষে রাখে।আজ অনেক দিন পরেও, এখনো চোখের সামনে ভেসে ওঠে সেসব পুরোনো দিনের কথা। তাই বন্ধু আফজালের কাছে মিনতি: তার আঁকাআঁকি, শিল্প নিয়ে তন্ময়তা, সেটাতেই তার মনোনিবেশ করা উচিত। ওই কাজেই আফজাল অনেক ভালো করবে।