আবহাওয়ার বৈরী আচরণ বিশ্বজুড়ে
বিশ্বজুড়ে বৈরী আচরণ করছে আবহাওয়া। ২০১০ সালের মাঝামাঝি সময় থেকে ধারাবাহিকভাবে দাবানল, বন্যা, তুষারঝড়, ঝড়-জলোচ্ছ্বাস ও শৈত্যপ্রবাহ বিশ্বজুড়ে লেগে আছে। আক্রান্ত হচ্ছে রাশিয়া, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ব্রাজিল, ইউরোপ, কলম্বিয়া, চীন, ভারত ও বাংলাদেশ। কয়েক বছর ধরেই পৃথিবীর বুকে আঘাত হানছে বৈরী আবহাওয়া। ২০০৭-এ সিডর, ২০০৯-এ আইলা, ২০১০-এ এক দিনে সর্বকালের রেকর্ড বৃষ্টিপাতের পর আট বছরের মধ্যে এবার সবচেয়ে তীব্র শীতের কবলে পড়েছে বাংলাদেশ।যদিও আবহাওয়া বিভাগ পূর্বাভাস দিয়ে জানিয়ে দিয়েছে, আজ শৈত্যপ্রবাহের তীব্রতা কমে আসবে। তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেড়ে শীতের দাপট কিছুটা কমবে। তবে চলতি মাসের শেষ সপ্তাহে আরেকটি শৈত্যপ্রবাহ আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।বৃহস্পতিবারের তুলনায় গতকাল শুক্রবার রাজধানীর তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। কাল ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল যশোরে ৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।সর্বশেষ ২০০৩ সালে একই তীব্রতা নিয়ে সারা দেশে শীত হানা দিয়েছিল। পরিবেশ ও জলবায়ু বিশেষজ্ঞরা মনে করছেন, গত দুই দিনে রাজধানীর তাপমাত্রা ৮.২ ও ৮.৪-এ নেমে এলেও প্রকৃত তাপমাত্রা আরও বেশি কমেছিল।ঢাকা শহরে জলাশয় কম থাকা, কংক্রিটের অবকাঠামো ও পিচঢালা রাস্তার কারণে এমনিতে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস অতিরিক্ত তাপমাত্রা অনুভূত হয় বলে মনে করেন জাতিসংঘের আন্তসরকার জলবায়ু পরিবর্তন-সংক্রান্ত প্যানেলের (আইপিসিসি) বিজ্ঞানী আহসানউদ্দিন আহমেদ। তাঁর মতে, বিশ্বজুড়ে আবহাওয়ার বৈরী আচরণের সঙ্গে বাংলাদেশে হঠাৎ করে শীতের তীব্রতা বেড়ে যাওয়ার সম্পর্ক আছে। আইপিসিসির চতুর্থ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল, বিশ্বের তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে আবহাওয়া রুদ্র রূপ ধারণ করবে। সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্রের বিজ্ঞানী সুজিৎ কুমার দেবশর্মার মতে, প্রায় প্রতি ৮ থেকে ১২ বছর পর পর আবহাওয়া রুদ্র রূপ নেয়। ’৯৮ সালের বন্যার পর ২০০৪ সালের বন্যা। ২০০৩ সালের তীব্র শৈত্যপ্রবাহের পর চলতি বছর তীব্র শৈত্যপ্রবাহ দেখা গেল। তবে এটা জলবায়ু পরিবর্তনের কারণে কি না, তা আরও পর্যালোচনা করে দেখতে হবে।ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আইনুন নিশাত প্রথম আলোকে বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে আবহাওয়া বৈরী হয়ে ওঠার প্রবণতা ২০০৭ সালের পর বেশি করে দেখা যাচ্ছে। আবহাওয়া বৈরী আচরণ করলে তার প্রভাব অন্য দেশেও পরোক্ষভাবে পড়ে। রাশিয়া বা অস্ট্রেলিয়ার গম উৎপাদন কম হলে আমাদের দেশে আটার দাম বেড়ে যায়। ফলে জলবায়ু পরিবর্তন পৃথিবীর বেশির ভাগ দেশকে ক্ষতিগ্রস্ত করছে। আর বাংলাদেশের মতো দরিদ্র দেশের ক্ষতির পরিমাণ আরও বেশি।গরম বছরের পর ঠান্ডা: গত ৩ ডিসেম্বর আবহাওয়াবিষয়ক বিশ্ব সংস্থা ডব্লিউএমও ২০১০ সালকে ১৫০ বছরের মধ্যে বিশ্বের সবচেয়ে গরম বছর হিসেবে চিহ্নিত করেছিল। এমনকি ২০০১ থেকে ২০১০ পৃথিবীর সবচেয়ে উষ্ণতম কাল। এই সময় পৃথিবীর তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে দশমিক ৪৬ ডিগ্রি সেলসিয়াস বেশি অনুভূত হয়েছিল। চীন, রাশিয়ার তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।