গণহত্যা ও হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের ১৭টি অভিযোগ৯ জুলাই রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ শুরু
আবদুল আলীম অভিযুক্ত
একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় এবার অভিযুক্ত হলেন বিএনপির সাবেক মন্ত্রী আবদুল আলীম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গতকাল সোমবার তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদেশ দিয়েছেন। আদেশে তাঁর বিরুদ্ধে গণহত্যা ও হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের ১৭টি অভিযোগ আনা হয়েছে।অভিযোগ গঠনের মধ্য দিয়ে আলীমের বিরুদ্ধে মামলার বিচার শুরু হলো। আগামী ৯ জুলাই রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।এ নিয়ে ট্রাইব্যুনাল-২-এ থাকা চারটি মামলার মধ্যে তিনটির আনুষ্ঠানিক বিচার শুরু হলো। এর আগে জামায়াতে ইসলামীর দুই সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।সকাল সাড়ে ১০টার দিকে বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি ওবায়দুল হাসান ও মো. শাহিনুর ইসলাম। শারীরিক কারণে জামিনে থাকা আলীম ট্রাইব্যুনালে হাজির ছিলেন। ট্রাইব্যুনালের চেয়ারম্যান প্রায় দুই ঘণ্টা ধরে অভিযোগ গঠনের বিষয়ে লিখিত আদেশ পড়ে শোনান। আসামির পরিচিতিতে ট্রাইব্যুনাল বলেন, ভারতের পশ্চিমবঙ্গের হুগলি থানাধীন পাঁদুয়া গ্রাম থেকে আলীমের পরিবার ১৯৫০-৫১ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের জয়পুরহাটে এসে বসবাস শুরু করেন। ১৯৫৮ সালে তিনি মুসলিম লীগে যোগ দেন এবং ১৯৬২ সালে তিনি দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হন। একাত্তরে তিনি কনভেনশন মুসলিম লীগের প্রভাবশালী নেতা ছিলেন। মুক্তিযুদ্ধের সময় তিনি জয়পুরহাটের বিশিষ্ট পাট ব্যবসায়ী শাওনলাল বাজলার গদিঘর দখল করে সেখানে পাকিস্তানি সেনাদের ক্যাম্প, শান্তি কমিটির কার্যালয়, রাজাকারদের প্রশিক্ষণ কেন্দ্র এবং পাকিস্তানি সেনাবাহিনীর মেজর আফজালের থাকার ব্যবস্থা করেন। ১৯৭৯ সালে তিনি বিএনপিতে যোগ দেন এবং সাংসদ নির্বাচিত হন। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকারের মন্ত্রিসভার সদস্য ছিলেন তিনি।আদেশের পরবর্তী অংশে ট্রাইব্যুনাল আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের পক্ষে-বিপক্ষে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের উপস্থাপিত যুক্তিগুলো তুলে ধরেন। বিচারিক-প্রক্রিয়া নিয়ে আসামিপক্ষের উত্থাপিত কয়েকটি আইনগত প্রশ্নেরও ব্যাখ্যা দেওয়া হয়। ট্রাইব্যুনাল এ-সংক্রান্ত পর্যবেক্ষণে বলেন, সাক্ষীদের জবানবন্দি ও নথিপত্র অনুসারে প্রাথমিক অভিযোগ (প্রাইমা ফেসি) মেলে যে আসামি রাজাকার বাহিনীর সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ও শান্তি কমিটির আঞ্চলিক নেতা ছিলেন। তবে একমাত্র বিচারের মাধ্যমেই এর সত্যতা নির্ধারণ করা সম্ভব।