ক্যাচ ফেললে ম্যাচ ফেলতে হয়। ক্রিকেটের বহুল চর্চিত এই প্রবাদটি কী নিদারুণভাবে মুখ বসাল নিউজিল্যান্ড-পাকিস্তান ম্যাচে। শ্রীলঙ্কার ক্যান্ডিতে গত পরশু উইকেটরক্ষক কামরান আকমলের ফেলা ক্যাচগুলো দিনশেষে নিউজিল্যান্ডের পক্ষে ম্যাচটির বড় টার্নিং পয়েন্ট হয়ে রইল, দু-দলই এরই মধ্যে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলায় এ ম্যাচের ফলাফল বিশ্বকাপের গতি-প্রকৃতির ওপর তেমন প্রভাব হয়তো ফেলবে না।তবে ভেট্টোরিবিহীন নিউজিল্যান্ড আক্রমণের বিপক্ষে পাকিস্তানের জিততে না পারা আফ্রিদির দলকে অস্ট্রেলিয়ার সঙ্গে খুব একটা সুখপ্রদ অবস্থানে রাখছে না। নকআউট পর্বে পৌঁছানোর আগে পাকিস্তান যে দুর্দমনীয় ভাবের উন্মেষ ঘটিয়েছিল, তা ব্যাহত হলো অনেকখানি। কোয়ার্টার ফাইনালটা কোথায় খেলবে, সেটার একটা ইচ্ছা-অনিচ্ছা পাকিস্তানের ছিল, গ্রুপের শীর্ষে থাকতে পারলে সেই ইচ্ছার পথে তারা হাঁটতে পারত, নিউজিল্যান্ডের জয় অস্ট্রেলিয়াকেও পাকিস্তানের বিপক্ষে একটা বাড়তি অনুপ্রেরণা দেবে, সুতরাং এ ম্যাচ হেরে পাকিস্তান ভালোই ক্ষতিগ্রস্ত হলো বলা যায়। পরাজয়ের ধরন মানসিকভাবে নিজেদের টেনে তোলার একটি বাড়তি দায়ও চাপিয়েছে। আমরা দেখলাম, দিনের সূর্যটা পাকিস্তানের পক্ষেই উঠেছিল, সূর্যটাকে টেনে ডুবিয়ে দিল মূলত ওই ক্যাচ ফেলা।কথা হতে পারে, সকাল সকাল ক্যাচ ফেলার পরও প্রথম ৪০ ওভারের নিয়ন্ত্রণ তো পাকিস্তানেরই ছিল, শেষ ১০ ওভারে কিউইদের ব্যাটিং তাণ্ডব ও ৩০০ পেরিয়ে যাওয়া তো ব্যতিক্রমী ক্রিকেট বিস্ময়ের নির্মাণ। ব্যাটসম্যানরা ক্রিকেটকে অলৌকিক প্রহরে নিয়ে গেলে বোলিং পক্ষের হতবুদ্ধি না হয়ে আর করার কী থাকে, ওই রকম হতাশার প্রহর ক্রিকেটে সবাইকে গুনতে হয়। এদিন নির্দিষ্ট ছিল নিউজিল্যান্ডের, এদিন পাকিস্তানের ছিল না। কথাটা ঠিক হলো না। আসলে দিনটি ছিল রস টেলরের। ২৭তম জন্মদিনটি এই প্রতিভাবান ব্যাটসম্যান শুধু শতরানেই উদ্যাপন করলেন না, সুযোগ পেলে, ভাগ্যের সহায়তা পেলে, সেটাকে কেমন পেশাদারিত্বে ব্যবহার করে ফায়দা ওঠাতে হয়, তা চোখে আঙুল দিয়ে দেখালেন। একেবারে ইনিংসের গোড়াতেই তাঁকে দু-দুবার সুযোগ দিলেন কামরান। ধরতে পারলে শুরুতে বেহাল নিউজিল্যান্ড আরও বেহাল হতো, সুযোগগুলো কাজে লাগালেন শিল্পীর নৈপুণ্যে, দলীয় ইনিংস পুনর্নির্মাণ করলেন সতীর্থদের সহযোগে আর আমাদের দর্শনানন্দ বিলানো বোলিং সংহারে। শেষ বেলায় যার সঙ্গে ছিল জ্যাকব ওরামের আনন্দ সংযোগ। কামরান আকমলকে ধন্যবাদ, উনি ক্যাচ ফেলেছিলেন বলেই টেলরের অসাধারণ ইনিংসটা আমরা দেখতে পেলাম, গোধূলি বেলায় উড়ে উড়ে কূলায় ফিরছে সাগর বিহঙ্গের আর ও বিহঙ্গদের সঙ্গে শোয়েব আখতারদের লং অন থেকে মিড উইকেটে ওড়াচ্ছেন টেলর। কী আত্মবিশ্বাসী সব স্ট্রোক, কী অসাধারণ পায়ের কাজ, কী ভারসাম্যময় শক্তিপ্রয়োগ! চোখ জুড়াল, মন ভরে গেল।নিউজিল্যান্ড এদিন প্রাথমিক বিপর্যয় কাটিয়ে কঠিন ক্রিকেট খেলেছে, সময়কে ঘুরিয়ে সহজ জয় নির্মাণ করেছে। খাঁচিভরা ফুল ওদের প্রাপ্য। অন্যদিকে পাকিস্তানের ছিল অগোছালো ভাব। অধিনায়ক আফ্রিদি ছিলেন তুলনামূলক নিষ্প্রভ। অন্যদিন প্রতি বলে যেমন তাঁর অধিনায়কীয় চাঞ্চল্য থাকে, এদিন তা ছিল না, যেন কিছু একটা আঁচ করতে পেরেছিলেন। কামরান আকমলের মনোসংযোগ যথামাত্রায় ছিল না। টেলরের প্রথম খোঁচাটা তিনি জোড়া গ্লাভস হাতে চেয়ে চেয়ে দেখলেন, সাধারণত তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ ক্ষেত্রে উইকেটরক্ষকের ডান হাত উড়ে যায়। দ্বিতীয়টিতে সোজা বলের ওপর দুই হাতের খামচি। বল পড়ল, জন্ম হলো এদিনের বীরশ্রেষ্ঠর। আফ্রিদিরা এদিন যেন ছিলেন কেমন কেমন!