আবদুস সালাম পিন্টুর মুক্তি দাবি করেছে তার পরিবার
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার অভিযুক্ত আসামি, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুস সালাম পিন্টুর নিঃশর্ত মুক্তি দাবি করেছে তার পরিবার। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানায়। সংবাদ সম্মেলনে আবদুস সালামের দুই মেয়ে, আইনজীবী ও বিএনপি নেতারা উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে পিন্টুর বড় মেয়ে নূর দিদা বিনতে সালাম দাবি করেন, তাঁর বাবা সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার। তাই উচ্চ আদালতের নির্দেশ থাকার পরও তাঁকে নতুন করে হয়রানিমূলক মামলায় রিমান্ডে নিয়ে নির্যাতন চালাচ্ছে। আবদুস সালামের দুই মেয়ে তাঁদের বাবার সুচিকিত্সা এবং রিমান্ডে না নিয়ে প্রয়োজন হলে জেল গেটে জিজ্ঞাসাবাদের জন্য সরকারের প্রতি অনুরোধ জানান। দুই মেয়ে দাবি করেন, তাঁদের বাবা সম্পূর্ণ নির্দোষ। ন্যায়বিচার হলে তিনি বেকসুর খালাস পাবেন। আইনজীবী সানাউল্লাহ মিয়া দাবি করেন, আবদুস সালাম পিন্টুকে অন্যায়ভাবে আটক রাখা হয়েছে। তাঁর বিরুদ্ধে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার কোনো অভিযোগ প্রমাণ হয়নি।