আফ্রিকান ইউনিয়ন থেকে আইভরি কোস্ট সাময়িকভাবে বহিষ্কৃত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফ্রিকা মহাদেশের দেশগুলোর জোট আফ্রিকান ইউনিয়ন থেকে আইভরি কোস্ট সাময়িকভাবে বহিষ্কার হয়েছে। দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নিয়ে চলমান বিতর্কের পরিপ্রেক্ষিতে আফ্রিকান ইউনিয়ন গতকাল বৃহস্পতিবার এ পদক্ষেপ নিয়েছে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবাতে আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তরে এক সভা শেষে সংগঠনটির কর্মকর্তা রামতানে লামারা এ ঘোষণা দেন।আইভরি কোস্টের ব্যাপারে আফ্রিকান ইউনিয়নে গৃহীত পদক্ষেপ সম্পর্কে রামতানে লামারা বলেন, ‘যত দিন পর্যন্ত বিরোধী দলের নেতা অ্যালাসেন ওয়াটারা বর্তমান প্রেসিডেন্ট লরেন্ট জিবাবোর কাছ থেকে ক্ষমতা গ্রহণ না করছেন, তত দিন আইভরি কোস্টের বিরুদ্ধে নেওয়া সাময়িক বহিষ্কারাদেশ বহাল থাকবে।’রামতানে জানান, ৫৩ জাতির সংগঠনটি এ সিদ্ধান্ত নিয়েছে এবং ওয়াটারাকে দেশটির ‘গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট’ বলে অভিহিত করা হয়েছে। এরই মধ্যে একই কারণে পশ্চিম আফ্রিকার অর্থনৈতিক জোট ইকোওয়াজ আইভরি কোস্টের সদস্যপদ বাতিল করেছে।জাতিসংঘের নিরাপত্তা পরিষদও বলেছে, আইভরি কোস্টের ওই বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী দলের প্রার্থী ওয়াটারা জয় লাভ করেছেন। তবে আইভরি কোস্টের সেনা-সমর্থিত বর্তমান প্রেসিডেন্ট লরেন্ট জিবাবো যেকোনো মূল্যে ক্ষমতা ধরে রাখার ঘোষণা দিয়েছেন।আইভরি কোস্টের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে চলমান বিতর্কের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র দেশটির বর্তমান প্রেসিডেন্ট লুরেন্ট জিবাবোকে সতর্ক করে দিয়ে বলেছে, ক্ষমতা না ছাড়লে ওয়াশিংটন তাঁর ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা বিবেচনা করবে ।গত ৩১ অক্টোবর দেশটিতে প্রথম দফা এবং ২৮ নভেম্বর দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দফা নির্বাচনে ভোট গ্রহণ শেষে ফলাফল নিয়ে আইভরি কোস্টে রাজনৈতিক সংকট দেখা দেয়। নির্বাচন শেষে প্রাথমিকভাবে বিরোধীদলীয় প্রার্থী অ্যালাসেন ওয়াটারাকে বিজয়ী হিসেবে ঘোষণা দেওয়া হয়। কিন্তু পরবর্তী সময়ে নির্বাচনী ফলাফল বর্তমান প্রেসিডেন্ট লরেন্ট জিবাবোর দিকে ঝুঁকে পড়ে। এদিকে বর্তমান প্রেসিডেন্ট লরেন্ট জিবাবো এবং বিরোধীদলীয় প্রার্থী অ্যালাসেন ওয়াটারা দুজনই নিজেকে এ নির্বাচনে বিজয়ী দাবি করেছেন। বিবিসি।