আফ্রিকার সাহিত্য পুরস্কার পেলেন রোটিমি বাবাটুন্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাইজেরিয়ার লেখক রোটিমি বাবাটুন্ডে এ বছর জিতে নিলেন আফ্রিকার লেখকদের জন্য মর্যাদাপূর্ণ কেইন সাহিত্য পুরস্কার। বিবিসি অনলাইনে প্রকাশিত এক খবরে আজ মঙ্গলবার এ কথা জানানো হয়।দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিয়ানমারের ভূখণ্ডে ব্রিটিশ বাহিনীর হয়ে যুদ্ধ করতে যাওয়া নাইজেরীয় সেনাদের নিয়ে রোটিমির লেখা ‘বোম্বেস রিপাবলিক’ শিরোনামের গল্পের জন্য লেখককে কেইন প্রাইজ ফর আফ্রিকান রাইটিং দেওয়া হয়েছে। পুরস্কার হিসেবে তিনি ১৫ হাজার ৭০০ মার্কিন ডলার পাবেন।আফ্রিকার সর্বোচ্চ এই পুরস্কারের জন্য প্রাথমিকভাবে পাঁচজন লেখককে বাছাই করা হয়েছিল। বিচারক বার্নারডিন এভারিস্তো সোমবার সন্ধ্যায় অক্সফোর্ডের বোদলেইন পাঠাগারে এক অনুষ্ঠানে লেখকের হাতে পুরস্কার তুলে দেন। গল্পটি সম্পর্কে এভারিস্তো বলেন, ‘সুলিখিত, গভীর রসবোধ সম্পন্ন ও উঁচুমানের। পরিণত লেখায় প্রতিফলিত হয়েছে উপনিবেশের প্রতারণা এবং স্বাধীনতার মনস্তত্ত্ব।’রোটিমি বাবাটুন্ডে বিবিসিকে গল্পের উপজীব্য বিষয় সম্পর্কে বলেন, ‘এটা স্বাধীনতা নিয়ে লেখা। স্বাধীনতা লাভের মধ্যদিয়ে একজন মানুষের জগত্ কীভাবে প্রসারিত হয়, তা নিয়েই এই গল্প।’বাবাটুন্ডে বলেন, ‘নাইজেরিয়ার সেনারা মিয়ানমারে গিয়েছিল যুদ্ধ করতে। ফিরে এসেছিল নতুন বাস্তবতা ও সম্ভাবনার অভিজ্ঞতা নিয়ে।’ গল্পের প্রধান চরিত্র বোম্বে যুদ্ধে গিয়ে বুঝতে পারে নাইজেরিয়ায় তাঁর সমস্যাগুলো আসলে কত ঠুনকো। দখলদার ব্রিটিশ অফিসারদের প্রতি তাঁর অন্ধ ভক্তি লোপ পায়। ফলে জীবনের নতুন এক স্বাদ পান তিনি।