আবদুর রাজ্জাক ছিলেন দুঃসময়ে ঘুরে দাঁড়ানোর নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন আজ বুধবার বিকেল সাড়ে তিনটায় স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে শুরু হয়েছে। অধিবেশনের শুরুতেই স্পিকার বক্তব্য দেন। এরপর সদ্যপ্রয়াত সাংসদ আবদুর রাজ্জাক ও অন্যান্য সাংসদ এবং বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোকপ্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হয়। তবে আজ প্রধান বিরোধী দল বিএনপির কোনো সাংসদ যোগ দেননি।শোকপ্রস্তাবে আবদুর রাজ্জাকসহ অন্যান্যের কর্মময় জীবনের ওপর আলোচনা হয়। আলোচকেরা বলেন, যুদ্ধাপরাধের বিচারের মাধ্যমেই আবদুর রাজ্জাকের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা হবে।প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বলেন, ‘আবদুর রাজ্জাকের বিয়ের ঘটকালি করেছিলেন আমার মা। কনে দেখা হয় আমাদের বাড়িতে। ১৯৭৫ সালের পর আমি যখন দেশের বাইরে, তখন অনেকেই আমার সঙ্গে যোগাযোগ করতেন। আমি তাদের সবাইকে আবদুর রাজ্জাকের সঙ্গে কাজ করার পরামর্শ দিতাম। তিনি দুই-দুইবার ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তাতে আমার সমর্থন ছিল। তাঁর মৃত্যুতে আমরা একজন মুক্তিযোদ্ধা, দক্ষ সংগঠক, দেশপ্রেমিককে হারালাম।’তোফায়েল আহমেদ বলেন, ১৯৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুর পর অনেকের মতো আবদুর রাজ্জাকও কারাগারে যান। ১৯৭৮-এ কারামুক্ত হয়ে যেভাবে তিনি আওয়ামী লীগকে সংগঠিত করেছেন, তার তুলনা বিরল।সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, এখন যে রাজনীতি চলছে, তাতে নীতি, নৈতিকতা ও আদর্শের পতন হচ্ছে। এই দুঃসময়ে আবদুর রাজ্জাকের মৃত্যুতে নীতি, নৈতিকতা ও আদর্শের রাজনীতির পতন হয়েছে। ১৯৭৫ সালে কে এম ওবায়েদুর রহমান এবং শাহ মোয়াজ্জেমরা যখন অন্য রাজনীতিতে চলে যান, তখন রাজনৈতিক শূন্যতা মোকাবিলায় কাজ করে গেছেন রাজ্জাক। বিভিন্ন সময়ে অপমান, লাঞ্ছনার মধ্যেও তিনি হাসিমুখে কাজ করে গেছেন।আমির হোসেন আমু বলেন, যুদ্ধাপরাধের বিচার নিয়ে আবদুর রাজ্জাকের মধ্যে একধরনের উত্কণ্ঠা ছিল। এখন যুদ্ধাপরাধের বিচার নিয়ে যে ষড়যন্ত্র চলছে, তাতে রাজ্জাকের মতো নেতা পাশে থাকলে এই ষড়যন্ত্রকে শক্তভাবে মোকাবিলা করা যেত।রাশেদ খান মেনন বলেন, আবদুর রাজ্জাক মৃত্যুর আগের দিন পর্যন্ত বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিচ্যুত হননি। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তাঁর অবস্থান ছিল দৃঢ়। ঘাতক দালাল নির্মূল কমিটির আন্দোলনকে তিনিই সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন।শোকপ্রস্তাব আলোচনায় আরও অংশ নেন সংসদ উপনেতা সাজেদা চৌধুরী বলেন, রহমত আলী, শেখ ফজলুল করিম সেলিম, শাহজাহান খান, হাসানুল হক ইনু, রহুল আমিন হাওলাদার।আবদুর রাজ্জাক ছাড়াও আজ সাবেক সাংসদ রাশেদ মোশারফ, আবদুর রউফ, শামসুর রহমান খান শাহজাহান, এম এ কফিল উদ্দিন, এম এ ওহাব, হামিদুজ্জামান সরকার, মুহাম্মদ হামিদুল্লাহ খান, এম আর মজুমদার, নজরুল ইসলাম, আবদুল হাই, সাবেক প্রাদেশিক পরিষদ সদস্য নিত্যানন্দ দাস চৌধুরী, জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী, সাংবাদিক রশীদ তালুকদার, সংসদ সচিবালয়ের উপসচিব আবুল হোসেন এবং সহকারী সচিব নাজিম উদ্দিন খন্দকারের মৃত্যুতে শোকপ্রস্তাব গৃহীত হয়।উদ্বোধনী ভাষণে স্পিকার আবদুল হামিদ বলেন, সংসদ রাজনীতির প্রাণকেন্দ্র। জনগণের চাহিদা ও প্রত্যাশা পূরণের জন্য সংসদই হচ্ছে প্রধান কেন্দ্র। জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদের এসে জনগণের কথা বলা সাংসদদের পবিত্র দায়িত্ব। সংসদকে কাজে লাগিয়ে সরকারি ও বিরোধী দলের সাংসদেরা রাজনৈতিক উদ্দেশ্য অর্জনে এগিয়ে যেতে পারেন। তাই সংসদকে কার্যকর করার ক্ষেত্রে সরকারি পাশাপাশি বিরোধী দলকেও ভূমিকা রাখতে হবে।স্পিকারের ভাষণের পর রাষ্ট্রপতির জারি করা পাঁচটি অধ্যাদেশ আইনে পরিণত করার জন্য বিল আকারে সংসদে উত্থাপন করা হয়। এগুলো হলো মানবপাচার প্রতিরোধ ও দমন অধ্যাদেশ ২০১১, সরকারি কর্মচারীর অবসর (সংশোধন) অধ্যাদেশ ২০১১, অপরাধ-সম্পর্কিত পারস্পরিক সহায়তা অধ্যাদেশ ২০১২, মানি লন্ডারিং প্রতিরোধ অধ্যাদেশ ২০১২ এবং সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ ২০১২।