আবদুল জব্বার ভান্ডারী। বয়স ৭০ বছর। হাটবাজার, পথঘাট আর মাজারে গান গেয়ে বেড়ান। তিনি গেয়ে থাকেন লালন, হাসন আর শাহ আবদুল করিমের গান। হাতে থাকে একটা একতারা।আবদুল জব্বার জানান, তিনি গুরু মানেন দুজনকে। একজন শাহ আবদুল করিম, অপরজন খালেক দেওয়ান। তাঁদের অনুসরণ করেই ৫০ বছর ধরে গান গাইছেন। ৪৩ বছর আগে তিনি শেরপুর থেকে ঢাকায় আসেন বেতারে গান গাইতে। ওই অনুষ্ঠানে গান গেয়েছেন আবদুল আলীম ও নীনা হামিদ। গান গাইতে এসে ঢাকায় স্থায়ী হয়ে যান আবদুল জব্বার ভান্ডারী। শাহবাগ পিজি হাসপাতালের (বর্তমান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) নিচে কাটিয়েছেন অনেক বছর। এখন তিনি কখনো পিজি হাসপাতালের নিচে, কখনো চারুকলা, কখনো হাইকোর্ট আবার কখনো গোলাপ শাহ মাজারে রাত যাপন করেন।পুরো ঢাকা শহরে গান গেয়েছেন বলে জানান আবদুল জব্বার। আগে রাস্তাঘাটে গান গেয়ে দিনে ১৫০-২০০ টাকা পেতেন। এখন আর পাওয়া যায় না। তিনি জানান, ঢাকা শহরে বাউল-ফকির এখন বেশি, শহর থেকে একটু বাইরের গিয়ে গান গাইলে ২০০-৩০০ টাকা পাওয়া যায়। আবদুল জব্বার বলেন, ‘কয়েক দিন আগে গান গাইলাম আব্দুল্লাহপুর। তার আগের দিন কামারপাড়া, দত্তপাড়ায়।’তিনি জানান, এখন খাওয়া-খরচ বেড়েছে। আগে ছয়-সাত টাকায় খাওয়া হয়ে যেত। এখন খাওয়াদাওয়া, পান-সিগারেট বাবদ দিনে ১২০ টাকার মতো খরচ হয়।ভান্ডারী আবদুল জব্বারের গ্রামের বাড়ি শেরপুরের শ্রীবরদি থানার নোঙরপাড়া গ্রামে। সেখানে তাঁর স্ত্রী থাকেন। সংসারে তাঁর চার মেয়ে, এক ছেলে। তিন মেয়ের বিয়ে হয়ে গেছে।আবদুল জব্বার বলেন, ‘গ্রামের মানুষে কয়, আমি বউ-খাওয়া। আমার বউ-ভাগ্য খারাপ। চারটা বিয়া করছি। ছোট বউ ভালো গান গায়।’দিনের বেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থাকেন আবদুল জব্বার। তিনি বলেন, ‘চারুকলার ছাত্ররা আমারে আঁকে। আমি গান গাই। যখন পয়সাপাতি থাকে না, তখন ছাত্রদের কাছে চাইলে এক-দেড় শ টাকা পাই। মাসে মাসে বাড়ি যাই। ১০-১২ দিন বাড়িতে থাকি। দুই-তিন হাজার টাকা বাড়িতে দিয়া আসি। আমি মাইজ ভান্ডারী তরিকার লোক। আমার কি আর বাড়িঘর ভালো লাগে? মাজার-দরগা আমার জায়গা।’