আফ্রিদিদের অপেক্ষায় জয়াবর্ধনে
প্রথম ম্যাচটি শ্রীলঙ্কা জিতেছে ২১০ রানের বিশাল ব্যবধানে। কানাডা তাদের একটুও পরীক্ষা নিতে পারেনি। সহজেই উতরে গেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। কিন্তু আসল পরীক্ষা তো সামনে। সামনের ম্যাচেই পাকিস্তানকে পাচ্ছে শ্রীলঙ্কা। ২৬ ফেব্রুয়ারি কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দু দল। তবে এ নিয়ে কোনো ভয় নেই শ্রীলঙ্কার মনে। বরং পাকিস্তানের অপেক্ষায় রোমাঞ্চ নিয়েই অপেক্ষা করছে সাঙ্গাকারার দল।সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে বলেছেন বিশ্বকাপে তাঁদের প্রথম কঠিন পরীক্ষা পাকিস্তানের বিপক্ষে। ওই ম্যাচকে ঘিরেই আপাতত তাদের অখণ্ড মনোযোগ। কানাডার বিপক্ষে মাত্র ৮০ বলে সেঞ্চুরি করা জয়াবর্ধনে বলেছেন, ‘যেকোনো টুর্নামেন্টের প্রথম ম্যাচটি সব সময়ই গুরুত্বপূর্ণ। এখন আমাদের দৃষ্টি পাকিস্তান ম্যাচটির দিকে। ওরা খুব ভালো দল।’পাকিস্তানের ভয়ংকর রূপটা জয়াবর্ধনের চেনা, ‘পাকিস্তানের বেশ কয়েকজন খুব ভালো খেলোয়াড় আছে, তাদের সঙ্গে প্রায়ই খেলা হয় বলেই জানি তারা কতটা ভয়ংকর হতে পারে। তাই আমাদের ঠিকভাবে প্রস্তুত হতে হবে ও ইতিবাচক মানসিকতা নিয়ে খেলতে হবে।’কানাডার বিপক্ষে বিশ্বকাপ ইতিহাসের চতুর্থ দ্রুততম সেঞ্চুরি করেছেন জয়াবর্ধনে। কিন্তু তিনি যে তাঁরই সাবেক সতীর্থ জয়াসুরিয়ার রেকর্ড ভেঙে গড়েছেন নতুন শ্রীলঙ্কান রেকর্ড, এটা জানতেন না। নতুন একটা রেকর্ডের মালিক হলে কে না খুশি হয়! তবে ২০০৭ বিশ্বকাপের লঙ্কান অধিনায়ক আনন্দটাকে লুকিয়ে দলের জয়টাকেই দেখছেন বড় করে, ‘তাঁরা আমাকে বলার আগ মুহূর্ত পর্যন্ত ব্যাপারটা জানতাম না, কিন্তু দলের শুরুটা ভালো হওয়ায় আমি বেশ খুশি।’ চার বছর আগে পোর্ট অব স্পেনে বাংলাদেশের বিপক্ষে জয়াসুরিয়া ৮৫ বলে সেঞ্চুরি করেছিলেন। এএফপি।