আবদুল আলীমের পুলিশি নিরাপত্তা চাইল রাষ্ট্রপক্ষ
মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে যাতায়াতের পথে বিএনপির নেতা আবদুল আলীমের পুলিশি নিরাপত্তা চেয়ে আজ বুধবার রাষ্ট্রপক্ষ আবেদন করেছে। শারীরিক অসুস্থতার কারণে তিনি জামিনে রয়েছেন।বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাসগুপ্ত আবেদনটি করেন।আবেদনে বলা হয়, মানবতাবিরোধী অপরাধের বিচার বাধাগ্রস্ত করতে আবদুল আলীমের ওপর হামলা করা হবে বলে বিডিনিউজ টোয়েন্টি ফোরসহ কয়েকটি সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। এই আশঙ্কা থেকে রাষ্ট্রপক্ষ মনে করছে, সুষ্ঠু বিচারের স্বার্থে আবদুল আলীমের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। তাই বিচার চলাকালে ট্রাইব্যুনালে যাওয়া-আসার পথে আবদুল আলীমের পুলিশি নিরাপত্তা দিতে আবেদন জানানো হয়।আলীমের আইনজীবী আহসানুল হকও এই নিরাপত্তা দেওয়ার প্রতি সমর্থন জানান। ট্রাইব্যুনাল এ সময় আবদুল আলীমের কাছে নিরাপত্তা নেওয়ার ব্যাপারে জানতে চাইলে তিনি তাতে সম্মতি জানান। পরে ট্রাইব্যুনাল এ বিষয়ে আদেশের জন্য আগামীকাল বৃহস্পতিবার দিন ধার্য করেন।