আফ্রিকায় জমি ইজারা নেওয়ার বিপক্ষে কেন্দ্রীয় ব্যাংক
আফ্রিকার বিভিন্ন দেশে ফসলি জমি ইজারা (লিজ) নেওয়ার বিরোধিতা করেছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংক বলেছে, বর্তমানে চাপের মুখে থাকা বৈদেশিক লেনদেন পরিস্থিতিতে আফ্রিকায় জমি ইজারা নেওয়ার চিন্তাকে তারা সঠিক মনে করে না। বরং এই চিন্তা ঝুঁকিপূর্ণ।সরকারের কাছে দেওয়া এক চিঠিতে কেন্দ্রীয় ব্যাংক এই অভিমত দিয়েছে। অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে বাংলাদেশ ব্যাংকের কাছে এ বিষয়ে মতামত চাওয়া হয়েছিল বলে জানা যায়। উল্লেখ্য, ব্যবসায়ীদের একটি অংশ ফসল উৎপাদনের জন্য আফ্রিকায় জমি লিজ নেওয়ার প্রস্তাব দিয়েছে। এ নিয়ে আলোচনা শুরু হলে কেন্দ্রীয় ব্যাংক এই মতামত জানিয়েছে।অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, বাংলাদেশ ব্যাংক অভিমত দিয়েছে যে দেশের বৈদেশিক মুদ্রার মজুদ মূলত কয়েকটি পণ্য রপ্তানি এবং প্রবাসী বাংলাদেশিদের পাঠানো আয়ের ওপর নির্ভরশীল। এর সঙ্গে রয়েছে খুবই স্বল্প পরিমাণে বৈদেশিক সাহায্য ও ঋণ। সম্প্রতি রপ্তানি বাড়লেও এর চেয়ে বেশি হারে বেড়েছে আমদানি। প্রবাসী-আয়ে (রেমিট্যান্স) নামমাত্র প্রবৃদ্ধি থাকলেও মূলধন হিসেবে বৈদেশিক মুদ্রা আয়ে নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। বিদেশি বিনিয়োগ পরিস্থিতি দুর্বল অবস্থায় রয়েছে। ফলে বৈদেশিক দায় পরিশোধে দেশের বিদেশি মুদ্রার মজুদ (রিজার্ভ) চাপের মধ্যে ও তা নিম্নগতির দিকে রয়েছে। এসব পরিস্থিতিতে টাকার মূল্যমান ক্রমেই নিম্নমুখী হচ্ছে।কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুসারে, গত মার্চ পর্যন্ত সামগ্রিক বৈদেশিক লেনদেনের ভারসাম্যে ঘাটতি ৫২ কোটি ৯০ লাখ ডলার। তবে চলতি হিসাবে ৬৮ কোটি ৯০ লাখ ডলারের উদ্বৃত্ত থাকলেও তা চলতি জুন মাসের হিসাব সমন্বয়ের পর ঘাটতিতে পরিণত হবে বলে মনে করা হচ্ছে। সূত্রমতে, গতকাল বুধবার দেশে বিদেশি মুদ্রার মজুদের পরিমাণ ছিল এক হাজার ৪৩ কোটি ১২ লাখ ৩০ হাজার মার্কিন ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা। এই মজুদ দিয়ে তিন মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব।বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফল পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক অধ্যাপক মোস্তাফিজুর রহমান বৈদেশিক লেনদেনের বর্তমান পরিস্থিতিতে আফ্রিকার ফসলি জমিতে বিনিয়োগ না করতে কেন্দ্রীয় ব্যাংকের সতর্কতাকে বিবেচনা করা যেতে পারে বলে মত দিয়েছেন। তবে তিনি মনে করেন, আফ্রিকার দেশগুলোতে ফসলি জমি ৯৯ বছরের জন্য ইজারা চুক্তিসহ মধ্য মেয়াদে দেশের খাদ্যনিরাপত্তা ও জনশক্তি নিয়োগের সুযোগ তৈরি হয় এমন ক্ষেত্রে লাভজনক বিনিয়োগের বিষয়টি মাথায় রাখতে হবে। কেন্দ্রীয় ব্যাংক চিঠিতে বলেছে, আফ্রিকার বিভিন্ন দেশে ফসলি জমি ইজারা নেওয়ার চিন্তাটি অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ। আফ্রিকার