হাতে বেশ বড়সড় একটা ঘড়ি। এটা কি ঘড়ি নাকি? হেসে বললেন, ‘শুধু ঘড়ি না, এটা অল্টিমিটার। এখন আমরা ২৮ মিটার উঁচুতে।’ প্রথম আলোর ষষ্ঠ তলায় এ কথা বলেই হেসে কুটি কুটি। হাসবেনই বা না কেন, পাহাড়-পর্বতে এই যন্ত্রটিতে চার অঙ্কের উচ্চতা দেখতেই অভ্যস্ত ওয়াসফিয়া নাজরীন। ২ অক্টোবর জয় করে এসেছেন পাঁচ হাজার ৮৯৫ মিটার (১৯ হাজার ৩৪০ ফুট) উঁচু আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ পর্বত কিলিমানজারো। চলতি বছরের মার্চে শোনা গেল, ওয়াসফিয়া নাজরীন নামে বাংলাদেশের এক নারী সাত মহাদেশের সাত শীর্ষ পর্বতচূড়া জয় করবেন—পর্বতারোহীদের কাছে যা ‘সেভেন সামিট’ নামে পরিচিত। ‘বাংলাদেশ অন সেভেন সামিটস ফাউন্ডেশন’ও প্রতিষ্ঠা করে ফেললেন। কিলিমানজারো জয় করে একটা ধাপও অতিক্রম করলেন তিনি। স্বাধীনতার ৪০ বছরেএমনিতে সমতলভূমির দেশ বাংলাদেশে পর্বতারোহণের প্রচলন বা আগ্রহ খুব একটা ছিল না। প্রথম বাংলাদেশি হিসেবে মুসা ইব্রাহীমের এভারেস্ট বিজয়ের পর বিষয়টি সাধারণ মানুষের আলোচনায় আসে। সেখানে এই দেশেরই এক নারী একেবারে সেভেন সামিটের ঘোষণা দিলেন! একটু অবাক হতে হয়। ‘ঢাকায় যা দেখেছি, নারীদের প্রাধান্য দেওয়া হয় না। কিন্তু আমি নারীদের নিয়েই কাজ করতে চাই। এ বছর বাংলাদেশের স্বাধীনতার ৪০ বছর পূর্ণ হচ্ছে। এ উপলক্ষেই সেভেন সামিট অভিযান। একদিকে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি, অপরদিকে নারীর শক্তিকেও তুলে ধরতে চাই।’ বলেন ওয়াসফিয়া। বলতে থাকেন ওয়াসফিয়া, ‘যুক্তরাষ্ট্রে অলটারনেটিভ এডুকেশন নামে একটা বিষয় আছে, যেখানে পর্বতারোহণের মতো বিষয়গুলোয় প্রশিক্ষণ দেওয়া হয়। সেখানেও কিন্তু নারীর সংখ্যা কম।’ ওয়াসফিয়া চান তাঁর ফাউন্ডেশন থেকে নারীদের এসব বিষয়ে প্রশিক্ষণ দিতে। ওয়াসফিয়ার এই সাত শীর্ষ চূড়ায় অভিযানে সমর্থন দিচ্ছে মুক্তিযুদ্ধ জাদুঘর। ‘আমাদের জন্য এটা বিরাট সুখবর। বাংলাদেশের ৪০ বছর পূর্তিতে এই অভিযান আমাদের উৎসাহ জোগাবে।’ বাংলাদেশ অন সেভেন সামিট অভিযান সম্পর্কে এভাবেই বললেন মুক্তিযুদ্ধ জাদুঘরে ট্রাস্টি আক্কু চৌধুরী। যোগ করলেন, ‘যে দেশে এত দারিদ্র্য, সেখানে একটি মেয়ে সাতটি মহাদেশের শীর্ষ চূড়ায় বাংলাদেশের পতাকা ওড়াবে—এই ইচ্ছাটাই খুব উৎসাহব্যঞ্জক। শুধু নারীদের জন্য নয়, ওয়াসফিয়ার অভিযান পুরুষদের জন্যও এক অনুপ্রেরণা।’