আবাদি জমি কমছে প্রতিবছরই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে গড়ে প্রতিবছর এক লাখ ৪০ হাজার একর আবাদি জমি হারিয়ে যাচ্ছে। এসব জমিতে গড়ে উঠছে কল-কারখানা কিংবা বসতভিটা। নদীভাঙনের কবলে পড়েও কিছু জমি বিলীন হয়ে যাচ্ছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাব অনুসারে এ তথ্য পাওয়া গেছে। ফসলযোগ্য জমি নিয়ে বিবিএসের তৈরি করা সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০০৩ সালে দেশে আবাদি জমি ছিল প্রায় দুই কোটি একর। ২০০৮ সালে তা কমে এসে হয়েছে এক কোটি ৯৩ লাখ একর। অর্থাৎ গত পাঁচ বছরে আবাদি জমি কমেছে প্রায় সাত লাখ একর। এই হিসাবে গড়ে প্রতিবছর এক লাখ ৪০ হাজার একর করে আবাদি জমি কমে গেছে। ১৯৮৪ সালেও দেশে আবাদি জমির পরিমাণ ছিল দুই কোটি ২০ লাখ একর। এ অবস্থায় আবাদি জমি রক্ষায় নতুন একটি ভূমি ব্যবহার আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। সংসদের আগামী অধিবেশনে এ সংক্রান্ত বিল উপস্থাপন করা হবে বলে জানা গেছে। নতুন আইনে অনুমোদন ছাড়া আবাদি জমিতে অপরিকল্পিতভাবে ঘরবাড়ি বা শিল্প-কারখানা না করার কথা বলা আছে। ভূমি, কৃষি ও আইন মন্ত্রণালয় এই আইন প্রণয়ন নিয়ে কাজ করছে। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, প্রতিবছর যেভাবে আবাদি জমির পরিমাণ হারিয়ে যাচ্ছে তা উদ্বেগজনক। এ কারণেই ফসলি জমি রক্ষায় আইন করার কথা ভাবা হচ্ছে। ইতিমধ্যে এ বিষয়ে আন্তমন্ত্রণালয় বৈঠক করা হয়েছে। তিনি বলেন, ফসলি জমি রক্ষায় সরকার সচেষ্ট। কেননা, জমির পরিমাণ কমছে আর বাড়ছে মানুষ। এ অবস্থায় সরকারকে এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়া ছাড়া আর কোনো পথ নেই।বর্তমানে দেশে একটি ভূমি ব্যবহার নীতিমালা রয়েছে। ২০০১ সালে তৈরি এই নীতিমালায় আবাদি জমি নষ্ট না করার সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। কিন্তু এর কোনো বাস্তবায়ন না থাকায় ক্রমশ আবাদি জমি ফুরিয়ে আসছে। আবার নীতিমালাটি সেকেলে ধ্যানধারণার বলে এটির কার্যকারিতা নিয়ে রয়েছে নানা প্রশ্ন। এ নীতিমালায় বলা আছে, ‘বিসিক শিল্পনগরে স্থানসংকুলান হলে এর ১০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে অন্য কোনো ক্ষুদ্র বা কুটিরশিল্প স্থাপন নিরুৎসাহিত করতে হবে।’ অথচ দেশের অনেক বিসিক শিল্পনগরীতেই প্লট খালি থাকা সত্ত্বেও এর পাশেই গড়ে উঠেছে শিল্পপ্রতিষ্ঠান। নীতিমালায় দেশের কৃষিজমি, বনভূমি, পুকুর বা নদী এবং জলাশয় রক্ষা করে খাদ্যশস্য ও মাছের উৎপাদন বৃদ্ধি এবং বনভূমি সম্প্রসারণের কথা বলা আছে। অথচ ঢাকা মহানগরের চার পাশে বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা ও তুরাগ নদী এবং মহনগরের মধ্যে অসংখ্য পুকুর-জলাশয় ভরাট করে বিভিন্ন স্থাপনা নির্মাণের উদাহরণ রয়েছে। আর রাজউকের নতুন পরিধির মধ্যে গাজীপুর আর নারায়ণগঞ্জে এখন সবচেয়ে বেশি কৃষিজমি আর জলাশয় ভরাট করা হচ্ছে। ভূমি সংস্কার ও ভূমি উন্নয়ন বিষয়ে কর্মরত বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্টের (এএলআরডি) নির্বাহী পরিচালক শামসুল হুদা প্রথম আলোকে বলেন, অকৃষি জমির ওপর ঘরবাড়ি আর কল-কারখানা স্থাপনের মহোৎসবের কারণে প্রতিনিয়ত ফসলি জমি কমছে। এ ব্যাপারে শুধু আইন করলেই হবে না, তা কার্যকরও করতে হবে। খাসজমিও কমছে: কমছে কৃষি খাসজমির পরিমাণও। কৃষিকাজের জন্য ইজারা নিয়ে খাসজমি অকৃষি কাজেই ব্যবহূত হচ্ছে সবচেয়ে বেশি। আবার রাজনৈতিক ছত্রচ্ছায়ায় প্রভাবশালী ব্যক্তিরা খাসজমি দখল করে ঘরবাড়ি ও কল-কারখানা স্থাপন করছে। ভূমি মন্ত্রণালয়ের এক প্রতিবেদন অনুযায়ী, দেশে খাসজমির পরিমাণ প্রায় ৫০ লাখ একর। এর মধ্যে প্রায় ২০ লাখ একর কৃষি খাসজমি। তবে এর অন্তত ৮০ শতাংশ কৃষি খাসজমির ওপরই সরকারের নিয়ন্ত্রণ নেই। আর নিয়ন্ত্রণে আছে অর্থাৎ নিষ্কণ্টক কৃষি খাসজমির পরিমাণ মাত্র এক লাখ ৭৭ হাজার ৯০৭ একর পাঁচ শতাংশ। এর মধ্যে ৪৬৭২ দশমিক ৪৪১২ একর ইতিমধ্যে বন্দোবস্ত দেওয়া হয়েছে। ভূমিমন্ত্রী রেজাউল করিম এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, আবাদি জমি যাতে আর নষ্ট না হয় জেলা প্রশাসকদের মন্ত্রণালয় থেকে নির্দেশনা পাঠানো হয়েছে। নির্দেশনা অনুসারে, সরকারের অনুমোদন ছাড়া কেউ আবাদি জমির আকার বা প্রকার পরিবর্তন করতে পারবেন না। তিনি আরও জানান, সবার সঙ্গে আলোচনা করে এ বিষয়ে একটি সমন্বিত আইন করার পরিকল্পনা সরকারের রয়েছে।