আফ্রিকার দুর্ভিক্ষে দাতাগোষ্ঠীর উদাসীনতায় ব্যাপক প্রাণহানি
আন্তর্জাতিক দাতাগোষ্ঠীর ধীর পদক্ষেপের কারণে গত বছর পূর্ব আফ্রিকার দুর্ভিক্ষে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। শীর্ষস্থানীয় ব্রিটিশ সাহায্য সংস্থা অক্সফাম ও সেভ দ্য চিলড্রেন তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বলে বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে। ‘একটি ভয়ংকর বিলম্ব’ (এ ডেঞ্জারাস ডিলেই) শিরোনামের এক প্রতিবেদনে সংস্থা দুটি জানিয়েছে, আফ্রিকার দুর্ভিক্ষের ব্যাপারে সতর্ক করার পরও এ বিষয়ে পদক্ষেপ নিতে দাতাগোষ্ঠীগুলো ছয় মাসেরও বেশি সময় নিয়েছে। এর ফলে গত বছর পূর্ব আফ্রিকার দেশ কেনিয়া, ইথিওপিয়া ও সোমালিয়ায় ৫০ হাজার থেকে এক লাখ মানুষ মারা গেছে।দাতাগোষ্ঠীর উদাসীনতার কারণে আফ্রিকার দুর্ভিক্ষে ব্যাপক প্রাণহানি প্রসঙ্গে অক্সফামের প্রধান নির্বাহী বারবারা স্টকিং বলেছেন, ‘এই ভয়াবহ বিলম্বের দায়ভার আমাদের সবার।’ অন্যদিকে সেভ দ্য চিলড্রেনের প্রধান নির্বাহী জাস্টিন ফোরসিথ জানিয়েছেন, ‘আমরা এ ধরনের অদ্ভুত পরিস্থিতি আর চলতে দিতে পারি না।’ এই ভুল থেকে সরকার, জাতিসংঘ ও বেসরকারি সংস্থা (এনজিও) শিক্ষা নেবে বলেও উল্লেখ করেছে অক্সফাম ও সেভ দ্য চিলড্রেন। সংস্থা দুটি বলেছে, কেনিয়া ও ইথিওপিয়ার সরকার যেমন এই বিপর্যয়ের মাত্রাকে অস্বীকার করেছে, সাহায্য সংস্থাগুলোর মধ্যেও এ ব্যাপারে ছিল উদাসীনতা।অক্সফাম ও সেভ দ্য চিলড্রেন অভিযোগ করেছে, মানবিক বিপর্যয় রোধে কাজ করার আগেই অনেক দাতা সংস্থা এ বিষয়ে প্রমাণ চাচ্ছিলেন। জাতিসংঘের হিসাব মতে, দুর্ভিক্ষের একটি পর্যায়ে এক কোটি মানুষের মানবিক সাহায্যের প্রয়োজন ছিল। এ প্রতিবেদনে সংশ্লিষ্ট সব পক্ষকে দুর্ভিক্ষের ব্যাপারে যেকোনো জরুরি সতর্কবাণী আরও গুরত্বসহকারে দেখার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি দুর্ভিক্ষের ভয়াবহ প্রভাব দেখা দেওয়ার আগেই তা প্রতিরোধের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে তাদের সক্ষমতা বাড়ানোর অনুরোধ করা হয়েছে।