আবদুল্লাহপুরে ট্রাকচাপায় নারীসহ তিনজনের মৃত্যু
রাজধানীর আবদুল্লাহপুর বাইপাইল সড়কে গতকাল সোমবার গভীর রাতে ট্রাকের চাপায় তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে দুজন। নিহত ব্যক্তিরা হলেন পিয়ারা বেগম (৪৫), আমেনা বেগম (২২) ও সবুজ (৩০)। পুলিশ জানায়, আমেনা বেগমের ১১ মাস বয়সী ছেলে পিয়াস ডায়রিয়ার আক্রান্ত হওয়ায় গতকাল দিবাগত রাত দেড়টার দিকে তাকে নিয়ে ভ্যানে চড়ে আশুলিয়ার নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে যাচ্ছিলেন পিয়ারা বেগম, তাঁর স্বামী গোলাম মোস্তফা, পুত্রবধূ আমেনা বেগম। আবদুল্লাহপুর বাইপাইল সড়কের নরসিংহপুর এলাকায় পৌঁছানোর পর ইটবোঝাই একটি ট্রাক পেছন থেকে তাঁদের ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে পিয়ারা বেগম, আমেনা বেগম ও ভ্যানচালক সবুজের মৃত্যু হয়। আহত অবস্থায় গোলাম মোস্তফা ও পিয়াসকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) রবিউল আলম প্রথম আলো ডটকমকে জানান, ময়নাতদন্ত ছাড়াই লাশ আত্মীয়দের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ট্রাকটি আটক করা হলেও চালক পলাতক।