আফ্রিকায় খরা: ইউরোপের ধীরগতির সাড়ায় অক্সফামের সমালোচনা
আফ্রিকার কয়েকটি দেশে চলমান খরা মোকাবিলায় ইউরোপীয় দেশগুলোর ধীরগতির সাড়ার কড়া সমালোচনা করেছে ব্রিটিশ দাতব্য সংস্থা অক্সফাম। আজ বুধবার অক্সফামের আঞ্চলিক পরিচালক ফারান ইকুইজা এক বিবৃতিতে এমন আচরণকে ‘ইচ্ছাকৃত অবজ্ঞা’ বলে অভিহিত করেছেন। ফারান ইকুইজার বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আফ্রিকায় মানবিক বিপর্যয় মোকাবিলায় ১০০ কোটি ডলার দরকার। কিন্তু এখন পর্যন্ত পাওয়া গেছে মাত্র ২০ কোটি ডলার। আর ঘাটতি রয়েছে আরও ৮০ কোটি ডলার।এখন সোমালিয়া, কেনিয়া ও ইথিওপিয়া চরম খরার কবলে। এতে সেখানে মানবিক বিপর্যয় দেখা দেওয়ার উপক্রম। ফারান ইকুইজা বলেছেন, ‘সময় নষ্ট করার কোনো সুযোগ নেই। আমরা যদি বিপুলসংখ্যক মানুষের প্রাণহানি এড়াতে চাই, আমাদের চুপ থাকা এবং আমাদের চোখের সামনে এমন বিপর্যয় ঘটতে দেওয়া উচিত নয়।’ফারান ইকুইজা বলেন, ‘এ বিপর্যয়ে সারা বিশ্বের স্বীকৃতিও ধীরগতির। এমন নিষ্ক্রিয়তার কোনো কারণ থাকতে পারে না।’সাহায্য সংস্থাগুলোর হিসাবে, ওই অঞ্চলে সব মিলিয়ে এক কোটিরও বেশি মানুষ খরায় আক্রান্ত। মানবিক বিপর্যয় এড়াতে তাদের জরুরি সহায়তা দরকার। এর মধ্যে ৩০ লাখই সোমালিয়ার নাগরিক। ওই অঞ্চলে প্রতি তিনজনে একজন অপুষ্টিতে ভুগছে। অক্সফামের পক্ষ থেকে বলা হয়েছে, নতুন সাহায্য পাওয়ার ক্ষেত্রে যুক্তরাজ্য নেতৃত্ব দিচ্ছে। কিন্তু তাদের আহ্বানে ইউরোপীয় সরকারগুলোর সাড়া হতাশাজনক। গত সোমবার ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন পূর্ব আফ্রিকার খরাকে গত কয়েক দশকের মধ্যে ওই অঞ্চলের সবচেয়ে ভয়াবহ দুর্যোগ হিসেবে বর্ণনা করেন। এ ব্যাপারে ‘জরুরি ও চূড়ান্ত পদক্ষেপ’ নেওয়ার জন্য তিনি বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।