বিভিন্ন দেশে জনগণের কাছে বিদেশিদের জমি ইজারা নেওয়ার বিষয়টি বিরূপ প্রভাব ফেলেছে বলে বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশ হয়েছে। এতে ইজারা নেওয়া জমির ফসল বা তা বিক্রি করে অর্থ দেশে আনা ঝুঁকিপূর্ণ ও অনিশ্চিত হতে পারে। অন্যদিকে এসব দেশে বিনিয়োগ লাভজনক হলে বিদেশে বসবাসরত সচ্ছল বাংলাদেশিরা সেখানে বিনিয়োগ করতেন। কিন্তু সে রকম তথ্য পাওয়া যায় না।এ পরিস্থিতিতে অনিশ্চিত এই বিনিয়োগের জন্য কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মূলধন বিদেশে নিয়ে যাওয়ার অনুমতি দিতে চায় না কেন্দ্রীয় ব্যাংক। এ মন্তব্য করে বাংলাদেশ ব্যাংক আরও বলেছে, ইতিপূর্বে দেশীয় কিছু ওষুধ কোম্পানি, প্রাণ গ্রুপসহ কৃষিভিত্তিক প্রতিষ্ঠানগুলো মূলধন হিসাব খাত (ক্যাপিটাল অ্যাকাউন্ট) উন্মুক্ত করে বিদেশে বিনিয়োগের সুযোগ দিতে হবে অনুরোধ করেছিল। এসব প্রতিষ্ঠান একই সঙ্গে বড় রপ্তানি আয়ও দেশে নিয়ে আসে। কিন্তু বাংলাদেশ ব্যাংক বৈদেশিক লেনদেনের সামগ্রিক পরিস্থিতি বিশ্লেষণ করে তার অনুমোদন দেয়নি।কেন্দ্রীয় ব্যাংক সূত্র বলছে, এখন আফ্রিকায় ফসলি জমি ইজারা নেওয়ার জন্য মূলধন বিদেশে নিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হলে প্রাণসহ ওষুধ কোম্পানিগুলোকেও এই সুযোগ দিতে হবে। কেননা, বাংলাদেশ ব্যাংক একক কোনো প্রতিষ্ঠানের জন্য বিশেষ সুযোগ সৃষ্টি করতে পারে না।নিটোল গ্রুপ আফ্রিকায় ফসলি জমিতে বিনিয়োগের বিষয়ে অগ্রণী ভূমিকা রাখছে। মতামত জানতে ফোন করা হলে গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ বলেন, ‘এখনো কেন্দ্রীয় ব্যাংকের কাছে কেউ কোনো আবেদন করিনি। ফলে বাংলাদেশ ব্যাংক কীভাবে বুঝল, কত ডলারের প্রয়োজন হবে, তাতে বৈদেশিক লেনদেনের ভারসাম্যে কী প্রভাব পড়বে।’ তিনি প্রশ্ন উত্থাপন করে বলেন, ‘আমরা তো এক মিলিয়ন (১০ লাখ) ডলার চাই। তাতে এক হাজার কোটি ডলারের কত অংশ হয়। মাতলুব আহমাদ মনে করেন, খাদ্যনিরাপত্তার কথা ভেবে এখনই এসব বিনিয়োগের বিষয়ে দেশকে ভাবতে হবে।তবে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসি) সভাপতি আমজাদ খান চৌধুরী ভিন্নমত দিয়ে বলেন, ‘আমি অনেকবার আফ্রিকার এসব দেশে গিয়েছি। সেখানে আমি দেখেছি ৮০০, ৯০০ থেকে ১২০০ ফুট নিচে পানির স্তর রয়েছে। আবার চাষ উপযোগী জমি তৈরি করতে, পাওয়ার ট্রিলার থেকে শুরু করে মাড়াই পর্যন্ত এবং অবকাঠামো খাতে অনেক খরচ।’ আমজাদ খান বলেন, সেখানকার মানুষ এসব কাজ করতে চায় না। ফলে দেশ থেকে লোকবল নিয়ে যেতে হবে। অথচ সেখানে থাকা-খাওয়াও অনেক খরচ। তিনি প্রশ্ন রেখে বলেন, কার এত টাকা আছে যে তিনি তা সেখানে নিয়ে গিয়ে এগুলোর উন্নয়ন করে চাষ করবেন। ১৮ শতাংশ থেকে ২০ শতাংশ সুদে ঋণ নিয়ে বিদেশে বিনিয়োগ কতটা লাভজনক হবে, তা নিয়ে সন্দেহ আছে। সরকার যদি জমি নিয়ে অবকাঠামোর উন্নয়ন করে দেয়, তবে তা সম্ভব। অন্যথায় দেশে মাছ, মুরগি, সবজি ইত্যাকার নানা ফসল করাই শ্রেয়।