আবর্জনা দিয়ে নারায়ণগঞ্জ শহরে স্বাগতম!
ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক দিয়ে নারায়ণগঞ্জ শহরে ঢোকার আগে ফতুল্লার লামাপাড়ায় খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের সামনে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পক্ষ থেকে আগন্তুকদের স্বাগতম জানাতে সড়কের দুই পাশে রয়েছে দুটি স্থায়ী তোরণ। ঢাকা থেকে যেতে ওই সড়কের বাঁ পাশের তোরণের নিচেই দেখা যায় আবর্জনার বিশাল স্তূপ। তাই আগন্তুকদের মনে হতে পারে, তাদের কি আবর্জনা দিয়ে নারায়ণগঞ্জ শহরে স্বাগত জানানো হচ্ছে!এই তোরণের পাশ দিয়ে যারা হেঁটে যায়, তাদের নাক-মুখ রুমালে ঢেকে রাখতে হয়। কারণ, আবর্জনার দুর্গন্ধে দম নেওয়া কঠিন। গিয়ে দেখা গেছে, বেওয়ারিশ কুকুর ও কাক সারা দিন আবর্জনার মধ্যে খাবার খোঁজে। নারায়ণগঞ্জ শহরের ময়লা-আবর্জনার একটি বিরাট অংশ সিটি করপোরেশন এখানে এনে ফেলে। সংযোগ সড়কটির পূর্ব পাশে স্টেডিয়াম। পশ্চিম পাশের জলাশয়ে সিটি করপোরেশন ময়লা-আবর্জনা ফেলছে। আশপাশে জনবসতি কম থাকায় স্থানীয় লোকজনের অসুবিধা কম হলেও সড়কে সব সময় যানবাহন চলাচল করে।নারায়ণগঞ্জ শহরের তোরণে এভাবে আবর্জনার স্তূপ থাকার বিষয়টি ভালো চোখে দেখছেন না শহরের সচেতন বাসিন্দারা। তাঁদের মতে, রপ্তানিমুখী নানা শিল্পের জন্য দেশের গুরুত্বপূর্ণ একটি শহর নারায়ণগঞ্জ। এখানে রপ্তানিকারী প্রতিষ্ঠানগুলোতে বিদেশি ক্রেতারা নিয়মিত আসেন। ঢাকা থেকে নারায়ণগঞ্জ শহরে ঢোকার সময় এভাবে আবর্জনা দেখলে তাঁদের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি হয়। এ নিয়ে প্রায়ই বিব্রতকর অবস্থায় পড়তে হয় বলে একাধিক ব্যবসায়ী অভিযোগ করেন।তোরণের নিচে এভাবে আবর্জনা রাখা হচ্ছে কেন, জানতে চাইলেনারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহীকর্মকর্তা এ বি এম আমিনুল্লাহ নূরী জানান, বিকল্প কোনো জায়গা না থাকায় তাঁরা বাধ্য হয়ে সেখানে আবর্জনা রাখছেন। তবে শহরের আবর্জনা পরিবহন ও তা ডাম্পিংয়ের ব্যবস্থা উন্নত করতে বর্তমানে তাঁরা সমীক্ষা চালাচ্ছেন। এ প্রক্রিয়ার মধ্য দিয়ে ভবিষ্যতে বর্জ্য ব্যবস্থাপনা সুন্দরভাবে করা হবে। আপাতত তোরণের নিচেই আবর্জনা থেকে যাচ্ছে—এমনটাই বোঝা গেল তাঁর কথা থেকে।