আফজাল হোসেনকে কেউ চিনতেই পারেনি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজন লম্বা-চওড়া লোক এসে দাঁড়িয়ে আছেন স্টুডিওতে, বাংলাদেশ টেলিভিশনের রামপুরায়। দেখতে ঠিক পাগল-পাগল লাগছে। কেউ তাঁকে চিনতে পারছে না। অনেকক্ষণ পর তিনি কী একটা কথা বলে উঠলেন। হয়তো বললেন, ক্যামেরাটা এই দিকেও বসানো যায়। সবাই বিরক্তিভরে তাঁর দিকে তাকাল। কে এই উটকো লোক? আবার ক্যামেরা নিয়ে ডিরেকশন দেয়!একটু পরে সবাই হো হো করে হেসে উঠল। আফজাল ভাই, আপনাকে আমরা চিনতেই পারিনি।আজ থেকে বছর ১৬ আগের কথা। আমি তখন নবীন লেখক। বাংলাদেশ টেলিভিশন তখন দেশের একমাত্র টেলিভিশন কেন্দ্র। ঈদের নাটক মানেই হুমায়ূন আহমেদ। অসাধারণ সব ঈদের নাটক লিখতেন হুমায়ূন স্যার। কিন্তু দুই ঈদের একটায় তাঁর নাটক প্রচারিত হতো। আরেকটায় অন্য কোনো নাট্যকারের। মমতাজউদদীন আহমদ, মামুনুর রশীদ, ইমদাদুল হক মিলন। কিন্তু হুমায়ূন আহমেদ ছাড়া অন্য নাট্যকারের নাটকে আমাদের মন ভরে না।আর ছিল ‘আনন্দমেলা’। তখন কৌতুক প্রচলিত ছিল। ঈদের পরের দিন আনন্দমেলার উপস্থাপক বোরকা পরে চলাফেরা করতেন। কারণ, জনগণ তাঁকে খোঁজে। তারও আগে আবদুল্লাহ আবু সায়ীদ, আনিসুল হক, জুয়েল আইচ, আফজাল হোসেন, হানিফ সংকেত প্রমুখ চমৎকার সব আনন্দমেলা উপস্থাপন করে দর্শকদের প্রত্যাশাকে গগনচুম্বী করে রেখেছেন।ঠিক সেই সময়ে আমার শখ হলো, আমি ঈদের নাটক লিখব। বুদ্ধিমানেরা যেখানে যেতে ইতস্তত করে, বোকারা সেখানে অবলীলায় ঝাঁপিয়ে পড়ে। আমি টেলিভিশনের তালিকাভুক্ত নাট্যকার নই। এর আগে আমার কোনো নাটক বিটিভির নিজস্ব প্রযোজনায় প্রচারিত হয়নি। ঈদুল ফিতরের আগের রাতে আমার লেখা প্যাকেজ নাটক আগামীকালের রূপকথা প্রচারিত হয়েছে। সেটার প্রতিক্রিয়া মিশ্র।ঈদুল আজহার জন্য আমি নাটক লিখে ফেললাম। আমার মনে হয়, ওই নাটকটা লেখার জন্য আমার একটা পুরস্কার পাওনা আছে। সেটা হলো, সাহসিকতার পুরস্কার। আমার এই অর্বাচীনতার আগুনে ঘি ঢাললেন প্রযোজক খ ম হারুণ। বললেন, লেখেন। আমি লিখলাম, অবাক বইপাঠ। এক বাড়ির মামা বইপাগল। তিনি সবাইকে বই পড়তে বাধ্য করেন। কিন্তু বাকিরা বই পড়তে চায় না। মামা সংজ্ঞা দিলেন, চার্লস ল্যাম্ব বলেছেন, দুই মলাটের মধ্যে ছাপানো কাগজকে বই বলে। কাজেই লুডু কিনে আনা হলো। দুটো মলাট তো আছে। মামার চরিত্রে কে অভিনয় করবে।আমার লেখার একনিষ্ঠ উৎসাহদাতা ছিলেন আফজাল হোসেন। তিনি আমার লেখা কলাম পড়ে আমাকে ফোন করতেন। ওই সময় ফরিদুর রেজা সাগর, খ ম হারুণ প্রমুখ আমাকে খুব উৎসাহ জোগানোর চেষ্টা করেছেন।মামার উপযুক্ত ভাগনে দরকার। পাওয়া গেল সালাহ্উদ্দিন লাভলুকে। ওই বাড়ির ছেলে প্রেম করে। প্রেমিকা পাওয়া গেল ঈশিতাকে। ঈশিতা তখনো ছোট। তিনি তখনো প্রেমিকার চরিত্রে অভিনয় করেননি। এই চরিত্র পেয়ে লজ্জিত হলেন এবং রাজি হলেন। সালাহ্উদ্দিন লাভলুর বিপরীতে নায়িকা দরকার। তখন শমী কায়সার, বিপাশা হায়াত ও আফসানা মিমির রমরমা চলছে। তাঁদের কাউকে পাওয়া গেল না। আফসানা মিমি রিহার্সেলে এসে স্ক্রিপ্ট পড়ে পালিয়ে গেলেন। নতুন নাট্যকারের এই নাটকের অগুরুত্বপূর্ণ চরিত্রে তিনি অভিনয় করতে পারেনই না। আমরা লাভলু ভাইয়ের বিপরীতে নিলাম রাত্রিকে। তখনো তিনি প্রায় নতুন।