সারা বছর স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টি আর এখন অল্প সময়ে অতিবর্ষণ:
আবহাওয়ার এ অস্থিরতায় বেশি ক্ষতিগ্রস্ত উপকূল
অস্থির হয়ে উঠেছে আবহাওয়া। নিয়মের ধার ধারছে না। আবহাওয়ার অস্বাভাবিক আচরণে সবচেয়ে বেশি বিপর্যয়ের মধ্যে পড়েছে উপকূলবাসী। ভরা বর্ষায় বৃষ্টিহীন সময়ে আমন নিয়ে দুশ্চিন্তায় ছিলেন কৃষক। এ অবস্থার মধ্যে আশ্বিনের শেষ সপ্তাহে হয়ে গেল টানা দুই দিন বৃষ্টি। উপকূলে বৃষ্টির পরিমাণ ছিল সবচেয়ে বেশি। সারা দেশে কমবেশি একই চিত্র।এবার নিয়ে গত সাত মাসে বঙ্গোপসাগরে মোট ১৫ বার লঘু ও নিম্নচাপ সৃষ্টি হয়েছে। উপকূলে প্রায় ৪৫ দিন স্থানীয় সতর্কসংকেত দেখানো হয়েছে। সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বেড়ে যাওয়ায় বঙ্গোপসাগরে লঘু ও নিম্নচাপ বেড়েছে উল্লেখ করে বিশেষজ্ঞরা বলছেন, সামনের দিনগুলোতেও আবহাওয়ার এমন অস্থিরতা থাকবে।উপকূলজুড়ে দুই দিন ধরে অসময়ের বৃষ্টি আর ঝোড়ো হাওয়ার সঙ্গে যোগ হয়েছে অমাবস্যার প্রভাব। চাঁদের প্রভাবে ফুলে ওঠা পানি জোয়ারের সময় উপকূলে জলোচ্ছ্বাসের মতো পরিস্থিতি তৈরি করছে। ২০০৯ সালে ঘূর্ণিঝড় আইলা আঘাত হানার সময়ও অমাবস্যার প্রভাবে জলোচ্ছ্বাসের মাত্রা ছিল বেশি। তবে আবহাওয়া বিভাগ জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি দুর্বল হয়ে গেছে। নিম্নচাপটি শক্তিশালী না হলেও অমাবস্যার প্রভাবেই উপকূলীয় এলাকায় ক্ষয়ক্ষতি বেশি হয়েছে উল্লেখ করে বিশেষজ্ঞরা জানিয়েছেন, ২৫ বছরের মেয়াদ অতিক্রান্ত হওয়া আর চিংড়িচাষিদের অত্যাচারে জরাজীর্ণ বেড়িবাঁধগুলোতে প্রতিদিনই ভাঙন দেখা দিচ্ছে।দেশে ঘূর্ণিঝড় আঘাত হানার অতীত ইতিহাস পর্যালোচনা করে দেখা গেছে, অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত সবচেয়ে বেশি ঘূর্ণিঝড় আঘাত হেনেছে। ফলে নভেম্বর পর্যন্ত নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আশঙ্কা থাকছে। সারা বছর স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টি আর অল্প সময়ে উপকূলে অতিবর্ষণ ও জলোচ্ছ্বাসের কারণে উপকূলবাসীর জীবন-জীবিকা বিপর্যস্ত হয়ে পড়েছে।জাতিসংঘের জলবায়ু পরিবর্তনসংক্রান্ত প্যানেলের (আইপিসিসি) কারিগরি অংশের সদস্য যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশি বিজ্ঞানী সালেমুল হক এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বের আবহাওয়ায় যে ধরনের পরিবর্তনের আশঙ্কা করা হয়েছিল, সেটাই ঘটছে। এই পরিবর্তনের কারণে উপকূলীয় জনগণের জীবিকা সবচেয়ে বেশি হুমকির মুখে পড়বে। তাদের মাছ ধরার জন্য উন্নত নৌকা ও বিকল্প জীবিকার ব্যবস্থা করতে হবে বলে মন্তব্য করেন তিনি।এই বৃষ্টি আমন চাষিদের জন্য কিছুটা স্বস্তি নিয়ে এলেও সামগ্রিকভাবে এ বছর বৃষ্টির ঘাটতি রয়েই যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কৃষিসহ বিভিন্ন কাজে ভূগর্ভস্থ পানি উত্তোলনের ফলে যে ঘাটতি তৈরি হয়, তা এ বছরও পূরণ হবে না।