আফ্রিকায় ব্যবসা সম্প্রসারণ হবে ভারতি এয়ারটেলের জন্য কঠিন চ্যালেঞ্জ
ভারতের সর্ববৃহত্ মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠান ভারতি এয়ারটেল তার ব্যবসা আফ্রিকায় সম্প্রসারণ করতে যাচ্ছে। তৃতীয়বারের চেষ্টায় এটি আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠান জেইনের মালিকানা গ্রহণ করতে যাচ্ছে। ৯০০ কোটি ডলারে জেইনের বেশির ভাগ মালিকানা কিনে নিয়েছে ভারতি। তবে ভারতির আফ্রিকা মিশন যে কুসুমাস্তীর্ণ নয় তা জানিয়েছেন এ খাতের বিশেষজ্ঞরা। আফ্রিকায় নানা কারণেই টেলিযোগাযোগ ব্যবসা একটু কঠিন। তার ওপর একটি অলাভজনক প্রতিষ্ঠানের মালিকানা গ্রহণ করার মধ্য দিয়ে ভারতি যে সেখানে বিরাট এক চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছে তা জানা কথা। পরিচালন ব্যয় হিসেবে আফ্রিকাতে ভারতের চেয়ে প্রায় ১০ গুণ বেশি বিনিয়োগ করতে হবে ভারতিকে। এই বিপুল পরিমাণ খরচের বোঝা নিয়ে কত দিনে ভারতি আফ্রিকাতে লাভের মুখ দেখবে সেটাই এখন দেখার বিষয়।আফ্রিকায় দুর্নীতি ও অন্যান্য আইনশৃঙ্খলাজনিত কারণে পরিচালন খরচ বেড়ে যায় অনেক গুণ। তাই ভারতি ভারতে গ্রাহকদের অল্প খরচে যেভাবে মুঠোফোনসেবা দিয়ে আসছিল সেই নীতি আফ্রিকাতে কতটুকু কার্যকর হবে তা নিয়ে সংশয় রয়েছে অনেকের মধ্যেই। জেইনের মালিকানা ক্রয়ের মধ্য দিয়ে আফ্রিকার যে ১৫টি দেশে ভারতির ব্যবসা সম্প্রসারিত হতে যাচ্ছে, সেগুলোর প্রত্যেকটিতেই অস্থির রাজনীতি, দুর্নীতি, বিদ্যুত্ ঘাটতি এবং সর্বোপরি নানা ধরনের আইনশৃঙ্খলাজনিত পরিস্থিতি বিশাল সব সামাজিক সমস্যা হিসেবে চিহ্নিত। ভারতির মালিকানা গ্রহণের আগে এ দেশগুলোতে জেইনের ব্যবসা ছিল নড়বড়ে। ভারতি এ দেশগুলোতে ব্যবসা সম্প্রসারণ করলেও ডলারের বিপরীতে এ ১৫টি দেশের মুদ্রার নিম্ন বিনিময় মূল্যের কারণে লাভের মুখ সুদূর পরাহত হতে পারে। কারণ, ব্যবসার জন্য যেসব পরিচালন ব্যয় ভারতিকে করতে হবে সেগুলো হবে ডলারে। তাই সম্প্রসারিত বাজারগুলোর মুদ্রার মান ভারতিকে বিপাকে ফেলবে বলে মনে করেন বাজার বিশ্লেষকেরা। এর পাশাপাশি লাইসেন্স ফি ও আনুষঙ্গিক খরচ তো আছেই। ভারতি এয়ারটেল ভারতে বিশেষ একটি প্রক্রিয়ায় ব্যবসা পরিচালনা করে থাকে। এটি আউট সোর্সিংয়ের মাধ্যমে বিক্রয় ও বিপণন কার্যক্রম চালায় এবং অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে নেটওয়ার্ক শেয়ার করে থাকে। ভারতের বিশাল বাজার ও গ্রাহকদের কথা বলার ধরন ভারতিকে কম খরচে মুঠোফোন সেবাদানে উদ্বুদ্ধ করেছে। আফ্রিকাতে একই প্রক্রিয়ায় ব্যবসা করা একটু ঝুঁকিপূর্ণই হবে। কারণ, সেখানে গ্রাহকদের মুঠোফোন ব্যবহারের ধরন ভারতের চেয়ে অনেক রক্ষণশীল। ভারতে মুঠোফোন সিমের বিতরণব্যবস্থা অনেকটাই বড় পরিসরে করে থাকে সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো। এ ক্ষেত্রে তাদের বিপণন কৌশল হচ্ছে মুদি-মনোহারি দোকানের মতো ছোট দোকানের মাধ্যমেও সিম বিক্রি করা। কিন্তু বিশ্লেষকেরা মনে করেন, আফ্রিকার দেশগুলোতে এ ধরনের বিতরণব্যবস্থা গ্রহণের সময় এখনো আসেনি। সব মিলিয়ে আফ্রিকা মহাদেশে ভারতের সবচেয়ে জনপ্রিয় ও বৃহত্ মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠান ভারতি কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি। সামাজিক পরিস্থিতির পাশাপাশি এমটিএন, ভোডাকম ও মিলিকমের মতো শক্তিশালী সেবাদানকারী প্রতিষ্ঠানের দিক দিয়েও এই চ্যালেঞ্জ হবে কঠিন থেকে কঠিনতর। রয়টার্স