সারা বছর শহরটা এক রকম থাকে। আর পয়লা বৈশাখের দিন আরেক রকম। বাংলা নববর্ষের প্রথম দিনে এবারও ছিল সেই চিত্র। লোকজ বিনোদনের নানা উপকরণ নিয়ে মেতেছিল নগরবাসী। এর কোনোটা ছিল একেবারেই খাঁটি, আবার কোনোটা ছিল আধুনিক আদলে। পয়লা বৈশাখে উৎসবমুখর নগরে দেখা ছয়টি লোকজ বিনোদনের উপকরণ নিয়ে লিখেছেন মিল্লাত হোসেন, আজহার হোসেন, তানজিল আহমদ ও গাজী মুনছুর আজিজ। ছবি তুলেছেন মনিরুল আলম, সাহাদাত পারভেজ ও হাসান রাজা বায়োস্কোপরহস্যের খোঁজঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বর। এমনিতেই সব সময় তরুণ-তরুণীদের আড্ডায় মুখর থাকে জায়গাটি। তার ওপর আবার বাংলা বছরের প্রথম সকাল। ক্যাম্পাসের বাইরের অনেকেই এসেছেন নববর্ষকে বরণ করতে। এখানেই বড় একটা বাক্স নিয়ে দাঁড়িয়ে ছিলেন এক তরুণ। এর ওপরের ‘নব’ ঘোরাচ্ছিলেন তিনি। আর বাক্সের সামনের ছোট ফোকরে কেউ কেউ চোখ রাখছিলেন। উৎসাহী অনেকেই ভিড় করছেন, ‘ব্যাপার কী, ব্যাপার কী!’ বাক্সের ভেতরের রহস্য জানতে সবাই উন্মুখ। এই রহস্যের জিনিসটার নাম হচ্ছে ‘বায়োস্কোপ’। নগরে তো নেই-ই, গ্রামগঞ্জেও কেবল কালেভদ্রে চোখে পড়ে এই বিনোদন উপকরণ।বায়োস্কোপের ভেতরে বাংলাদেশের মানচিত্র, জাতীয় ফুল, ফল, পশুসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা, ব্যক্তিত্বসহ বিভিন্ন আলোকচিত্র ছিল। বায়োস্কোপের ওপরের ‘নব’ ঘোরালে একটার পর একটা ছবি আসতে থাকে। যখন টেলিভিশন ছিল না, ছিল না চলচ্চিত্র, তখন বিনোদনের ভালো একটি মাধ্যম ছিল এই বায়োস্কোপ। বিশেষ করে, ছোটরা এই বায়োস্কোপ দেখে অনেক মজা পেত। নববর্ষের প্রথম দিন হাকিম চত্বরে বায়োস্কোপ চেনা ও দেখার সুযোগ মিলেছে। যদিও এই বায়োস্কোপ পেশাদারি কোনো বায়োস্কোপ ছিল না। কিন্তু তাতে কী, বায়োস্কোপের সব রহস্যই ছিল এতে। ঘোড়া নাচঘোড়ায় চড়িয়া মর্দ...কাঠের ঘোড়ার সাজানো মুখটাই কেবল দেখা যাচ্ছে। শরীরের বাকিটা কাপড় দিয়ে মোড়ানো। মাঝে একজন মানুষ। দূর থেকে মনে হবে, লোকটা ঘোড়ার পিঠে বসে আছে। আসলে তিনি দাঁড়ানো। ঘোড়ার পিঠের ফোকরে শরীর ঢুকিয়ে তিনিই বহন করে চলেছেন কাঠের ঘোড়া। ‘ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল...’ কথাটি এখানে একেবারে মিলে যায়। লোকটির মাথায় মুকুট। কী যে মেখে মুখটা সাদা করে রেখেছেন। পুরুষ মানুষটি অনেকটা মেয়েলি সাজে সেজেছেন। ব্যান্ড-বাদ্যি বেজে উঠতেই ঘোড়া হেলিয়ে-দুলিয়ে তিনি নাচছিলেন।যিনি ঘোড়া নাচ করছিলেন তাঁর নাম অভিমান্য (৬৫)। ৩০ বছর ধরে তিনি ঘোড়া নাচ করছেন। বিয়ে, সুন্নতে খতনা ও আনন্দ মিছিলের মতো অনুষ্ঠানে ঘোড়া নাচের ডাক পড়ে বলে তিনি জানান।