পায়ের তলায় সরষেদাদার বাড়ি ফেনীতে, জন্ম ঢাকায়। এরপর খুলনায়। বয়স যখন পাঁচ, ওয়াসফিয়া তখন চট্টগ্রামে। শৈশব থেকেই ঘুরছেন। চট্টগ্রামে বড় হওয়া, পার্বত্য চট্টগ্রামে পাহাড় বাওয়া। ২০০০ সালে ওয়াসফিয়া চলে গেলেন যুক্তরাষ্ট্রে। আটলান্টায় শুরু করেন পড়াশোনা। এ সময় মানবতার পক্ষে নানা রকম আন্দোলনের কর্মী হিসেবে হন সক্রিয়। ইরাক যুদ্ধবিরোধী প্রচারণা, মানবতার পক্ষে বিভিন্ন প্রচারণায় অংশ নিতেন ওয়াসফিয়া। অভিনব কায়দায় প্রতিবাদ জানাতেন মানবতাবিরোধী নানা বৈশ্বিক ইস্যুর। ‘ধরুন প্ল্যাকার্ড নিয়ে ৩৫০ ফুট উঁচু দালানে দড়ি বেয়ে বেয়ে ওঠানামা করেছি। দড়ি বেঁধে ঝাঁপ দিয়েছি উঁচু দালান থেকে। বোঝা নিয়ে দেয়াল বাওয়া—এ সবই পরে কাজে লেগেছে পর্বতে।’যুক্তরাষ্ট্র থেকে ওয়াসফিয়া যান স্কটল্যান্ডে। পড়ার বিষয় সামাজিক মনোবিজ্ঞান আর স্টুডিও আর্ট। ‘ইচ্ছা ছিল ব্রডওয়ে থিয়েটারে কাজ করার। কিন্তু আমার বৃত্তির শর্তের কারণে সেটা আর হয়নি।’ না হয়ে মন্দ হয়নি, ওয়াসফিয়ার বর্তমান কাজের ক্ষেত্র তো আরও ‘ব্রড’। রোমাঞ্চের হাতছানিখরস্রোতা পাহাড়ি ঝরনা বা নদীতে রাবারের নৌকা চালানো (র্যাফটিং), গ্লাইডারে ওড়া—অনেক কিছুই করেছেন ওয়াসফিয়া। ২০০৪ সালে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের চাকরি নিয়ে আবার যান যুক্তরাষ্ট্রে। এরপর ফিরে আসেন দেশে। কেয়ারসহ বিভিন্ন প্রতিষ্ঠানে উন্নয়নকর্মী হিসেবে কাজ করেছেন। ভারত, ভুটান, নেপাল ও তিব্বতের পাহাড়-পর্বতে শুরু হয় তাঁর ঘোরাফেরা। ধীরে ধীরে উঁচু পর্বতে ওঠা শুরু হয় ওয়াসফিয়ার। ২০০৯ সালে নেপালের লু রী, পরের বছর আইল্যান্ড পিক জয় করেন তিনি। এ দুটি পর্বতেরই উচ্চতা ছয় হাজার মিটারের ওপর। ‘আমি যেমন কাজ করতে চাই, একটা সময় মনে হলো চাকরি-বাকরি করে তা করা সম্ভব না। কেননা, আমি তো বাংলাদেশকে পৃথিবীর শীর্ষ চূড়ায় নিয়ে যেতে চাই। চাকরি ছেড়ে দিলাম। মায়ের কাছ থেকে গয়না পেয়েছিলাম কিছু, আর জমি ছিল। সেসব বিক্রি করে শুরু করলাম বাংলাদেশ অন সেভেন সামিট।’ এ-ও জানালেন, অনেক মুক্তিযোদ্ধা তাঁকে সহযোগিতা করছেন এই অভিযানে। হলো না এলবার্সসেভেন সামিট অভিযান শুরু করেছিলেন ইউরোপের সর্বোচ্চ পর্বত রাশিয়ার এলবার্স অভিযান দিয়ে। গত ২ জুলাই শুরু করেছিলেন এ অভিযান। পাঁচ হাজার ৬৪২ মিটার উচ্চতায় এলবার্সের চূড়ার ৩০০ মিটার নিচ থেকে নেমে আসতে হয়েছিল তাঁকে। ‘যখন ঠিক করলাম এলবার্স যাব, তখন জানা গেল দক্ষিণ দিক (সাউথ সাইড) দিয়ে যাওয়া যাবে না। ঠিক করলাম এলবার্সের উত্তর দিক দিয়ে যাব। তবে এ পথ দিয়ে এলবার্স অভিযান খুব বেশি হয় না।’ অভিযানে ওয়াসফিয়ার গাইড ছিলেন এক সাইবেরিয়ান নারী। ‘এলবার্সের এই পথটা বেশ দুর্গম। আগে থেকে রশি টানানো ছিল না। অনেক জায়গাতেই রোপ ফিক্স করে করে এগিয়ে যেতে হয়েছিল।’ ওয়াসফিয়া চূড়ায় ওঠার জন্য যাত্রা অর্থাৎ সামিট পুশ করেছিলেন তিনবার। ‘প্রথম দুইবার ফিরে আসি তুষারঝড়ের কারণে। তৃতীয়বার আমাদের এক সহ-অভিযাত্রী অসুস্থ হয়ে পড়েন। তাঁকে নিয়ে কেটে যায় বেশ কিছু সময়। পরে গাইড বলল, সময়ের কারণে চূড়ায় উঠে ফিরে যাওয়াটা সম্ভব হবে না। তাই এলবার্সের চূড়ার ৩০০ মিটার দূরে লেনজ রক পর্যন্ত যাই। সেখানেই ওড়াই বাংলাদেশের পতাকা। চূড়াটা দেখা যাচ্ছিল, তখন স্বাভাবিকভাবেই মনটা খারাপ হয়ে গিয়েছিল।’ সফলতা কিলিমানজারোয়সেভেন সামিটের অংশ হিসেবে কিলিমানজারো অভিযানে বেরিয়ে পড়েন ওয়াসফিয়া। ২৭ সেপ্টেম্বর তানজানিয়ার মোশি শহর থেকে শুরু করেন অভিযান। এবারও তাঁর গাইড একজন নারী। ‘নারীদের সঙ্গে নিয়ে কাজ করার ইচ্ছা আমার। তাই চেষ্টা করি নারী গাইড খুঁজে বের করার।’ মোটামুটি নির্বিঘ্নেই জয় করেন কিলিমানজারো। ২ অক্টোবর স্থানীয় সময় সকাল সাতটা ২৯ মিনিটে কিলিমানজারোর চূড়া উহুরু পিকে বাংলাদেশের পতাকা ওড়ান ওয়াসফিয়া। বললেন, ‘সাধারণত বরফ থাকে না কিলিমানজারোর এই রুটে। তবে এবার বরফ পড়েছিল।’ উঁচুতে ওঠার যাত্রা পর্বতারোহণের মতো কঠিন কাজে শারীরিক গঠনের কারণেই পুরুষদের চেয়ে নারীরা একটু পিছিয়ে থাকে। ‘এ পর্যন্ত চার শতাধিক পর্বতারোহী সেভেন সামিট করেছেন। এর মধ্যে মাত্র ৩৭ জন নারী। এশিয়া থেকে দুজন নারী সেভেন সামিট করেছেন।’ বললেন ওয়াসফিয়া। ‘তাই আমি নিজের দেশ ও নারীদের নিয়ে পর্বতারোহণ করতে চাই।’ এরই মধ্যে পরবর্তী গন্তব্য ঠিক করে ফেলেছেন তিনি। ডিসেম্বরে যাবেন দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ অ্যাকানকাগুয়া অভিযানে। আর আগামী বছরের এপ্রিলে যাবেন পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট অভিযানে। সাত শীর্ষ চূড়া জয়ের স্বপ্ন পূরণে ওয়াসফিয়া মেন্টর হিসেবে পেয়েছেন প্রথম সেভেন সামিট বিজয়ী কানাডার পর্বতারোহী প্যাট্রিক মোরোকে। আর বাড়তি অক্সিজেন ছাড়া এভারেস্ট বিজয়ী ইতালীয় পর্বতারোহী রিনহোল্ড মেসনার তাঁকে বিভিন্ন টিপস দেন ই-মেইলে। বিশেষজ্ঞদের পরামর্শ ছাড়াও তাঁর সঙ্গে আছে লাল-সবুজ পতাকা। বাংলাদেশের এই নারী সাত মহাদেশের সপ্ত শিখরে ওড়াবেন আমাদের পতাকা—এটাই তো প্রত্যাশা।