আবদুল মান্নানের বাসায় হামলা-ভাঙচুর
ঢাকা জেলা বিএনপির সভাপতি আবদুল মান্নানের ধানমন্ডি ১ এর ২৩/এ নম্বর বাসায় আজ সোমবার হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ছাত্রলীগের নেতা-কর্মীরা এ হামলা চালিয়েছে বলে বিএনপির নেতা-কর্মী ও পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। ধানমন্ডি থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ বেলাল হোসেনের দাবি, হরতালের সমর্থনে নেতা-কর্মীরা আবদুল মান্নানের বাড়ির সামনে আজ সকাল থেকে জড়ো হতে থাকেন। সকাল সাড়ে ১০টার দিকে তারা মিছিল বের করতে গেলে পুলিশ বাধা দেয়। পুলিশের বাধার পর তারা আবদুল মান্নানের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে। এ সময় কয়েকটি মোটর সাইকেলে করে একদল যুবক ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে সেখানে এসে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা চালায়। নেতা-কর্মীরা আবদুল মান্নানের বাড়ির ভেতরে আশ্রয় নেয়। বাইরে থেকে তখন বাড়ি উদ্দেশ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে আবদুল মান্নান আহত হন। দুই তলা বাড়ির সাত থেকে আটটি জানালার কাঁচ ভেঙে যায়। ওই যুবকেরা গাড়ির কাঁচও ভাঙচুর করে। তাঁদের দাবি, ওই যুবকেরা ছাত্রলীগের কর্মী। তবে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, মোটর সাইকেলে করে কয়েকজন যুবক আবদুল মান্নানের বাড়ির সামনে এলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় আবদুল মান্নানের বাড়ির ভেতর থেকে যুবকদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। যুবকরাও পাল্টা ইট-পাটকেল ছোড়ে।