আবদুল মান্নান সৈয়দ আর নেই
কবি-গবেষক-প্রাবন্ধিক আবদুল মান্নান সৈয়দ আজ সন্ধ্যা ছয়টা পাঁচ মিনিটে মারা গেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি ১৯৪৩ সালের ৩ আগস্ট পশ্চিমবঙ্গের চব্বিশ পরগণায় জন্মগ্রহণ করেন।বাংলাদেশের সাহিত্যজগতে তিনি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। বাংলাদেশে কবি জীবনানন্দ দাশকে নিয়ে তিনিই প্রথম গবেষণামূলক গ্রন্থ রচনা করেন। শুধু জীবনানন্দকে নিয়ে নয়, কাজী নজরুল ইসলাম, ফররুখ আহমদ, সিকানদার আবু জাফর প্রমুখ কবিকে নিয়ে তিনি মৌলিক গবেষণা করেন। ‘শুদ্ধতম কবি’, ‘নজরুল ইসলাম: কবি ও কবিতা’ প্রভৃতি তাঁর মৌলিক গবেষণাগ্রন্থ।ষাটের (১৯৬০) দশকের শক্তিশালী কবি হিসেবে সমহিমায় প্রতিষ্ঠিত। ‘জন্মান্ধ কবিতাগুচ্ছ’, ‘রৌদ্রের চিকিত্সা’, ‘সংবেদন ও জলতরঙ্গ’ প্রভৃতি তাঁর প্রধান কাব্য। ‘সত্যের মতো বদমাশ’, ‘মৃত্যুর অধিক’ প্রভৃতি তাঁর ছোটগল্প আর ‘পোড়ামাটির কাজ’, ‘হে সংসার লতা’ প্রভৃতি তাঁর উপন্যাস। নাটকসহ ভাষামাধ্যমের প্রায় সব শাখায় তিনি সক্রিয়ভাবে বিচরণ করেছেন।অধ্যাপনার মাধ্যমে তিনি তাঁর কর্মজীবন শুরু করেন। এর বাইরে তিনি নজরুল ইনস্টিউটের নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করেন। সাহিত্যে অবদানের জন্য তিনি ১৯৮১ সালে বাংলা একাডেমী পুরস্কারে ভূষিত হন। এ ছাড়া তিনি আলাওল সাহিত্য পুরস্কার, নজরুল পদক লাভ করেন।জানাজা: কাল সোমবার সকাল ১০টায় তাঁর মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য বাংলা একাডেমী প্রাঙ্গণে রাখা হবে। বাদ জোহর তাঁর জানাজা অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ চত্বরে। তাঁকে দাফন করা হবে আজিমপুর কবরস্থানে।