আবদুল্লাহ আবু সায়ীদকে ক্ষমা চাইতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংসদ অবমাননা ও সাংসদদের বিশেষ অধিকার ক্ষুণ্নের অভিযোগে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদকে সংসদে তলব করা হতে পারে। আজ রোববার সংসদ অধিবেশনে সভাপতিত্বকারী সভাপতিমণ্ডলীর সদস্য আলী আশরাফ এই সিদ্ধান্ত দেন। আলী আশরাফ বলেন, আবদুল্লাহ আবু সায়ীদকে তাঁর মন্তব্যের জন্য সংসদে এসে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে। এ জন্য সাংসদদের কাছ থেকে বিশেষ অধিকার ক্ষুণ্নের নোটিশ আহ্বান করেন তিনি।অনির্ধারিত এই আলোচনার সূত্রপাত করেন স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম। তিনি জানান, গতকাল শনিবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) একটি অনুষ্ঠানে একজন বুদ্ধিজীবী সাংসদ ও মন্ত্রীদের চোর-ডাকাত বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, ‘একজন বুদ্ধিজীবী দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেছেন। তাঁর এ বক্তব্য দুঃখজনক। এসব বক্তব্য গণতন্ত্রের জন্য সুফল বয়ে আসবে না। আমরা এখানে জনগণের রায় নিয়ে এসেছি। অনেকেই আছি যাঁরা বারবার নির্বাচিত হয়েছি। আমরা কেউ ধোয়া তুলসী পাতা নই। ভুলভ্রান্তি থাকতে পারে। সে জন্য আইন আছে। ভুল করলে জনগণ বিচার করবে। গত নির্বাচনে আমরা তা দেখেছি।’এ সময় জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নু বলেন, ‘উনি (ফজলুল আজিম) নামটা বললেন না। এ মন্তব্য করেছেন অধ্যাপক আবু সায়ীদ। দেশের সব অর্জনের পেছনে রাজনীতিবিদদের ভূমিকা রয়েছে। জনগণ ভোট দিয়ে সাংসদদের নির্বাচিত করেছেন। আবু সায়ীদকে আমরা শ্রদ্ধা করি। কিন্তু এই বক্তব্যের মাধ্যমে তিনি ভোটারদের অবমাননা করেছেন। এরপর শেখ ফজলুল করিম সেলিম বলেন, এই বক্তব্য গণতন্ত্র এবং সংসদের ওপর আঘাত। বুদ্ধিজীবীরা জাতির বিবেক হয়েছে। বিপদে তাঁদের টিকিটিও খুঁজে পাওয়া যায় না। কোনো মন্ত্রীর বিরুদ্ধে যদি অভিযোগ থাকে, তবে প্রমাণসহ উপস্থাপন করেন। সেই মন্ত্রী পদত্যাগ করবেন। কিন্তু ঢালাও অভিযোগ করা যাবে না। আওয়ামী লীগের এই সাংসদ অর্থমন্ত্রীর উদ্দেশে বলেন, যেসব বুদ্ধিজীবী সরকারের সমালোচনা করেন, তাঁদের আয়ের উত্স কী, তা খতিয়ে দেখেন। এক-এগারোতে তাঁরা কী করেছেন, তা আমাদের জানা আছে। একজন শিক্ষক এত দামি গাড়িতে কী করে চড়েন। নির্বাচিত সরকার থাকলে তাঁদের মাথা খারাপ হয়ে যায়। অনির্বাচিত সরকার থাকলে তাঁরা পদ পান। এক-এগারোর পর ব্যবসায়ী, ছাত্র, শিক্ষকদের যখন গ্রেপ্তার করা হয়, তখন তো তাঁরা একটি কথাও বলেননি। বরং সেই সরকারের প্রশংসা করেছেন।সবশেষে স্পিকারের আসনে বসা আলী আশরাফ সাংসদদের বক্তব্যকে যথার্থ বলে মন্তব্য করেন। তিনি বলেন, ‘এ দেশের মালিক হচ্ছে জনগণ। তারাই আমাদের নির্বাচিত করেছে। এ বক্তব্য নিঃসন্দেহে ভালো ইঙ্গিত নয়। গণতন্ত্রের আকাশে কালো মেঘ দেখা যাচ্ছে। সংসদকে অবমাননার মাধ্যমে দেশের জনগণ এবং সংবিধানকে অবমাননা করা হয়েছে। এতে সাংসদদের বিশেষ অধিকার ক্ষুণ্ন হয়েছে। এটা বিচ্ছিন্ন কোনো বক্তব্য নয়। সে জন্য তাঁকে (আবু সায়ীদ) বিশেষ অধিকার কমিটির মাধ্যমে নোটিশ করে আমরা এ সংসদে তলব করতে পারি। কমিটি সিদ্ধান্ত নেবে। একটা দৃষ্টান্ত স্থাপন করতে হবে। তাতে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। কারণ সংসদকে অবমাননা করার অধিকার কারও নেই।’