পয়লা বৈশাখের দিন শাহবাগের জাতীয় জাদুঘরের সামনের সড়কের ওপর লোকজন ভিড় করে দেখছিল ঘোড়া নাচ। ওই দিন ঘোড়া নাচের এই আয়োজন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছিল লোকনাথ ব্যান্ড পার্টি। তাদের সঙ্গে ছিল পালকি দল। দুটি দলই এসেছিল কেরানীগঞ্জ থেকে। নৌকাবাইচধানমন্ডি লেকে মাঝি-মাল্লাপয়লা বৈশাখের উৎসবের পালে নতুন যে জিনিসটা হাওয়া দিয়ে গেল, তা হচ্ছে ধানমন্ডি লেকের নৌকাবাইচ। বেলা সাড়ে তিনটার দিকে লেকের চারপাশে ছিল উপচেপড়া মানুষ। সবার চোখ বাইচের নৌকাগুলোর দিকে। পাঁচটি নৌকা সারি ধরে দাঁড়িয়ে ছিল। প্রতিটিতেই বইঠা হাতে বসে আছে সাতজন করে মাল্লা আর একজন মাঝি। বাঁশিতে ফুঁ শব্দ বাজতেই নৌকাগুলো ছুটতে শুরু করল। তখন মাঝি-মাল্লাদের উৎসাহ দিচ্ছিলেন পাড়ে দাঁড়িয়ে থাকা দর্শকেরা।নৌকাবাইচ ব্যবস্থাপনায় ছিল বাংলাদেশ রোইং ফেডারেশন। আর এর আয়োজক বেসরকারি মোবাইল ফোন অপারেটর বাংলালিংক। এতে খুলনা, সিলেট, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের পাঁচটি নৌকাবাইচ দল অংশ নেয়। প্রতিযোগিতায় খুলনা প্রথম, সিলেট দ্বিতীয় ও রাজশাহী তৃতীয় হয়।বাইচে প্রথম হওয়া খুলনা বিভাগ দলের দলনেতা মোহাম্মদ আলম মাঝি বলেন, ‘নৌকাবাইচ সাধারণত গ্রামাঞ্চলে নদীতে হয়। ঢাকা শহরে নৌকাবাইচ হওয়ায় আমরা গর্বিত।’নৌকাবাইচ দেখতে এসেছিলেন ধানমন্ডির বাসিন্দা রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘নৌকাবাইচ আমাদের ঐতিহ্য। ধানমন্ডি লেকের এই নৌকাবাইচ দেখে বেশ ভালোই লাগল। এই আয়োজনের কারণে নৌকাবাইচ নগরের নতুন প্রজন্মের কাছে পরিচিত হতে পারছে।’ পুতুলনাচনাচে-গানে ভরপুরছোট্ট একটা ঘর বানানো হয়েছে। ভেতরে লোকজনের সমাগম ভালোই। ঘরের ওপর লাগানো মাইকে বাজছে গান। সেসব গানের সুর ও কণ্ঠ দুটোই ভিন্ন। গানের তালে তালে ভেতরে চলছে নাচ। নাচ শেষে আবার হচ্ছে অভিনয়। এই নাচ আর গানে যারা সবাইকে মাতিয়ে রাখছে, তারা হচ্ছে পুতুল। হ্যাঁ, বৈশাখের আনন্দকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিতে এবারও বসেছিল পুতুলনাচের আসর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ ও বাংলা একাডেমী প্রাঙ্গণে আয়োজন করা হয় পুতুলনাচের।নিজের হাতে পুতুল বানানোর মজাই আলাদা। সেই পুতুল দিয়ে খেলা করার মজাটাও কম নয়। পুতুলকে ঘুম পাড়ানো কিংবা দুটো পুতুলকে বিয়ে দেওয়ার খেলাটা গ্রামের শিশুদের মধ্যে এখনো দেখা যায়। ‘পুতুল পুতুল’ খেলার স্মৃতিটা গ্রামে বেড়ে ওঠা সবার মনেই নাড়া দেয়। শহরের শিশুরা হয়তো পুতুল পেয়েছে, কিন্তু তা দোকান থেকে কেনা। যাহোক, পয়লা বৈশাখের দিন বয়স্করাও কিন্তু পুতুলনাচ দেখেছেন। পুতুলনাচের প্যান্ডেলে গিয়ে এমনটাই দেখা গেছে। চারুকলার পুতুলনাচ শেষ হয়ে গেছে। তবে বাংলা একাডেমী প্রাঙ্গণের পুতুলনাচ এখনো চলছে। পুতুলনাচ না দেখে থাকলে আজই ছুটতে পারেন। ২৩ এপ্রিল ওই আসরের পর্দা নামবে।