আবদুল আলিম গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে বিএনপির সাবেক মন্ত্রী আবদুল আলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার রাত সোয়া নয়টার দিকে জয়পুরহাট শহরের নিজ বাসভবন থেকে থানা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।এর আগে আবদুল আলিমকে গ্রেপ্তারের জন্য তাঁর বাসভবন ঘেরাও করে রাখে পুলিশ। স্বাস্থ্যপরীক্ষার পর তাঁকে সরাসরি ঢাকায় নিয়ে যাওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।জয়পুরহাটের পুলিশ সুপার মোজাম্মেল হক মুঠোফোনে প্রথম আলোকে জানান, আজ রাতে আবদুল আলিমকে গ্রেপ্তার করা হয়েছে। কাল সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাঁকে হাজির করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আজ বেলা পৌনে তিনটার দিকে জয়পুরহাট পুলিশ সুপারের কার্যালয়ে ফ্যাক্সযোগে তাঁর গ্রেপ্তারি পরোয়ানা আসে। ওই পরোয়ানা হাতে পাওয়ার পর পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।এর আগে সকালে একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে বিএনপির সাবেক মন্ত্রী আবদুল আলিমকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।ট্রাইব্যুনালের ৩৪-এর ১ ধারা অনুসারে আবদুল আলিমকে গ্রেপ্তারের ২৪ ঘণ্টার মধ্যে ট্রাইব্যুনালে হাজির করতে বলা হয়েছে। এ ক্ষেত্রে তাঁর স্বাস্থ্যগত দিকটি বিবেচনা করতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।