আবদুস সুবহানকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ
জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুহাম্মদ আবদুস সুবহানকে ৩০ সেপ্টেম্বর ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। আজ রোববার বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে দুই সদস্যের ট্রাইব্যুনাল (একজন অনুপস্থিত) এ আদেশ দেন।আদেশে বলা হয়, পাবনার একটি মামলায় ইতিমধ্যে আটক আবদুস সুবহানের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট (হাজির করার জন্য সমন) জারি করা হলো। তাঁকে ৩০ সেপ্টেম্বর এই ট্রাইব্যুনালে হাজির করতে হবে। এর আগে রাষ্ট্রপক্ষের আইনজীবী সুলতান মাহমুদ আবদুস সুবহানকে মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক করার আরজি জানান। তিনি বলেন, সুবহান একজন প্রভাবশালী ব্যক্তি। তিনি তদন্তে নানাভাবে বাধা দিচ্ছেন। চলতি বছরের ১৫ এপ্রিল তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। সুষ্ঠু ও কার্যকর তদন্তের স্বার্থে তাঁকে আটক রাখা দরকার বলে আরজিতে বলা হয়।পরে ট্রাইব্যুনাল তাঁকে হাজিরের এই তারিখ ধার্য করেন।গত বৃহস্পতিবার সকালে টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আবদুস সুবহানকে আটক করে। রাতে তাঁকে পাবনা জেলা কারাগারে নেওয়া হয়।টাঙ্গাইলের পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার জানান, আবদুস সুবহান পাবনার একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। তাই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।