আফরোজা আব্বাসের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। দুটি আয়কর ফাঁকির মামলায় দণ্ডপ্রাপ্ত আটক আফরোজা আব্বাসের আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আজ বৃহস্পতিবার জামিন মঞ্জুর করেন বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।আফরোজা আব্বাসের আইনজীবী খায়রুল আলম চৌধুরী প্রথম আলোকে বলেন, দুটি মামলায় সর্বোচ্চ আট বছর করে মোট ১৬ বছরের কারাদণ্ডের রায় দিয়েছিলেন বিশেষ আদালত। ওই রায়ের বিরুদ্ধে করা আপিলে আজ জামিন মঞ্জুর করেছেন উচ্চ আদালত। ফলে আফরোজা আব্বাসের কারামুক্তিতে কোনো বাধা নেই।আদালতে আফরোজা আব্বাসের পক্ষে আইনজীবী আহসানুল করিম, খায়রুল আলম চৌধুরী এবং সরকারপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বদেব চক্রবর্তী শুনানি করেন।উল্লেখ্য, ২০০৭ সালের ৫ আগস্ট বিশেষ জজ আদালতে আয়কর ফাঁকির অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ড দুটি মামলা দায়ের করে। আফরোজা আব্বাসের অনুপস্থিতিতে ওই বছরের ২ সেপ্টেম্বর আদালত দুটি মামলায় সর্বোচ্চ পাঁচ বছর করে কারাদণ্ড দিয়ে রায় দেন।এ বছরের ১৮ এপ্রিল নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে আফরোজা আব্বাসকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত। ২১ এপ্রিল নিম্ন আদালতে সাজার রায়ের বিরুদ্ধে আপিল করে জামিনের আবেদন জানান আফরোজা আব্বাস। এর ওপর আজ শুনানি শেষে আদালত আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিন মঞ্জুর করেন।