সমুদ্রে তাপমাত্রা বাড়ায় উপকূলে বৃষ্টি বেড়েছে: চলতি বছরের মৌসুমি বৃষ্টিপাতের পরিমাণ পর্যবেক্ষণ করে আবহাওয়া অধিদপ্তর বলছে, এ বছর স্বাভাবিকের তুলনায় ২৬ শতাংশ বৃষ্টিপাত কম হয়েছে। ঢাকা ও চট্টগ্রামের তুলনায় উপকূলীয় এলাকাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ ছিল প্রায় দ্বিগুণ। তবে শুধু সিলেটে স্বাভাবিকের তুলনায় ১৬ মিলিমিটার বেশি বৃষ্টিপাত হয়েছে। গতকাল রাজধানীতে বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৮৬ মিলিমিটার। নোয়াখালীর মাইজদী কোর্টে ২৯৬, পটুয়াখালীর খেপুপাড়ায় ২৪২ ও হাতিয়ায় ২১৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এ ছাড়া চাঁদপুরে ১৭৮, ফেনীতে ১৪৯ ও খুলনায় ১০১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া বিভাগ।বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজের (বিসিএএস) হিসাবে বৈশ্বিক পরিস্থিতির মতো বাংলাদেশেও গত ৫০ বছরে তাপমাত্রা বেড়েছে। ১৯৯৫ থেকে ২০১০ সাল পর্যন্ত সময়ে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড়গুলোর মধ্যে প্রায় প্রতিবছরই একটি বা দুটি উপকূলে এসে আঘাত হেনেছে।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের সহযোগী অধ্যাপক তৌহিদুল ইসলামের সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে উপকূলবর্তী বঙ্গোপসাগরের তাপমাত্রা গত ৫০ বছরে এক থেকে দেড় সেলসিয়াস বেড়েছে। উত্তরাঞ্চল ও সিলেটে তাপমাত্রা বাড়ার প্রবণতা এবং উপকূলীয় জেলা ও প্লাবনভূমিতে তাপমাত্রা বাড়ছে।স্বাভাবিকভাবে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা ২০ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াস থাকে উল্লেখ করে তৌহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, এই তাপমাত্রা ২৪ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াস হলেই তা লঘু ও নিম্নচাপে পরিণত হয়। তাপমাত্রা আরও বাড়লে সমুদ্রের ওই এলাকার ভূ-উপরিস্থ বায়ু হালকা হয়ে ওপরে উঠে যায় ও ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। এ কারণে উপকূলে বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়ার পরিমাণ বাড়ছে। তবু ভূগর্ভে পানির ঘাটতি: বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) চলমান সমীক্ষায় দেখা গেছে, ২০০৪ সালে মোট তিন হাজার ৫৯০ কোটি ঘনমিটার পানি মাটির নিচ থেকে উত্তোলন করা হয়েছিল। ২০০৯ সালে তা বেড়ে হয় চার হাজার ৬০০ কোটি ঘনমিটার।এ বছর ২৬ শতাংশ বৃষ্টিপাত কম হয়েছে, বন্যার স্থায়িত্বকালও কম ছিল। ফলে কৃষিকাজে পানি উত্তোলনের পরিমাণ বেড়েছে। বিশেষ করে পাট জাগ দেওয়া ও আমনের চারা রোপণের সময় বৃষ্টি কম হওয়ায় দেশের অনেক স্থানেই গভীর নলকূপগুলো চালু করা হয়। ফলে ভূগর্ভস্থ পানির স্তর আরও নিচে নামবে বলে আশঙ্কা করছে বিএডিসি। বিএডিসির সমীক্ষায় দেখা গেছে, গাজীপুরে ভূগর্ভস্থ পানির স্তর দেড় মিটার, নেত্রকোনায় দুই মিটার, কিশোরগঞ্জে স্থানভেদে দুই থেকে তিন মিটার, সাভার-ধামরাই এলাকায় এক থেকে দুই মিটার এবং যশোর ও ব্রাহ্মণবাড়িয়ায় এক থেকে দুই মিটার নিচে নেমে গেছে পানির স্তর। বিএডিসির ক্ষুদ্র সেচ তথ্যসেবা বিভাগের প্রধান ইফতেখারুল আলম প্রথম আলোকে বলেন, গভীর নলকূপ দিয়ে অতিরিক্ত পানি উত্তোলনের ফলে রাজধানীর ভূগর্ভস্থ পানির স্তরও নিচে নেমে যাচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে বৃষ্টিপাত কম হওয়ায় দেশের মধ্যাঞ্চলেও মাটির নিচের পানি এক থেকে দুই মিটার নিচে নেমে যাওয়ার প্রবণতা লক্ষ করা যাচ্ছে।