অভিযোগ: এ পর্যায়ে ট্রাইব্যুনাল আলীমের বিরুদ্ধে ১৭টি অভিযোগ পড়ে শোনান। তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩-এর ৩(২)(এ), (সি), (জি) ও ৪(১) ধারায় অভিযোগগুলো গঠন করা হয়েছে। প্রথম অভিযোগ অনুসারে, একাত্তরের ২০ এপ্রিল বিকেলে আলীম পাকিস্তানি সেনাদের নিয়ে জয়পুরহাটের পাঁচবিবি থানার দমদমা গ্রামে মেহের উদ্দিন চৌধুরীর বাড়িতে লুণ্ঠন ও অগ্নিসংযোগ করেন। এর ফলে তিনি দেশান্তর হতে বাধ্য হন। দ্বিতীয় অভিযোগে বলা হয়, ২৬ এপ্রিল আলীম পূর্বপরিকল্পনা অনুসারে মেজর আফজাল, পাকিস্তানি সেনা ও শান্তি কমিটির সদস্যদের নিয়ে হিন্দু-অধ্যুষিত কড়ই, কাঁদিপুর, চকপাড়া, সোনারপাড়া, পালপাড়া, মুন্সিপাড়া গ্রামে হামলা চালান। হিন্দুদের বাড়িঘরে লুণ্ঠন, অগ্নিসংযোগের পর ৩৭০ জন নিরস্ত্র হিন্দুকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে হত্যা করা হয়। অশ্বিনী কুমার দেবনাথকে জীবন্ত কবর দেওয়া হয়।তৃতীয় অভিযোগ অনুসারে, ১৮ জুন আলীমের নির্দেশ ও প্ররোচনায় শান্তি কমিটির সদস্য রিয়াজ মৃধা ১১ জন পাকিস্তানি সেনা নিয়ে জুমার নামাজের আগে ও পরে ২২ জন মুসল্লিকে ধরে আনে। মসজিদের আশপাশ থেকে তারা আরও ৫০০ নিরস্ত্র মানুষকে ধরে এনে জনৈক আফাজের বাড়ির উঠানে তিনটি সারিতে দাঁড় করায়। রিয়াজ পাকিস্তানি সেনাদের একটি তালিকা দেয়, যা অনুসরণ করে সেনারা মুক্তিযুদ্ধের পক্ষের ও আওয়ামী লীগপন্থী ২৮ জনকে চিহ্নিত করে বাকিদের ছেড়ে দেয়। পরে ওই ২৮ জনকে হাত বেঁধে একটি মাটির ঘরে নিয়ে হত্যার চেষ্টা করা হয়। এতে ২২ জন মারা যান, বাকিরা পালাতে সক্ষম হন।চতুর্থ অভিযোগে বলা হয়, মে মাসের প্রথম দিকে আলীমের নির্দেশে পাকিস্তানি সেনাদের নিয়ে শান্তি কমিটির সদস্য ও রাজাকাররা কোকতারা, ঘোড়াপা, বাগজানা, কোটাহারা গ্রামের নিরস্ত্র মানুষের ওপর হামলা চালায়। মুক্তিযুদ্ধের পক্ষের ১৯ জনকে হত্যা করা হয়। পঞ্চম অভিযোগ অনুসারে, মে মাসের ৯ থেকে ১৫ তারিখের মধ্যে আলীমের নির্দেশ ও উসকানিতে রাজাকার, শান্তি কমিটির সদস্য ও পাকিস্তানি সেনারা জয়পুরহাটের পাগলা দেওয়ান নামক স্থানে কয়েকজন গ্রামবাসীকে দিয়ে কয়েকটি গর্ত খোঁড়ায়। এসব গর্তে অজ্ঞাতনামা ৬৭ জন নিরস্ত্র হিন্দু ব্যক্তির মরদেহ চাপা দেওয়া হয়। তাঁদের সাতজনকে গ্রামবাসীর সামনে হত্যা করা হয়।ষষ্ঠ অভিযোগ অনুসারে, মে মাসের প্রথম দিকে আক্কেলপুরের আবদুস সালামসহ ১০ জনকে ভারতে যাওয়ার পথে নূরপুর গ্রামে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, শান্তি কমিটির সদস্য ও রাজাকাররা ধরে স্থানীয় সৈয়দ আলীর বাড়িতে আটকে রাখে। পরে তাঁদের আলীমের নির্দেশ অনুসারে পাকিস্তানি সেনাদের হাতে তুলে দেওয়া হয়। এরপর তাঁদের নয়জনকে কোকতারা গ্রামের বকুলতলা এলাকায় হত্যা করা হয়, মোফাজ্জল নামের একজন পালাতে সক্ষম হন। সপ্তম অভিযোগে বলা হয়, ২৬ মে আলীমের পরামর্শ ও নির্দেশে রাজাকার ও পাকিস্তানি সেনারা পাঁচবিবি থানার নওদা গ্রাম থেকে চারজনকে ধরে এনে বালিঘাটা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আটকে রাখার পর কালী সাহার পুকুরের পাশে নিয়ে হত্যা করে।