আবদুল্লাহ আবু সায়ীদ সম্পর্কে অশালীন বক্তব্য বাদ দেওয়ার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ সম্পর্কে কটূক্তি ও অশালীন ভাষায় দেওয়া বক্তব্য সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছেন টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সুলতানা কামাল।আজ মঙ্গলবার সকালে রাজধানীর বিএমএ মিলনায়তনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে সুলতানা কামাল এ দাবি জানান। সুলতানা কামাল বলেন, ‘ডেপুটি স্পিকার শওকত আলী এ ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন। এ জন্য আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ। জানি না, এ জন্য শওকত ভাইকে জবাবদিহি করতে হয় কি না। কিন্তু এসব বক্তব্য এখনো বাদ দেওয়া হয়নি। আশা করি সংসদ এর দায়িত্ব নেবে।’অসত্য তথ্যের ওপর ভিত্তি করে জাতীয় সংসদে টিআইবি ও সংস্থার ট্রাস্টি বোর্ডের সদস্য অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ সম্পর্কে কটূক্তি করায় নিজেদের অবস্থান সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়। এতে গত শনিবার সনাক ও ইয়েস সম্মেলনে দেওয়া অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বক্তব্যের ভিডিও দেখানো হয় এবং এর অনুলিপি সাংবাদিকদের দেওয়া হয়। এর কপি গত সোমবার জাতীয় সংসদে স্পিকার, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী এবং যেসব সাংসদ বক্তব্য দিয়েছেন, তাঁদেরও দেওয়া হয়েছে বলে জানানো হয়।আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, ‘সে দিন ওই অনুষ্ঠানে আমি কোনো দেশের নাম, কোনো দেশের মন্ত্রী বা সাংসদের নাম উচ্চারণই করিনি। অথচ, এমনভাবে বলা হলো যে আমাকে ১৬ কোটি মানুষের কাছে মাফ চাইতে হবে। তাঁকে ধরে নিয়ে আসো...। তিনি বলেন, হঠাত্ করে ঢালাওভাবে বলে দেব, সব দুর্নীতিবাজ। বোধহয় এতটা মাথা নষ্ট হয়নি। বুড়ো হয়েছি, কিন্তু ন্যূনতম শিক্ষা ও রুচি তো আছে। এত বড় কথা আমি বলতে পারি না।’আবু সায়ীদ বলেন, ‘কোনো কোনো সাংসদ বলেছেন, আমি দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দিয়েছি। কিন্তু খবর না নিয়ে তাঁরা দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দিয়ে আজ যে লজ্জা পাচ্ছেন, তাঁদের জন্য আমি মনে মনে দুঃখ অনুভব করছি।’আবু সায়ীদ সাতটি গণমাধ্যমে তাঁর বক্তব্যকে বিকৃত করার কথা উল্লেখ করে বলেন, ‘এতে যেকোনো মানুষেরই খেপে যাওয়ার কথা। এ জন্য সাংসদদের দোষ দেব না। কয়েকজন সাংসদ তপ্ত হয়ে খুবই আক্রমণাত্মকভাবে বললেন।’আবু সায়ীদ বলেন, আমাদের মনে রাখতে হবে, ‘গণতন্ত্র একটা জাতির শ্রেষ্ঠ সন্তানদের শাসন। আর সাংসদেরা হচ্ছেন শ্রেষ্ঠ সন্তান। তাঁদের কথা বলার ক্ষেত্রে দায়িত্ববান ও মর্যাদাসম্পন্ন হওয়া দরকার। বলার আগে সাংসদদের তথ্য নেওয়া উচিত ছিল—আসলে কী বলা হয়েছিল। আমার খুব খারাপ লেগেছে, একটিবারও কেউ জানতে চাইল না, জিজ্ঞেস করল না, অনুসন্ধান করল না।’‘একজন শিক্ষকের এত গাড়ি-বাড়ি থাকার কথা নয়’, শেখ ফজলুল করিম সেলিমের এ বক্তব্যের উল্লেখ করে আবু সায়ীদ বলেন, ‘এ বক্তব্যে আমি খুব কষ্ট পেয়েছি। আমার কোনো গাড়ি-বাড়ি নেই। আমি দুই কামরার একটি বাসায় ভাড়া থাকি। আরেকটু বলতে গেলে, ম্যাগসাইসাই পুরস্কারটা না পেলে, সম্ভবত রক্ত পরীক্ষার টাকাটাও থাকত না।’ তিনি বলেন, ‘আরেকটা জিনিস খারাপ লেগেছে, তাহলো যাঁরা আক্রমণ করেছেন, তাঁদের ভাষা। তাঁরা আমার বয়সে অর্ধেক। অনেক কঠিন কঠিন কথাও পরিশীলিতভাবে বলা যায়।’টিআইবির পক্ষ থেকে বক্তব্যের ভিডিও ও অনুলিপি পাঠানোর পর কোনো সাংসদ দুঃখ প্রকাশ করেছেন কি না, সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে আবু সায়ীদ বলেন, ‘কেউ সরি বলেননি। মনে হয়, আমাদের সংস্কৃতিতে এখনো জিনিসটি ওভাবে আসেনি’।সুলতানা কামাল বলেন, ‘সংবিধানের কোথায় বলা আছে, নির্বাচিত জনপ্রতিনিধিদের কোনো সমালোচনা করতে পারব না।’ তিনি বলেন, সংবিধানে বলা হয়েছে, দেশের মালিক জনগণ। এই মালিকানার চেতনা এসেছে একুশে থেকে, মুক্তিযুদ্ধের চেতনা থেকে। সুলতানা কামাল বলেন, ‘আমার দেশে যদি কোনো অনিয়ম হয়, কেউ দুর্নীতি করে, ক্ষমতার অপব্যবহার করে; তাহলে যত বড় ঝুঁকিই মাথার ওপর থাকুক, আমি এর প্রতিবাদ করবই। যদি না করি, তাহলে যেন আমরা কখনো একুশের চেতনা, মুক্তিযুদ্ধের চেতনার কথা না বলি।’সংসদ, গণতন্ত্র নিয়ে টিআইবিকে কথা বলার অধিকার কে দিয়েছে, সাংসদের এ বক্তব্যের জবাবে টিআইবি বলেছে, সুশাসনের পক্ষে জনমত তৈরিতে যে ধরনের গবেষণা ও অ্যাডভোকেসি কার্যক্রম টিআইবি পরিচালনা করে থাকে, এতে সংসদের কার্যকারিতা বা গণতান্ত্রিক চর্চার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কথা না বলাই বরং অসংগত হবে। তা ছাড়া সংবিধানের ৭(১) অনুযায়ী জনগণ সব ক্ষমতার উত্স এবং ২১(১) অনুচ্ছেদ অনুযায়ী জনগণের দায়িত্ব পালনের যে বাধ্যবাধকতা রয়েছে, তা জনগণের পক্ষ হয়ে টিআইবি পালন করছে এবং এর অনুমতি সরকারই দিচ্ছেন বিধায় টিআইবির কর্মকাণ্ডের এখতিয়ার অত্যন্ত পরিষ্কার।গত শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে টিআইবি আয়োজিত সনাক ও ইয়েস সম্মেলনে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ দুর্নীতি সম্পর্কে বক্তব্য দেন। পরদিন (৩ জুন) জাতীয় সংসদে কয়েকজন সাংসদ আবদুল্লাহ আবু সায়ীদ ও টিআইবিকে আক্রমণ করে বক্তব্য দেন।