অন্যদিকে ধূপখোলা মাঠের বৈশাখী মেলায় পুতুলনাচ নিয়ে এসেছে মুন্সিগঞ্জের ‘দি রয়েল পুতুলনাচ’ দল। তারা ঢাকায় কয়েক বছর ধরেই পুতুলনাচ দেখিয়ে আসছে। এই দলের কর্মী সন্ধ্যা রায় জানান, ঢাকায় পুতুলনাচের বেশ দর্শক আছে। ধূপখোলায় পুতুলনাচের আয়োজন শেষ হয়েছে গতকাল। লাঠি খেলাহাতে হাতে কসরতদুই হাতে দুটি লাঠি নিয়ে একের পর এক কসরত দেখিয়ে যাচ্ছেন। কত রকম ঢঙে যে লাঠি ঘুরিয়ে চলেছেন, তার হিসাব রাখাও দায়। কেননা লাঠিটা এত জোরে ঘুরছে যে মাঝেমধ্যে দেখাই যাচ্ছে না। একজনের কসরত শেষ হতেই আরও একজন এগিয়ে এলেন লাঠি হাতে। কোনো কথা নেই বার্তা নেই লাঠি দিয়ে আঘাত করতেই অন্যজন অবশ্য তাঁর লাঠি দিয়ে আঘাত ঠেকিয়ে দিলেন। এভাবেই দুজনের মধ্যে লাঠি-যুদ্ধ শুরু হয়ে গেল। সে এক কঠিন যুদ্ধ। কেউ পরাজয় মানতে রাজি নন। শেষে দুজনই অপরাজিত। তাঁরা ‘লাঠিয়াল’ বলে পরিচিত। তাঁদের দেখা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে। পয়লা বৈশাখ সকালে লাঠি খেলার আয়োজন করে তারবিহীন ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠান ‘কিউবি’।লাঠিয়াল বাহিনী এসেছিল কিশোরগঞ্জ জেলার বউলাই গ্রাম থেকে। বাহিনীর সরদার আহমদ আলী জানান, তাঁরা গ্রামের জমিদার বাড়ির লাঠিয়াল। বংশপরম্পরায় আছেন এই পেশায়। ছোটবেলা থেকেই বাপ-দাদার কাছে শিখেছেন লাঠি খেলার সব কসরত। বিভিন্ন সময় তাঁরা বিভিন্ন জায়গায় গিয়ে ঐহিত্যবাহী এ খেলা দেখিয়ে থাকেন।প্রতি বছর বৈশাখের প্রথম দিন তাঁরা ঢাকায় আসেন। এবারও এসেছেন ১০ জন সদস্য। আহমদ আলী বলেন, ‘শহরে খেলা দেখালে আলাদা একটা মজা পাওয়া যায়। এখানকার সবাই অনেক আগ্রহের সঙ্গে খেলা দেখে থাকে। লাঠি খেলা শহরের মানুষের কাছে আশ্চর্যের একটা বিষয়।’ সার্কাসটান টান উত্তেজনাগেন্ডারিয়ার ধূপখোলা মাঠে বসেছে বৈশাখী মেলা। দেশের বিভিন্ন এলাকা থেকে পণ্য নিয়ে এসেছেন দোকানিরা। বগুড়ার শেরপুর থেকে হুমায়ুন কবির নিয়ে এসেছেন অন্য কিছু। তাঁর সঙ্গে আছে ‘মৃত্যুকূপ মোটরসাইকেল’ নামের সার্কাস দল। মাইকে হুমায়ুন কবির হাঁক দেন, ‘হু-ভাই, দেখুন কী চমৎকার, সাহসী, শক্তিমান, বুদ্ধির খেলা।’ ঘোষণার ভঙ্গি কিংবা সার্কাসের প্রতি আকর্ষণে মানুষের ভিড়টা সার্কাসের প্যান্ডেলে লেগেই আছে।প্যান্ডেলের দুটো টিকিট কাউন্টারে ১০ টাকা দিয়েই মিলছে টিকিট। ভেতরে গিয়ে দেখা গেল মোটরসাইকেল দিয়ে খেলা চলছে। সার্কাসে এই খেলাকে বলে ‘মৃত্যুকূপ মোটরসাইকেল’। কাঠ দিয়ে বানানো গোলাকার কূপের ভেতর মোটরবাইক চালাচ্ছেন দুজন। আর গ্যালারিতে দর্শকদের হইহল্লা দেখে বোঝা যায়, তাঁরা খেলাটা দেখে মজা পাচ্ছেন।সার্কাস দলের আপেল নামের এক সদস্য দেখাচ্ছিলেন জাদু। তাঁর ভেলকি-বাজিতে মজেছিল একঝাঁক শিশু-কিশোর। ধূপখোলা মাঠের ভেতরে একটি ফুলদানিকে জলজ্যান্ত খরগোশ বানিয়ে ছেড়েছেন তিনি।‘মৃত্যুকূপ মোটরসাইকেল’ সার্কাস দলের স্বত্বাধিকারী হুমায়ুন কবির বলেন, ‘পয়লা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। এই উৎসবে নগরের মানুষ যাতে গ্রামীণ সার্কাসের আনন্দ পায়, তাই ঢাকায় এসেছি।’