বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের আদেশ পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন।জামিনে থাকা আবদুল আলীমের উপস্থিতিতে ট্রাইব্যুনাল বলেন, আসামি পক্ষ যে কারণ উল্লেখ করে অভিযোগ গঠনের আদেশ পুনর্বিবেচনা চেয়েছে, সেগুলো একমাত্র বিচারের মাধ্যমেই নির্ণয় করা সম্ভব। এ জন্য এ আদেশ পুনর্বিবেচনার কোনো সুযোগ নেই।গত ২৪ জুন এ আবেদনের ওপর শুনানি হয়। শুনানিতে আসামি পক্ষ বলে, আলীমের বিরুদ্ধে আনীত অভিযোগগুলোতে তাঁকে স্থানীয় শান্তি কমিটির চেয়ারম্যান ও স্থানীয় রাজাকার বাহিনীর প্রভাবশালী সদস্য বলা হয়েছে। কিন্তু আনুষ্ঠানিক অভিযোগে বলা হয়েছে, তিনি জয়পুরহাট মহকুমা শান্তি কমিটির চেয়ারম্যান ও স্থানীয় রাজাকার কমান্ডার ছিলেন। তাই এটি সংশোধন হওয়া প্রয়োজন। এর বিরোধিতা করে রাষ্ট্রপক্ষ বলে, সাক্ষীদের জবানবন্দি ও তদন্ত প্রতিবেদন পরীক্ষা-নিরীক্ষা করে ট্রাইব্যুনাল যা সঠিক মনে করেছেন, তা-ই করেছেন। গতকাল ছিল পুনর্বিবেচনার আবেদনের বিষয়ে আদেশ দেওয়ার ধার্য দিন।আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ১৭টি অভিযোগ এনে ১১ জুন ট্রাইব্যুনাল অভিযোগ গঠন করেন। ৯ জুলাই তাঁর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে।আলীমকে ২০১১ সালের ২৭ মার্চ জয়পুরহাট থেকে গ্রেপ্তার করা হয়।ট্রাইব্যুনাল-১-এর কার্যক্রম চলেনি: বিচারপতি নিজামুল হকের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল কোনো মামলার কার্যক্রম চলেনি। ট্রাইব্যুনালের রেজিস্ট্রার এ কে এম নাসিরুদ্দিন মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘আজও (বৃহস্পতিবার) ফলস সিলিং মেরামত ও পরীক্ষা-নিরীক্ষার কাজ চলায় মামলার কার্যক্রম হয়নি। আগামীকালও (শুক্রবার) এ কাজ চলবে।’ তিনি আশা প্রকাশ করেন, রোববার থেকে এ ট্রাইব্যুনালে মামলার নিয়মিত কার্যক্রম চলবে।গতকাল এই ট্রাইব্যুনালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষীকে জেরার দিন নির্ধারিত ছিল।গত বুধবার এই ট্রাইব্যুনালের এজলাসের ফলস সিলিংয়ের একটি টুকরো খসে পড়লে কার্যক্রম মুলতবি করা হয়। পরে গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলীরা ফলস সিলিংয়ের ক্ষতিগ্রস্ত অংশ মেরামত শুরু করেন। ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কার্যালয় জানায়, বৃষ্টির পানি জমে ফলস সিলিং ভারী হয়ে যাওয়ায় ওই ঘটনা ঘটেছে।