আফ্রিদির চাওয়া আশিসের অপেক্ষা
শহীদ আফ্রিদি যেন তৈরিই ছিলেন। ‘এমন ব্যাটিং...’ এক পাকিস্তানি সাংবাদিক এটুকু বলতেই মুখের কথা কেড়ে পাকিস্তান অধিনায়ক বললেন, ‘খুব বাজে ব্যাটিং। বাজে শট সিলেকশন। ভালো দলের বিপক্ষে জিততে হলে আমাদের অনেক উন্নতি করতে হবে। এটা আমাদের জন্য দারুণ একটা ওয়েক-আপ কল।’উত্তর শুনে অনেকেই হতাশ। যেটা নিয়ে খোঁচানোর প্রস্তুতি নিয়ে এসেছেন, সেটাই যদি পুরোপুরি মাথা পেতে নেন, তাহলে কি আর খোঁচানোর মজা থাকে! কানাডার বিপক্ষে পরশু পাকিস্তানের হতাশাময় ব্যাটিং নিয়ে আলোচনা তবু চলতেই থাকল। থামানোর ব্যবস্থা করলেন আফ্রিদি, ‘আগের ম্যাচের চেয়ে এই উইকেটটা ছিল অন্য রকম। আকাশ মেঘলা ছিল, বল একটু সুইং করছিল। উইকেটে পড়ে একটু ধীরেও আসছিল। এখানে ধৈর্য ধরে খেলা প্রয়োজন ছিল। মিসবাহ, উমর আকমল বা আমার উচিত ছিল, আরও বড় ইনিংস খেলার। তাতে ব্যাটিং প্র্যাকটিসটাও ভালো হতো, দলের রানও বাড়ত। কিন্তু আমরা পারিনি। ব্যাপারটা সিরিয়াসলি নিতে হবে। টপ অর্ডার ব্যাটসম্যানদের ভালো খেলতে হবে। আমাদের শুরুটা ভালো হচ্ছে না। আশা করি, সামনের দিনগুলোয় ভালো হবে।’আফ্রিদির সংবাদ সম্মেলন হবে আর হাস্যরসিকতার ফোয়ারা ছুটবে না, তা তো আর হয় না। ইউডিআরএসের ব্যবহার, কার্যকারিতা ইত্যাদি জটিল সব প্রসঙ্গেও সবাইকে হাসিয়ে ছাড়লেন তিনি, ‘আমার তো মনে হয়, এটা ভালো। দুটোকেই বরং কম মনে হচ্ছে, চারটা করে দিলে কী হয়! অন্তত আমার তাহলে খুব ভালো হবে, আরও বেশি উইকেট পাব!’এমন হাসি, চোখেমুখে স্বস্তি। অথচ আরেকটু হলে কী বিব্রতকর অবস্থাতেই না পড়তে যাচ্ছিলেন! পরশু আফ্রিদি ছিলেন যেন সব উজাড় করে দেওয়ার প্রতিজ্ঞায়। স্বীকার করে নিলেন প্রথম ইনিংসের পর ভয় পেয়ে গিয়েছিলেন, ‘হ্যাঁ, সত্যি বলতে প্রথম ইনিংসের পর গত বিশ্বকাপের আয়ারল্যান্ড ম্যাচের কথা মনে পড়ে গিয়েছিল। তবে কাউকে বুঝতে দিইনি। ছেলেদের শুধু বলেছিলাম, আমরা কিন্তু এই ম্যাচ জিতছি। কোনো নেতিবাচক চিন্তা যেন কারও মাথায় ঠাঁই না পায়।’গত বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে দিয়েছিল আয়ারল্যান্ড, আফ্রিদির তো ওই ঘটনা জানাই। আর আশিস বাগাইয়ের প্রেরণা ছিল এই বিশ্বকাপের আয়ারল্যান্ড। প্রথম দুই ম্যাচে বিধ্বস্ত দলটির ঘুরে দাঁড়ানোর কৃতিত্ব কানাডা অধিনায়ক দিলেন আয়ারল্যান্ডকে, ‘আয়ারল্যান্ডের জয়টা ছিল অসাধারণ, ওদের এই পারফরম্যান্স যেকোনো সহযোগী দেশের জন্য হবে অনুপ্রেরণা। আমরাও এমন কিছু করার সুযোগ পেয়েছিলাম। কিন্তু ভালো একটা সুযোগ হাতছাড়া হয়ে গেল।’আশিসের এই আফসোস হয়তো অনেক দিনই থাকবে। পাকিস্তানের মতো ‘দৈত্য’কে এভাবে বাগে তো আর প্রতিদিনই পাওয়া যায় না!