আবহাওয়ার পূর্বাভাস দিলেন প্রিন্স চার্লস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আজ বিকেলে স্কটল্যান্ডের বেশির ভাগ এলাকাজুড়ে ঠান্ডা ও আর্দ্র আবহাওয়া বিরাজ করবে। বয়ে যাবে বাতাস।’ হ্যাঁ, এটি প্রচলিত আবহাওয়ার পূর্বাভাস বটে, তবে তা কোনো সাধারণ ব্যক্তির মুখে উচ্চারিত হয়নি। গতকাল বৃহস্পতিবার বিবিসি টেলিভিশনে প্রচারিত আবহাওয়া-বিষয়ক অনুষ্ঠানে ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স চার্লস এই পূর্বাভাস আওড়েছেন। জলবায়ু পরিবর্তন ও পরিবেশ নিয়ে প্রিন্স চার্লসের বেশ আগ্রহ রয়েছে। জলবায়ু পরিবর্তন নিয়ে ‘হারমনি’ নামের একটি তথ্যচিত্রেও কণ্ঠ দিয়েছেন চার্লস। গত মাসে লন্ডনে এর প্রথম প্রদর্শনী হয়েছে।আবহাওয়া নিয়ে এই নেপথ্য ভূমিকায় থেমে থাকলেন না প্রিন্স চার্লস (৬৩)। গতকাল বিবিসি টেলিভিশনের স্টুডিওতে সরাসরি হাজির হয়ে পেশাদার পূর্বাভাসদাতার মতো আওড়ে গেলেন আবহাওয়ার খবর। স্ত্রী ক্যামিলাকে নিয়ে স্কটল্যান্ডে বেড়াতে গিয়ে এ ঘটনার জন্ম দেন চার্লস। দুজনে একসঙ্গে হাজির হন বিবিসির টেলিভিশন স্টুডিওতে। এ সময় ক্যামিলাও চার্লসের সঙ্গে আবহাওয়ার খবর পড়েন।আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার সময় পেশাদার ব্যক্তিরা যেভাবে মানচিত্র ব্যবহার করে তথ্য তুলে ধরেন, প্রিন্স চার্লসের মধ্যে সে ধরনের সপ্রতিভ আচরণ লক্ষ করা যায়। সঙ্গে নিজের জানা বাড়তি তথ্যও দেন তিনি। ক্যামিলার আবহাওয়ার খবর পড়া দেখে বিবিসির আবহাওয়াবিদ স্ট্যাভ ডানাওস মজা করে বলেন, তিনি তাঁর চাকরি নিয়ে শঙ্কিত।