আফ্রিদি আটকাবেন টেন্ডুলকারকে!
মঞ্চ প্রস্তুত। সেঞ্চুরির সেঞ্চুরি দেখার জন্য কোটি কোটি চোখে স্বপ্নের মায়াঞ্জন। তার ওপর বিশ্বকাপের সেমিফাইনাল। প্রতিপক্ষ সেই পাকিস্তান, যাদের সঙ্গে ক্রিকেটের প্রতিটি লড়াইয়ে প্রতি মুহূর্তে যুদ্ধের গন্ধ পায় ক্রিকেটপাগল দেশটি। এই যুদ্ধে কি জিততে পারবে ভারত?শহীদ আফ্রিদি ভারতের এই স্বপ্নকে থামিয়ে দিতে চান। পাকিস্তান অধিনায়কের হুংকার, মোহালিতে শচীন টেন্ডুলকারের সেঞ্চুরির সেঞ্চুরি পূরণ হতে দেবেন না। আফ্রিদি বললেন, তাঁকে এটা পেতে হলে বিশ্বকাপের শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, ‘আন্তর্জাতিক ক্রিকেটের শততম সেঞ্চুরিটা শচীন যদি পায়, তা বিশ্বকাপ শেষ হওয়ার পরই। কারণ একটাই, শুধু ও কেন, আমরা ভারতের কোনো খেলোয়াড়কেই বড় ইনিংস খেলতে দেব না।’সাম্প্রতিক যে ফর্ম তাতে সেমিফাইনালে পাকিস্তানই জিতবে বলে ওয়ানডের দ্রুততম সেঞ্চুরির মালিকের বিশ্বাস, ‘এটা ক্রিকেট খেলা। দুই দলই দাবি করতে পারে যে তারা জিতবে। কিন্তু আমাদের সম্প্রতিক ফর্মের কথা চিন্তা করলে আমার দৃঢ়বিশ্বাস, ভারতকে হারাতে পারব আমরা।’ভারতের সঙ্গে খেলতে পাকিস্তানি খেলোয়াড়েরা ব্যাকুল বলে জানালেন আফ্রিদি, ‘খেলোয়াড়েরা এই লড়াইটা চেয়েছিল। আমরা ওদিকেই তাকিয়ে আছি। আমরা জানি এই ম্যাচে প্রত্যাশা অনেক বেশি। তবে আমি খেলোয়াড়দের বলেছি, এ রকম একটি চরম উত্তেজনাপূর্ণ ম্যাচে দিনশেষে যারা স্নায়ুচাপটা ধরে রাখতে পারে তারাই জেতে।’ঘরের মাঠে খেলা বলে পাকিস্তানের চেয়ে ভারতের ওপরই বেশি চাপ থাকবে বলে মনে করছেন আফ্রিদি, ‘সাধারণত এই দুটি দল যখন খেলে মানুষের প্রত্যাশার কারণে দুটি দলের ওপরই চাপ থাকে। এবার ভারত ঘরের মাঠে নিজেদের দর্শকের সামনে খেলবে। তাই আমাদের চেয়ে চাপটা তাদের ওপরই বেশি থাকবে।’মুখোমুখি লড়াইয়ে পাকিস্তান এগিয়ে থাকলেও একটা জায়গায় তারা ভারতের চেয়ে যোজন-যোজন দূরে। বিশ্বকাপে কখনোই ভারতের সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। এ কারণে গুল, মিসবাহ্রা বাড়তি একটা চাপ অনুভব করতেই পারে। কিন্তু আফ্রিদি সাফ জানিয়ে দিয়েছেন, এটা কোনো প্রভাব ফেলবে না, ‘সেটা ইতিহাস। এবার আমাদের ইতিহাস পাল্টে দেওয়ার অভ্যেস হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা জয়ের মধ্যে আছি। এ কারণে খেলোয়াড়েরা বড় ম্যাচের জন্য প্রস্তুতই আছে।’দুই দেশের সমর্থকদের প্রতি পাকিস্তান অধিনায়কের একটাই দাবি, এই ম্যাচ নিয়ে তারা যেন বাড়াবাড়ি না করে। সবারই মনে রাখা উচিত এটা স্রেফ একটা ক্রিকেট ম্যাচ। ওয়েবসাইট।