আফ্রিকায় বিমান দুর্ঘটনায় অস্ট্রেলিয়ান ধনকুবেরসহ নিহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিম আফ্রিকায় বিমান দুর্ঘটনায় অস্ট্রেলিয়ার অন্যতম ধনকুবের কেন ট্যালবটসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন। ক্যামেরুনের তথ্যমন্ত্রী ইসা সিরোমা বাকারির বরাত দিয়ে বিবিসি আজ মঙ্গলবার এ সংবাদ জানায়।বাকারি আরও জানান, বিমানে অবস্থান করা ৯-১০ জনের মৃতদেহ ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। তবে অন্যদের উদ্ধারের আশা একেবারেই ক্ষীণ বলে তিনি মন্তব্য করেন। বিধ্বস্ত ওই বিমানটি অস্ট্রেলিয়ার কয়েকজন খনিজ শিল্প কর্মকর্তাসহ ১১ জন যাত্রী বহন করছিল। এর মধ্যে ছয়জন ছিলেন অস্ট্রেলিয়ান, একজন মার্কিন, দুজন ব্রিটিশ ও দুজন ফ্রান্সের নাগরিক। বিমানটি শনিবার ক্যামেরুন থেকে কঙ্গো যাওয়ার পথে নিখোঁজ হয়ে যায়। পরে সেটি পশ্চিম আফ্রিকায় বিধ্বস্ত অবস্থায় খুঁজে পাওয়া যায়।বিমানের যাত্রীরা কঙ্গোর প্রত্যন্ত ইয়ানগাডৌ এলাকায় একটি লৌহ আকর প্রকল্প পরিদর্শনের উদ্দেশে ক্যামেরুনের রাজধানী ইয়াউনডি ছেড়ে যান। বিমান নিয়ন্ত্রক কর্মকর্তারা জানান, ইয়াউনডি ত্যাগ করার এক ঘণ্টা পর তাঁদের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী কেভিন রুড দুর্ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করতে যা কিছু করা দরকার সবকিছুই করার প্রতিশ্রুতি দিয়েছেন।