আবর্জনার ভাগাড় দেখে দিঘি চেনা!
নগরের অধিকাংশ পুকুর-দিঘি ময়লা-আবর্জনায় ঠাসা, তবে নগর-পরিকল্পনাবিদেরা এসব পুকুর-দিঘির আবর্জনায় গাদাগাদি হওয়ার কারণ সম্পর্কে জানিয়েছেন, আবর্জনা ফেলে ধীরে ধীরে পুকুর-দিঘিগুলোর দখলপ্রক্রিয়া চূড়ান্ত করার কাজ চলছে। যেকোনো জলাশয় ভরাটের আইনগত বাধা থাকায় দখলদারেরা এভাবেই কৌশলে দখলপ্রক্রিয়া চালাচ্ছেন বলে এলাকাবাসী অভিযোগ করেছেন।নগরের মজুমদার দিঘি, কালীবাড়ি দিঘি, মাছুদিঘি, ধোপাদিঘি, উপশহর ব্লকের পুকুরসহ বেশ কয়েকটি দিঘি ঘুরে ময়লা-আবর্জনা ফেলে সেগুলো দখল করার চিত্র দেখা গেছে। এ ছাড়া নগরের বিভিন্ন এলাকার আরও ২০টি পুকুরে ময়লার স্তূপ দেখা গেছে। এগুলোর অধিকাংশই ভরাট করে ইতিমধ্যে আবাসন প্রকল্পের কাজ শুরু হয়েছে। অথচ এগুলোই নগরের অন্যতম বড় দিঘি হিসেবে পরিচিত ছিল। কিন্তু বর্তমানে এই দিঘিগুলোর অধিকাংশ জায়গা বেদখল হয়ে পড়েছে। নগরের ঐতিহ্যবাহী কাজীদিঘিতে এলাকাবাসী গোসল ও থালাবাসন পরিষ্কারসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় কাজ করেন। অথচ বহুদিন ধরে সংস্কার না হওয়ায় দিঘিটি ময়লা-আবর্জনায় ভরে গেছে।নাম প্রকাশ না করার শর্তে এসব এলাকার একাধিক ব্যক্তি অভিযোগ করেছেন, সরকারি ও বেসরকারি উভয় জলাশয় ভরাটের ক্ষেত্রে পরিবেশ আইনে বাধ্যবাধকতা থাকায় দখলদারেরা বিভিন্ন কৌশল অবলম্বন করছে। ময়লা-আবর্জনা ফেলে দীর্ঘ সময় নিয়ে পুকুর-দিঘি ভরাট করা হচ্ছে। দখলদারেরা নিজেদের যাবতীয় বর্জ্য থেকে শুরু করে আশপাশের সব ধরনের বর্জ্য ফেলে ভরাট করে ফেলছে পুকুর-দিঘিগুলো। এতে করে একদিকে সংশ্লিষ্ট বিভাগগুলো খুঁজে পাচ্ছে না, কারা এভাবে ময়লা-আবর্জনা ফেলছে; অন্যদিকে এই কৌশল নেওয়ার কারণে দখলদারেরা ঠিকই নিজেদের উদ্দেশ্য হাসিল করে নিচ্ছে। ফলে প্রশাসন কোনো ধরনের আইনানুগ ব্যবস্থা নিতে পারছে না। এ কারণে কাজের কাজ কিছুই হচ্ছে না।অনুসন্ধানে জানা গেছে, গত পাঁচ বছরে সিলেটের প্রায় দেড় শতাধিক ব্যক্তিমালিকানাধীন পুকুর ভরাট করা হয়েছে। এসব জায়গায় গড়ে উঠেছে বহুতলবিশিষ্ট আবাসনব্যবস্থা। আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন ‘অঙ্গীকার’-এর বাংলাদেশের পরিচালকমণ্ডলীর সদস্য মইনুদ্দিন আহমদ জালাল জানান, পরিবেশসংশ্লিষ্ট দপ্তরগুলোর তেমন নজরদারি না থাকায় সিলেটে একের পর এক পুকুর-দিঘি ভরাট হচ্ছে। এখনো যে কয়েকটি জলাশয় রয়েছে, সেগুলো রক্ষা করতে না পারলে অচিরেই সেগুলোও ভরাট হয়ে যাবে। তাই এ ব্যাপারে সরকারি তৎপরতার পাশাপাশি পরিবেশবাদী সংগঠনগুলোকেও এগিয়ে আসতে হবে।