আবহাওয়া অধিদপ্তরের জমিতে ব্যক্তিমালিকানার সাইনবোর্ড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে ১৯৫২ সাল থেকে আবহাওয়া অধিদপ্তরের মালিকানায় থাকা জমিতে শনিবার বিকেলে হঠাত্ করেই ব্যক্তিমালিকানার সাইনবোর্ড পোঁতা হয়েছে। তবে সাইনবোর্ডে মালিকের নাম-ঠিকানা নেই।খোঁজ নিয়ে জানা গেছে, জমির মালিকানার দাবিদার আফরোজ আলী নিজে জমির দখল বুঝে নিতে আসেননি। তিনি একটি আবাসন প্রতিষ্ঠানের কাছে জমির কাগজ বিক্রি করে দেন। কথিত ওই মালিকের দাবি, তাঁর পক্ষে উচ্চ আদালতের রায় রয়েছে।আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে এ ব্যাপারে সিলেট কোতোয়ালি থানায় শনিবার রাতেই একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এ ছাড়া অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।জানা গেছে, ওই জায়গার শতকপ্রতি বর্তমান দর প্রায় আট লাখ টাকা। কিন্তু কথিত মালিক আবাসন ব্যবসায়ীদের কাছে এক লাখ টাকায় প্রতি শতক বিক্রি করেছেন বলে প্রথম আলোকে জানিয়েছেন। আর ক্রেতা আবাসন ব্যবসায়ী মওদুদুল হকের নেতৃত্বে আটজন। তাঁরা প্রতি শতক চার লাখ টাকায় কিনেছেন বলে দাবি করেছেন।গতকাল রোববার সরেজমিনে দেখা গেছে, ব্যক্তিমালিকানা দাবি করে সাইনবোর্ডের পাশাপাশি আবহাওয়া অধিদপ্তরের ওই জায়গার প্রায় ৬৪ শতকে সীমানাখুঁটিও পোঁতা হয়েছে। স্থাপনা নির্মাণ করতে সেখানে রাখা হয়েছে ইটসহ বিভিন্ন নির্মাণসামগ্রী। সাইনবোর্ডে আদালত কর্তৃক ওই জমি ব্যক্তিমালিকানার বলে রায় প্রদান ও আবহাওয়া ইনচার্জকে ক্ষতিপূরণের নির্দেশ দেওয়ার কথা লেখা রয়েছে।আবহাওয়া অধিদপ্তরের সূত্র জানায়, ১৯৫২ সালে সিলেটের শাহী ঈদগাহ এলাকার ৭ দশমিক ৭৮ একর টিলা শ্রেণীর জমিতে আবহাওয়া অধিদপ্তরের কার্যালয় প্রতিষ্ঠা করা হয়। এর মাত্র প্রায় এক-দশমাংশ সীমানায় প্রাচীর রয়েছে। অধিদপ্তরের সূত্র বলেছে, সরকারি এ জায়গা ব্যক্তিমালিকানা দাবি করে সিলেট আদালতে স্বত্ব মামলা চলছে। এ অবস্থায় উচ্চ আদালত থেকে ভূমির স্বত্ব পেয়েছেন বলে দাবি করেছেন নগরের কাজিটুলা এলাকার আফরোজ আলী।প্রত্যক্ষদর্শীরা বলেছেন, সাইনবোর্ড লাগানোর সময় ছাত্রদলের স্থানীয় কিছু ক্যাডারকে সেখানে দেখা গেছে। এ জন্য কেউ বাধা দিতে যায়নি। জানা গেছে, কথিত ক্রেতা মওদুদুল হক ছাত্রজীবনে সিলেট সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ছিলেন।মাত্র এক লাখ টাকায় কেন বিক্রি করেছেন—এ প্রশ্নের জবাবে আফরোজ আলী প্রথম আলোকে বলেন, ‘আমি ১৯ বছর ধরিই জায়গা নিয়ে লড়ছি। আর্থিকভাবে লুজার (ক্ষতি) হইছি। এর লাগি যা পাইছি, পানির দরেই বিক্রি করছি।’তবে জায়গার ক্রেতা মওদুদুল হকের দাবি, তিনি চার লাখ টাকা দরে ৬৪ শতকের মধ্যে ৪০ শতক জায়গা কিনেছেন।জমির সরকারি মালিকানা প্রসঙ্গে মওদুদুল হক বলেন, ‘আফরোজ আলী সম্প্র্রতি উচ্চ আদালত থেকে মালিকানা পাওয়ায় আইনজীবীদের সঙ্গে আলোচনা করে আমি এ জায়গা কিনেছি।’আবহাওয়া অধিদপ্তরের ইনচার্জ সাঈদ আহমদ চৌধুরী জানান, ১৯৫২ সালে কার্যালয় স্থাপনের রেকর্ডপত্র অনুসারে পুরো জায়গাটি আবহাওয়া অধিদপ্তরের বলে নথিভুক্ত রয়েছে। একে ব্যক্তিমালিকানার দাবি করায় সিলেটের সহকারী জজ আদালতে স্বত্ব মোকদ্দমা (নম্বর ৩৭১/২০০৭) এবং সিলেটের অতিরিক্ত দায়রা জজ (তৃতীয়) আদালতে সিভিল রিভিশন মোকদ্দমা (নম্বর ১০০/২০০৮) বিচারাধীন। এ অবস্থায় জায়গার দখল নেওয়া আদালত অবমাননার শামিল।সিলেট কোতোয়ালি থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আনিস রহমান প্রথম আলোকে জানান, আবহাওয়া অধিদপ্তর থেকে সাধারণ ডায়েরি করার পর একজন সহকারী উপপরিদর্শককে ঘটনাটি তদন্ত করে দেখার দায়িত্ব দেওয়া হয়েছে।