এবার আমাদের দরকার কেন্দ্রীয় চরিত্র। মামার চরিত্র কে করতে পারেন। আমি ওই জগতের সাকুল্যে একজনকে চিনি। তাঁর নাম আফজাল হোসেন। আফজাল হোসেনকে ভয়ে ভয়ে বললাম, আফজাল ভাই, মামার চরিত্র করবেন? আপনার বিপরীতে কোনো নায়িকা নেই...আফজাল হোসেন বললেন, গল্পটা কী?আমি বললাম। তিনি বললেন, অবশ্যই করব। কেন করব না। আমি অভিনেতা। চরিত্র যত বিচিত্র হবে, ততই ভালো। সব সময় আমাকে নায়ক হয়ে প্রেম করতে হবে নাকি?অকূল দরিয়ায় আমি একটা ভেলা খুঁজে পেলাম। আফজাল হোসেন এখনো আমাদের এক নম্বর রোমান্টিক নায়ক। তিনি কী করলেন? তিনি সোজা সেলুনে গিয়ে তাঁর সুন্দর ঝাঁকড়া চুল কেটে বাটিছাঁট দিয়ে এলেন। তারপর তিনি ঢুকলেন স্টুডিওতে। আমরা কেউ তাঁকে চিনতেই পারলাম না।আফজাল হোসেনকে দেখে ঈশিতা কাঁচুমাঁচু হয়ে সালাম করলেন। আংকেল...আফজাল হোসেন হেসে বললেন, এই যে শিশুশিল্পী ঈশিতা। দেখবেন, একদিন সেও আমার বিপরীতে নায়িকা হয়ে প্রেম করবে।তখন আমরা সবাই হেসে উঠেছিলাম। কিন্তু দু-তিন বছরের মধ্যেই ঈশিতা আফজাল হোসেনের নায়িকা হয়ে গেলেন।এখন মনে হয়, ঈশিতা বা তাঁর ব্যাচের শিল্পীদের কন্যারা আফজাল হোসেনের বিপরীতে অভিনয় করতে পারবে।আফজাল ভাই বুড়ো হন না কেন?ওই নাটক প্রচারিত হলো। ফলাফল? অত্যন্ত ভয়াবহ! রেজা য়ারিফ নামের আমাদের এখানকার বন্ধু তখন ছিলেন স্বঘোষিত হিমু। হুমায়ূন স্যারের অনুগত ভক্ত ও কর্মী। তিনি নোয়াখালী থেকে রওনা দিলেন আনিসুল হককে খুঁজতে। বাজে নাটক করে ঈদ মাটি করার অপরাধে নাট্যকারকে মার দেওয়া দরকার। রেজা য়ারিফ এখন সেই কথা মনে করলে নিশ্চয়ই হাসবেন। আমাদের কী সব দিনই না গিয়েছে। ওই নাটকে খুব ভালো অভিনয় করেছিলেন সুবর্ণা সেঁজুতি। তিনি এখন পুনেতে ফিল্ম ইনস্টিটিউটে পরিচালনা বিষয়ে পড়ছেন। এবার পুনে গিয়ে তাঁর বানানো ছোট ছবি দেখেও এসেছি। আমার যত দূর মনে পড়ে, খালেদ মাহমুদ মিঠু আমাদের আউটডোর ক্যামেরা চালিয়েছিলেন।ওই নাটক করতে গিয়ে আরেকটা মজা হয়েছিল। শেষ দৃশ্য চিত্রায়িত হচ্ছে শাহবাগ গণগ্রন্থাগারের সিঁড়িতে। লাভলু ভাই আর রাত্রি আফজাল হোসেনকে কদমবুসি করছেন। আমি হঠাৎ বলে বসলাম, ইশ্, ভাব দেখে মনে হচ্ছে ঈদের নাটক হচ্ছে। আফজাল ভাই বললেন, আনিস, আপনি এই ডায়ালগটা দেন। আমরা এটা নাটকে রাখি। হারুণ ভাই রাজি। আমি চেষ্টা করলাম। একটাই সংলাপ। ইশ্, যেন ঈদের নাটক হচ্ছে। কিন্তু মোট ১০ বার টেক করেও শট ওকে হলো না। আমি নাকি ফলস লুক দিয়েছি। সেই থেকে আমি জানি, অভিনয় করা সহজ নয়।ওই নাটকের প্রতিক্রিয়ার সবটাই বাজে হয়নি। বহুদিন পর আফজাল হোসেন এবং এ টি এম শামসুজ্জামান একই ফ্লাইটে সম্ভবত হজের উদ্দেশ্যে রওনা হয়েছেন। পাশাপাশি বসেছেন। এ টি এম শামসুজ্জামান বললেন আফজাল হোসেনকে, আপনি একটা নাটক করেছিলেন, আমার একটা সংলাপ আজও মনে আছে, ‘একটা প্রজন্ম বড় হচ্ছে বই ছাড়া, এই দেশের ভবিষ্যৎ কী?’ আমি সেটা কোনো দিন ভুলতে পারব না!ওই নাটকটা পরে রিমেইক করা হয়েছে। এবার মামা হলেন আসাদুজ্জামান নূর। চ্যানেল আইয়ে সেটা দেখানো হয়েছে। এবার সবাই বলল, ভালো নাটক।কিন্তু আমার কাছে স্মরণীয় বিটিভির অবাক বইপাঠ। কারণ, ওটা ছিল বিটিভির প্রযোজনায় আমার প্রথম নাটক।