আবদুস সালাম পিন্টুর জামিন নামঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির মামলায় সাবেক উপমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় সহসভাপতি আবদুস সালাম পিন্টুর জামিন নামঞ্জুর করে তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল জ্যেষ্ঠ বিচারিক হাকিম জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ আদেশ দেন। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার অন্যতম আসামি আবদুস সালাম পিন্টুকে টাঙ্গাইলের এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে গতকাল সোমবার রাতে টাঙ্গাইল কারাগারে আনা হয়। আজ এই সাবেক উপমন্ত্রীকে আদালতে হাজির করা হলে তাঁর পক্ষে শতাধিক আইনজীবী জামিন প্রার্থনা করেন। আব্দুস সালাম পিন্টু এ সময় নিজেকে নির্দোষ দাবি করেন। তিনি বলেন, রাজনৈতিকভাবে হয়রানি করার লক্ষ্যে ঘটনার ১১ বছর পর তাঁর বিরুদ্ধে ভূঞাপুর থানায় স্থানীয় সাংসদ খন্দকার আসাদুজ্জামানের প্ররোচনায় এই মামলা করা হয়েছে। আবদুস সালাম পিন্টুর আইনজীবী আনিসুর রহমান জানান, ভূঞাপুর উপজেলার ভদ্রশিমুল গ্রামের আওয়ামী লীগের নেতা জাহিদুল ইসলাম ভূঁইয়া গত ১৩ অক্টোবর ভূঞাপুর থানায় মামলাটি করেন। এতে আবদুস সালাম পিন্টুসহ বিএনপির ১১ জন নেতা-কর্মীর বিরুদ্ধে চাঁদা দাবি, ভাঙচুর এবং গরু ও মুরগি চুরির অভিযোগ আনা হয়েছে। মামলায় ঘটনা উল্লেখ করা হয়েছে ২০০১ সালের ১ অক্টোবর। টাঙ্গাইলের সরকারি কৌঁসুলি (পিপি) এস আকবর খান জানান, আবদুস সালাম পিন্টুর নির্বাচনী এলাকা গোপালপুর-ভূঞাপুরে জোট সরকারের আমলে নির্যাতন-অত্যাচার হয়। এরই ধারাবাহিকতায় স্থানীয় আওয়ামী লীগের এক নেতার বাড়িতে পিন্টুর নির্দেশে ভাঙচুর, হামলা, লুটতরাজ চালানো হয়। যেহেতু তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য চাঁদাবাজির অভিযোগ রয়েছে, তাই আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।বেলা পৌনে ১১টার দিকে কঠোর নিরাপত্তার মধ্যে আবদুুস সালাম পিন্টুকে আদালতে আনা হয়। সকাল থেকে আদালত চত্বরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। জেলা জজ আদালত ভবনে প্রবেশের সব ফটক বন্ধ করে দেয় পুলিশ। আইনজীবী ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি।