আবদুল হামিদ নতুন রাষ্ট্রপতি, কাল শপথ
জাতীয় সংসদের স্পিকার মো. আবদুল হামিদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। গতকাল সোমবার মনোনয়নপত্র বাছাই শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ একমাত্র প্রার্থী আবদুল হামিদকে নির্বাচিত ঘোষণা করেন। সিইসি বলেন, ‘একমাত্র প্রার্থী হওয়ায় আবদুল হামিদকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেশের ২০তম রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করছি।’ তিনি আরও জানান, আবদুল হামিদ রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার সঙ্গে সঙ্গে সংসদের স্পিকারের পদ ও কিশোরগঞ্জ-৪ সংসদীয় আসন শূন্য ঘোষিত হবে।২৪ এপ্রিল, বুধবার নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে। এ বিষয়ে গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের বলেন, রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ঘোষণার পরপরই নির্বাচন কমিশন সচিবালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ সাদিক স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি নির্বাচন আইন ১৯৯১-এর ধারা-৭ এবং রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালার বিধি ১২-এর ৬ উপধারা অনুসারে নির্বাচন কমিশনারের ঘোষণা মোতাবেক মো. আবদুল হামিদ বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। এর আগে গত রোববার তোফায়েল আহমেদের নেতৃত্বে আওয়ামী লীগের সংসদীয় দলের প্রতিনিধিরা আবদুল হামিদের পক্ষে নির্বাচন কমিশনে গিয়ে মনোনয়নপত্র জমা দেন। তফসিল অনুযায়ী গতকাল মনোনয়নপত্র বাছাই করা হয়। নির্বাচনে ভোট গ্রহণের তারিখ ছিল ২৯ এপ্রিল। কিন্তু একজন মাত্র প্রার্থী হওয়ায় কমিশন গতকালই আবদুল হামিদকে নির্বাচিত ঘোষণা করে। ৬৯ বছর বয়সী আবদুল হামিদ কিশোরগঞ্জ থেকে সাতবার সংসদ সদস্য নির্বাচিত হন। দুই দফায় তিনি স্পিকারের দায়িত্ব পালন করেন। মো. জিল্লুর রহমানের মৃত্যুর পর তিনিই দেশের অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে আসছেন। সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি আগামী পাঁচ বছর দায়িত্বে অধিষ্ঠিত থাকবেন।আবদুল হামিদ ১৯৪৪ সালের ১ জানুয়ারি কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কামালপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৫৯ সালে ছাত্রলীগে যোগদানের মাধ্যমে তাঁর রাজনৈতিক জীবন শুরু হয়। তিনি ১৯৭০ সালের নির্বাচনে ময়মনসিংহ-১৮ আসন থেকে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হন। এরপর তিনি ১৯৭৩, ১৯৮৬, ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি সপ্তম সংসদে ১৯৯৬ সালের ১৩ জুলাই থেকে ২০০১-এর ১০ জুলাই পর্যন্ত ডেপুটি স্পিকার, ২০০১-এর ১১ জুলাই থেকে ২৮ অক্টোবর পর্যন্ত স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ বর্তমান সংসদে তিনি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতি হিসেবে চলতি বছর তিনি স্বাধীনতা পদক পান।