আফরিনকে বাঁচানো গেল না
শেষ পর্যন্ত আর বাঁচানো গেল না মেধাবী শিক্ষার্থী আফরিনকে। চিকিৎসকদের চেষ্টা ও অগণিত মানুষের সহযোগিতাকে ব্যর্থ করে দিয়ে আজ রোববার ভোরে মৃত্যুর কোলে ঢলে পড়েন আফরিন সুলতানা।রাজধানীর মহাখালীতে অবস্থিত আয়েশা মেমোরিয়াল বিশেষায়িত হাসপাতালে ভোর সাড়ে চারটার দিকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) তাঁর মৃত্যু হয়। সকাল সাড়ে ১০টার দিকে আফরিনের লাশ নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হয়েছে স্বজনেরা। সেফটিসেমিয়া রোগে আক্রান্ত হয়ে আফরিন ২৪ দিন ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এর আগে তাঁকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকার হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। আয়েশা মেমোরিয়াল বিশেষায়িত হাসপাতালের চিকিত্সক কাজী রফিকুল আলম প্রথম আলো ডটকমকে বলেন, ‘আফরিন এত দিন আইসিইউতেই ছিলেন। আইসিইউতে থাকা রোগীরা সব সময় একটা ঝুঁকির মধ্যে থাকে। আফরিনের কিছুটা উন্নতিও হচ্ছিল। কিন্তু সেই ঝুঁকিটাও তো ছিল। তাই হঠাত্ করেই আজ ভোরে আফরিনের মৃত্যু হয়। তাঁর স্বজনেরা লাশ নিয়ে গ্রামের বাড়ির দিকে চলে গেছে।’আফরিনের পারিবারিক সূত্রে জানা গেছে, কাল সোমবার সকাল আটটায় কলাপাড়া পৌর শহরের শান্তিবাগ জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। এরপর কলাপাড়া পৌর শহরের এতিমখানা কবরস্থানে নানার কবরের পাশে তাঁকে দাফন করা হবে।কলাপাড়ার মোজাহারউদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নূর বাহাদুর বলেন, ‘আফরিন ছিল অসম্ভব মেধাবী একজন শিক্ষার্থী। সে আমার কলেজের ছাত্রী ছিল। সে বলত, “স্যার, আমি এই দেশের জন্য, গরিবের জন্য কিছু করতে চাই।” সত্যি কথা কী, আজ সেই স্বপ্নেরই মৃত্যু হয়েছে।’আফরিনের মৃত্যুসংবাদে কলাপাড়া এলাকার কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান কাল সোমবার বন্ধ ঘোষণা করা হয়েছে।