প্রচণ্ড গরমের প্রভাবে ২০১০ সালের মাঝামাঝি সময়ে চির শীতের দেশ রাশিয়ায় শুরু হয় তীব্র দাবদাহ। শূন্যের নিচের তাপমাত্রায় অভ্যস্ত রাশিয়ার প্রকৃতি ও মানুষ হাড়ে হাড়ে টের পায় ৪২ থেকে ৪৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তীব্রতা। রাশিয়ার আগুনের আঁচ বাংলাদেশে: এক সপ্তাহের দাবানলে জ্বলে-পুড়ে ছারখার হয়ে যায় রাশিয়ার বন আর গমের মাঠ। রাশিয়া ও ইউক্রেন গম রপ্তানি বন্ধ করে দেওয়ায় বিপদে পড়ে বিশ্ব। জুলাই থেকে আগস্টের মধ্যে আন্তর্জাতিক বাজারে গমের দাম এক লাফে টনপ্রতি ২০০ ডলার পর্যন্ত বেড়ে যায়।বাংলাদেশের সঙ্গে রাশিয়ার সাত লাখ টন গম আমদানির চুক্তি বাতিল হয়। বুলগেরিয়া ও ইরান থেকে অতিরিক্ত দামে গম আনায় সরকারের খাদ্য আমদানিতে ভর্তুকি বাড়ে। দেশের অভ্যন্তরীণ বাজারে আটার দাম এক লাফে কেজিতে ১০ থেকে ১৪ টাকা পর্যন্ত বেড়ে যায়। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে গত এক বছরে আটার দাম ৪২ থেকে ৪৮ শতাংশ পর্যন্ত বেড়েছে। রাশিয়ার দুর্যোগের হলকা এসে পড়ে বাংলাদেশের বাজারে। রাশিয়ার দাবানলের ধকল সইতে না সইতে পাকিস্তানে শুরু হয় স্মরণাতীতকালের ভয়াবহতম বন্যা। ছয় মাস হতে চললেও সোয়াত উপত্যকা ওই বন্যার প্রভাবে এখনো ধুঁকছে। বিশ্ববাজারে চাল রপ্তানিও বন্ধ করে দেয় পাকিস্তান। ভিয়েতনাম ও কম্বোডিয়ায় মাঝারি বন্যায় চালের উৎপাদন যায় কমে। ফলে হঠাৎ করে আগস্ট থেকে ডিসেম্বরের মধ্যে বিশ্ববাজারে চালের দাম টনপ্রতি ৫০ থেকে ১০০ ডলার পর্যন্ত বেড়ে যায়।ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে ইউরোপজুড়ে শুরু হওয়া প্রবল তুষারপাত দেখে আবহাওয়াবিদেরা বললেন, এমন তুষারপাত গত এক যুগে দেখা যায়নি। তবে ২০০৯ সালেও ইউরোপজুড়ে প্রায় কাছাকাছি তীব্র তুষারপাত হয়েছিল। ২০১০-এর ডিসেম্বরে তা আরও তীব্র রূপ নিয়ে শীতপ্রধান দেশগুলোতে হানা দেয়।ইউরোপের তুষারপাতের দাপট শেষ হতে না হতেই বিশ্বের অপর প্রান্তের দেশ অস্ট্রেলিয়ায় শুরু হয় প্রবল বন্যা। দুই দিনে প্রায় ৫০০ মিলিমিটার বৃষ্টিপাতে শুষ্ক শহর ব্রিজবেন ডুবে যায় কোমরপানিতে। অস্ট্রেলিয়ার আবহাওয়া বিভাগ ও জলবায়ু বিশেষজ্ঞরা এরই মধ্যে এই বৃষ্টিপাতকে অস্বাভাবিক ও জলবায়ু পরিবর্তনের প্রভাব বলে উল্লেখ করেছেন।ব্রাজিলের চলমান বন্যায় এরই মধ্যে পাহাড়ি ঢল ও ভূমিধসে মৃতের সংখ্যা ৫০০ ছাড়িয়ে গেছে। ব্রাজিলের আবহাওয়া বিভাগ তীব্র বন্যার জন্য লা নিনাকে (আবহাওয়ার বিশেষ রূপ) দায়ী করেছেন। লা নিনা শক্তিশালী হলে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা ও জলীয় বাষ্পের পরিমাণ বাড়ে। ফলে বেশি বৃষ্টিপাত হয়ে বন্যা হয়ে থাকে।পৃথিবীর সবচেয়ে বেশি চিনি রপ্তানিকারক দেশ ব্রাজিলের এই বন্যার খবরে এরই মধ্যে বিশ্বের চিনির বাজারে দর বেড়ে গেছে। রাশিয়া ও ভারতে এ বছর চিনি উৎপাদন কম হওয়ায় এমনিতেই চিনির বাজার চড়া ছিল। ব্রাজিলের বন্যা চিনির বাজার আরও উত্তপ্ত করে দিয়েছে। টিসিবির হিসাবে গত এক সপ্তাহে দেশের চিনির দাম প্রায় ৮ শতাংশ বেড়েছে।আইনুন নিশাতের মতে, ভবিষ্যতে আবহাওয়া আরও বৈরী হয়ে উঠতে পারে। ফলে বাংলাদেশকে ওই বৈরী পরিবেশ-উপযোগী কৃষি ও অবকাঠামো গড়ে তুলতে হবে। সরকারকে সে অনুযায়ী প্রস্তুতি নিতে হবে।