আবদুর রাজ্জাকসহ ১৬৮ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের সঙ্গে জামায়াতের নেতা-কর্মীদের গতকালের সংঘর্ষের ঘটনায় দলটির সহকারী সেক্রেটারি জেনারেল আবদুর রাজ্জাকসহ ১৬৮ জনকে আসামি করে আজ মঙ্গলবার পুলিশ পল্টন থানায় দ্রুত বিচার আইনে মামলা করেছেন।এ নিয়ে সোমবারের সংঘর্ষের ঘটনায় রাজধানীতে আটটি মামলা হয়েছে। এর মধ্যে রমনা থানায় পুলিশের দায়ের করা দুটি মামলায় জামায়াতের কেন্দ্রীয় প্রচার সম্পাদক তাসনীম আলম, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ইজ্জত উল্লাহসহ প্রায় ৪০ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ মঙ্গলবার বিকেল তিনটায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে নিয়ে যাওয়া হয়।ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) মাসুদুর রহমান এ তথ্য জানিয়েছেন।পুলিশের ওপর হামলা, গাড়ি পোড়ানো ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে জামায়াতের নেতা-কর্মীদের বিরুদ্ধে রমনা থানায় দুটি ও পল্টন থানায় দুটি মামলা করে পুলিশ। এর মধ্যে রমনা থানার দুটি মামলায় ১২৮ জনের এবং পল্টন থানায় দুটি মামলায় ১৪৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও দুই-তিন হাজার লোককে আসামি করা হয়।এ ছাড়া গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়ির মালিকেরা বাদী হয়ে গতকাল রাতে রমনা থানায় চারটি মামলা করেছেন।