নবম অভিযোগে বলা হয়, ১৪ জুন শান্তি কমিটির সদস্যরা মুক্তিযোদ্ধা সন্দেহে ১৫ যুবককে ধরে শাওনলাল বাজলার গদিঘরে নিয়ে আটকে রাখে। মেজর আফজালের সঙ্গে পরামর্শ করে আলীম তাঁদের হত্যার সিদ্ধান্ত নেন। ওই সিদ্ধান্ত অনুসারে তাঁদের পশ্চিম আমাত্রা গ্রামে নিয়ে নির্যাতন ও হত্যা করে গণকবর দেওয়া হয়। দশম অভিযোগে বলা হয়, জুনের শেষ দিকে আলীমের সিদ্ধান্তে রাজাকার ও শান্তি কমিটির সদস্যরা ২৬ জন ব্যক্তিকে মুক্তিযোদ্ধা সন্দেহে ধরে ট্রাকে করে জয়পুরহাট রেলস্টেশনে নিয়ে যায়। আলোখেলা স্টুডিওর মালিক মোতাসিম বিল্লাহকে আলীম নিয়ে আসেন এবং তিনি ওই ২৬ জনের সঙ্গে আলীমের ছবি তোলেন। পরে ওই ২৬ জনকে জয়পুরহাট কলেজে নিয়ে হত্যা করা হয়।একাদশ অভিযোগ অনুসারে, ২৫ থেকে ৩০ জুনের মধ্যে ১৪ জন গাড়োয়ানসহ (গরুর গাড়িচালক) ১৯ জনকে ধরে শান্তি কমিটির কার্যালয়ে আটক রাখা হয়। তাঁদের ছাড়াতে গিয়ে আলীমের নির্দেশে আত্মীয়েরাও আটক হন। পরে সবাইকে খঞ্জনপুর কুঠিবাড়ি সেতুর কাছে নিয়ে হত্যা করে লাশ নদীতে ফেলে দেওয়া হয়। দ্বাদশ অভিযোগে বলা হয়, ২৪ জুলাই আলীমের নির্দেশে রাজাকাররা দেবীপুর কাজীপাড়া থেকে ডা. আবুল কাশেমকে ধরে আনার পর ২৬ জুলাই তাঁকে হত্যা করা হয়।১৫তম অভিযোগে বলা হয়, মুক্তিযুদ্ধকালে জয়পুরহাট চিনিকলে স্থাপিত সেনাক্যাম্পে ২৫ জন ব্যক্তিকে ২৫ অক্টোবর থেকে আটক রাখা হয়। আলীম ও পাকিস্তানি কর্নেলের সিদ্ধান্তে অষ্টম রাতে তাঁদের হত্যা করা হয়। ১৭তম অভিযোগে বলা হয়, নভেম্বরের শেষ দিকে ইস্ট পাকিস্তান রেজিমেন্টের ১৭ উইংয়ের সুবেদার মেজর জব্বল হোসেন হত্যার সঙ্গেও আলীম জড়িত ছিলেন।আলীমের বক্তব্য: অভিযোগ পড়া শেষে ট্রাইব্যুনাল আলীমের কাছে জানতে চান, তিনি দোষী না নির্দোষ। আলীম নিজেকে নির্দোষ দাবি করে বলেন, ‘আমার বিরুদ্ধে সব মিথ্যা ঘটনা আনা হয়েছে।’ তিনি ট্রাইব্যুনালের অনুমতি নিয়ে বলেন, ‘আমি ছাত্রজীবন থেকে প্রগতিশীল মানুষ। ভাষা আন্দোলনের জন্য জেল খেটেছি। আমাকে স্থানীয় শান্তি কমিটি ও রাজাকার বাহিনীর নেতা বলা হয়েছে, এর কোনো ভিত্তি নেই।’আলীম বলেন, ‘আমার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, কারণ বিএনপির সময় আমি মন্ত্রী ছিলাম। আমার আগে-পরে জয়পুরহাট থেকে কোনো মন্ত্রী হয়নি। জয়পুরহাটের জন্য আমার অবদান আছে। জয়পুরহাট আমি গড়েছি। এখানকার ইট, মাটি আমার পক্ষে কথা বলবে। ভুল কতগুলো তারিখের ভিত্তিতে আমার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।’ শেষ দিকে তিনি বলেন, একাত্তরের ২০ এপ্রিল থেকে তিনি জনৈক মফিজ মেম্বারের বাড়িতে আত্মগোপনে ছিলেন। বিষয়টি তিনি জিজ্ঞাসাবাদের সময় তদন্ত সংস্থাকে বললেও তা তদন্তে আসেনি।পরে আসামিপক্ষের আইনজীবী মুন্সি আহসান কবীর সাংবাদিকদের বলেন, ‘প্রতিটি অভিযোগ খণ্ডন করা হবে। দশম অভিযোগে যে ২৬ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে, তাঁরা জীবিত আছেন। আলীম এটা বলেছেন। বিচারের সময় এ ব্যাপারে তথ্য-উপাত্ত দাখিল করা হবে।’রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত বলেন, ‘আলীম যদি আত্মগোপনেই থাকেন তাহলে একাত্তরের অক্টোবরে ছয়দলীয় জোটের সমন্বিত প্রার্থী হিসেবে তিনি কীভাবে প্রাদেশিক পরিষদের সদস্য পদে নির্বাচন করলেন এবং নির্বাচিত হলেন?’মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০১১ সালের ২৭ মার্চ আলীমকে তাঁর জয়পুরহাটের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। শারীরিক কারণে ওই বছরের ৩১ মার্চ থেকে তিনি জামিনে রয়েছেন।